২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ ম্যাচে জিতে আশা বাঁচিয়ে রাখলো দিল্লী

সেমিফাইনালে ওঠার জন্য দু দলের কাছেই ভীষণ গুরুত্বপূর্ণ ছিল ম্যাচটা। শনিবার মহাগুরুত্বপূর্ণ সেই ম্যাচে মুম্বাই ইন্ডিয়ানসকে ৫ উইকেটে হারিয়ে শেষ চারে ওঠার আশা বাঁচিয়ে রেখেছে দিল্লী ডেয়ারডেভিলস। চতুর্দশ অর্থাৎ লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে সপ্তম জয় পাওয়া দিল্লী ১৫ পয়েন্ট নিয়ে আপাতত তৃতীয় স্থানে। অন্যদিকে দ্বাদশ ম্যাচে মুম্বাইয়ের এটা ষষ্ঠ পরাজয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2008, 05:18 PM

Updated : 26 Aug 2022, 01:53 PM

দিল্লী, ২৫ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেমিফাইনালে ওঠার জন্য দু দলের কাছেই ভীষণ গুরুত্বপূর্ণ ছিল ম্যাচটা। শনিবার মহাগুরুত্বপূর্ণ সেই ম্যাচে মুম্বাই ইন্ডিয়ানসকে ৫ উইকেটে হারিয়ে শেষ চারে ওঠার আশা বাঁচিয়ে রেখেছে দিল্লী ডেয়ারডেভিলস। চতুর্দশ অর্থাৎ লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে সপ্তম জয় পাওয়া দিল্লী ১৫ পয়েন্ট নিয়ে আপাতত তৃতীয় স্থানে। অন্যদিকে দ্বাদশ ম্যাচে মুম্বাইয়ের এটা ষষ্ঠ পরাজয়। দিল্লীর ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামা মুম্বাই দুর্দান্ত সূচনা পেয়েছে জয়াসুরিয়ার সুবাদে। তবে ৭ ওভারে বিনা উইকেটে ৭০ রান তুললেও অন্য ব্যাটসম্যানদের ব্যর্থতায় রানের গতি স্তিমিত হয়ে যায় টেন্ডুলকারের দলের। টেন্ডুলকারকে (১৮) বোল্ড করে মহেশ দিল্লীকে ব্রেক থ্রু এনে দেয়ার পর ডুইন স্মিথের (১৭) উইকেটও এই মিডিয়াম পেসারের। জয়াসুরিয়া অবশ্য ঝড় চালিয়ে যাচ্ছিলেন। ৪২ বলে ৫টি ছক্কা ও ৬টি বাউন্ডারিতে ৬৬ রান করা 'মাতারা হারিকেন'কে দিলশানের ক্যাচ বানিয়ে সেই ঝড় থামিয়ে দেন অমিত মিশ্র। এর পর অভিষেক নায়ার (১) ও শন পোলক (১৬) বেশি দূর যেতে না পারলেও রবিন উথাপ্পার (২৩ বলে দুটো ছক্কা ও ৫ বাউন্ডারিতে অপরাজিত ৪৬) ঝড়ো ইনিংস ৭ উইকেটে ১৭৬ রানে নিয়ে যায় মুম্বাইকে। উথাপ্পার জন্যই শেষ দুই ওভারে ৩১ রান পেয়েছে তারা। ৪ উইকেট পেলেও ৪ ওভারে ৩৬ রান দিয়েছেন মহেশ। মুম্বাইয়ের মতো ১৭৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা দিল্লী ঝড়ো সূচনা পেয়েছে শেবাগের কল্যাণে। পোলকের করা ইনিংসের প্রথম ওভারেই দুটি করে চার ও ছক্কায় দলকে ১৯ রান উপহার দেন দিল্লীর অধিনায়ক। তবে বেশি দূর যেতে পারেননি তিনি, পরের ওভারেই ৬ বলে ১৮ রান করে বোল্ড হয়েছেন নেহরার বলে। টুর্নামেন্টের এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক গৌতম গম্ভীরও বেশি দূর যেতে পারেননি, ১৯ রান করে আন্দ্রে নেলের বলে ক্যাচ দিয়েছেন ডুইন স্মিথকে। এরপর শিখর ধাওয়ান ও মনোজ তিওয়ারি দিল্লীর আশা বাঁচিয়ে রাখলেও স্মিথ পর পর দুই বলে ধাওয়ান (২৭) ও দিলশানকে আউট করে ম্যাচে ফিরিয়ে নিয়ে আসেন মুম্বাইকে। ২৯ বলে ৩৬ রান করা তিওয়ারিও রান আউট হয়ে গেলে বেশ বিপদে পড়ে যায় দিল্লী। সে সময় অর্থাৎ ১৫ ওভারে শেষে শেবাগের দলের স্কোর ছিল ৫ উইকেটে ১৩০ রান। তবে দীনেশ কার্তিক (৩২ বলে অপরাজিত ৫৬) ও ফারভিজ মাহারুফের (১৩ বলে অপরাজিত ২০) দুটো আক্রমণাত্মক ইনিংসে ১ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/০০০৪ঘ.