কিংস্টন, ২৭ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লক্ষ্যটা সহজ ছিল না ওয়েস্ট ইন্ডিজের সামনে। তবে জয়ের লক্ষ্য ২৮৭ রানের হলেও প্রথম ইনিংসে শিবনারায়ণ চন্দরপলের লড়াইয়ের টাটকা স্মৃতি নিয়ে আশায় বুক বেঁধেছিল ক্যারিবীয়রা। সেই আশা ভেঙ্গে দিয়ে প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯৫ রানের মধুর এক জয় এনে দিয়েছেন স্টুয়ার্ট ক্লার্ক। ৩২ রানের বিনিময়ে ৫ উইকেট নিয়ে তিনিই ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস শেষ করে দিয়েছেন ১৯১ রানে। সেই সুবাদে তিন টেস্টের সিরিজে রিকি পন্টিংয়ের দল এগিয়ে গেছে ১-০ ব্যবধানে ।
অস্ট্রেলিয়ার জন্য মধুর জয়ই বটে। কিংস্টনের স্যাবাইনা পার্কে প্রথম চার দিন প্রায় সমান তালে লড়াই করে টেস্ট র্যাংকিংয়ের সেরা দলটির শ্রেষ্ঠত্বকে প্রশ্নবিদ্ধ করে তুলেছিল স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে ১৮ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে, ধুঁকতে ১৬৭ রান করা অস্ট্রেলিয়ার জন্য নিঃসন্দেহে লজ্জাজনক ঘটনা। সোমবার ম্যাচের শেষ দিনে সেই লজ্জাকে সঙ্গে নিয়ে মাঠে নামা অস্ট্রেলীয়রা প্রতিপক্ষের ওপরে ঝাঁপিয়ে পড়তে দেরি করেনি। ১ উইকেটে ৪৬ রান নিয়ে শুরু করা ক্যারিবীয়রা দিনের তৃতীয় ওভারেই হারিয়েছে রামনরেশ সারওয়ানকে। ১২ রান করে এক্সট্রা কাভারে অ্যান্ড্রু সাইমন্ডসের দুর্দান্ত ক্যাচে পরিণত হন
ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক। সারওয়ানকে ফেরানোর পর ডেভন স্মিথের উইকেটও ক্লার্কের। ২৮ রান করা স্মিথকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন তিনি।
সতীর্থকে এমন ধ্বংসযজ্ঞে মেতে উঠতে দেখে ব্রেট লি-ও হাত গুটিয়ে বসে থাকেননি। তার পর পর দুই বলে বাউন্ডারি মেরেছিলেন রুনাকো মর্টন। সেই ওভারেই মর্টনকে (৯) এলবিডব্লু করে প্রতিশোধ নিতে একটুও দেরি করেননি তিনি। তিন ওভার পর ডুইন ব্রাভোকে (০) সিলি মিড অনে মিশেল জনসনের ক্যাচ বানিয়ে স্বাগতিকদের আরেকটা ধাক্কা দেন ক্লার্ক। প্রথম ইনিংসে ব্রেট লি'র খাটো লেন্থের বলে মাথায় আঘাত পাওয়ার পরও দারুণ এক সেঞ্চুরি করেছিলেন চন্দরপল। কিন্তু এবার তিনিও ব্যর্থ। ১১ রান করে লি'কেই রিটার্ন ক্যাচ দিয়ে ফিরে যান চন্দরপল। ৮২ রানে ৬ উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজের আশাও তখনই শেষ।
তারপরও ড্যারেন স্যামিকে নিয়ে ৬৭ রানের জুটি গড়ে লড়াই চালানোর ইঙ্গিত দিয়েছিলেন দীনেশ রামদিন। কিন্তু রামদিনের (৩৬) রান আউটের পর শেষ হয়ে যায় সব প্রতিরোধ। ৩৫ রান করা স্যামিকে ফিরিয়ে ইনিংসে ৫ উইকেট পাওয়ার উল্লাসে মেতে ওঠেন ক্লার্ক। টেস্টে এটাই তার সেরা বোলিং পারফরম্যান্স। প্রথম ইনিংসে ৩ উইকেটের পর দ্বিতীয় ইনিংসেও এমন উজ্জ্বল পারম্যান্সে ক্লার্কই ম্যান অব দ্য ম্যাচ।
শুধু ম্যাচ -সেরার পুরস্কারই নয়, ম্যাচশেষে অধিনায়কের প্রশংসাতেও ভেসে গেছেন তিনি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ক্লার্কের প্রশংসায় পঞ্চমুখ পন্টিংয়ের উচ্ছ্বাসপূর্ণ মন্তব্য, "তার পারফরম্যান্সের প্রশংসা না করে কি পারা যায়? সত্যি এটা দারুণ এক অর্জন। বিশেষ করে এই ধরনের পরিস্থিতিতে নতুন বলে সে খুব বেশি বল করেনি বলেই অর্জনটা প্রশংসাধন্য।" এমনকি সর্বকালের অন্যতম সেরা পেসার গ্লেন ম্যাকগ্রার সঙ্গেও ক্লার্কের খানিকটা তুলনা করতে কার্পণ্য করেননি অস্ট্রেলীয় অধিনায়ক, "সে (ক্লার্ক) যেন অনেকটা দলে থাকা গ্লেনের (ম্যাকগ্রার) মতো। পরিস্থিতি যেমনই হোক না কেন, সে বল হাতে নেবে এবং জয়ের পথে এগিয়ে দেবে দলকে। দল যা চায় সেটাই সে দেবে দলকে।"
অস্ট্রেলিয়ার সঙ্গে গত ১৩ টেস্টে দ্বাদশ পরাজয়ে ওয়েস্ট ইন্ডিজ স্বাভাবিকভাবেই এখন শোকে মুহ্যমান। তবে এই শোকের মাঝেও ক্যারিবীয়দের জন্য সুখবর --- আগামী শুক্রবার থেকে অ্যান্টিগায় শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে ইনজুরি কাটিয়ে দলে ফিরছেন অধিনায়ক ক্রিস গেইল ও পেসার জেরম টেলর। এই দু জনকে জায়গা দিতে ১৪ জনের দল থেকে সরে দাঁড়াতে হয়েছে কিংস্টনেই টেস্ট অভিষিক্ত স্পিনার অমিত জগারনাথ ও অলরাউন্ডার রায়ান হাইন্ডসকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৪৩৭ঘ.
bdnews24