ঢাকা, ২৪ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- ৮ জুন থেকে ঢাকায় অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজের জন্য টিকেটের মূল্য নির্ধারিত হয়েছিল আগেই। শনিবার বিভিন্ন ক্যাটাগরির টিকেটের মূল্য তালিকা সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠেয় টুর্নামেন্টের প্রাথমিক পর্বের তিনটি ম্যাচের ভিআইপি গ্র্যান্ড স্ট্যান্ড, ক্লাব হাউজ, স্পেশাল এনক্লোজার এবং গ্যালারির টিকেটের দাম ধরা হয়েছে যথাক্রমে এক হাজার, পাঁচশো, চারশো এবং একশো টাকা। তবে ১৪ জুনের ফাইনাল দেখতে হলে এই টিকেটগুলোই বাড়তি দামে কিনতে হবে ক্রিকেটানুরাগীদের। ফাইনালের জন্য এই চার ধরনের টিকেটের দাম যথাক্রমে দেড় হাজার, সাড়ে পাঁচশো, সাড়ে চারশো এবং দেড়শো টাকা। ৫ জুন থেকে এবি ব্যাংকের নির্ধারিত শাখায় ত্রিদেশীয় সিরিজের টিকেট বিক্রি শুরু হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/২১৪১ঘ.
bdnews24