করাচি, ২২ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অন্ধকারাচ্ছন্ন জীবনে অবশেষে একটু আলোর রেখা দেখতে পেলেন সেলিম মালিক। ম্যাচ পাতানো কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে ২০০০ সালে তার ওপরে আজীবনের নিষেধাজ্ঞা জারি করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তানের সাবেক অধিনায়ক এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করলেও তা খারিজ করে দেয় নিম্ন আদালত। তবে বৃহস্পতিবার পাকিস্তানের সুপ্রিম কোর্ট আগামী দুই মাসের মধ্যে সিভিল কোর্টকে মালিকের আপিলের শুনানি আবারো করার নির্দেশ দিয়েছে।
আট বছর আগে ইংল্যান্ডের একটি ট্যাবলয়েডের দু জন সাংবাদিক ছদ্ম পরিচয় দিয়ে মালিককে ম্যাচ পাতানোর জন্য টাকা নিতে রাজি করিয়েছিলেন। দু পক্ষের কথোপকথন গোপনে রেকর্ডও করিয়ে নিয়েছিলেন ঐ দুই সাংবাদিক। এরপর সেই ট্যাবলয়েড তা ফাঁস করে দিলে হৈ-চৈ পড়ে যায় ক্রিকেট বিশ্বে। একটি কমিশন গড়ে ব্যাপারটা তদন্তের সিদ্ধান্ত নেয় পিসিবি। তদন্ত কমিটি মালিকের ম্যাচ পাতানোয় জড়িত থাকার প্রমাণ পাওয়ায় আজীবন নিষেধাজ্ঞার শাস্তি নেমে আসে তার জীবনে। যে শাস্তিতে ক্রিকেট খেলা তো বটেই, কোনো দলকে কোচিং করানো এবং ধারাভাষ্য দেয়ার ওপরেও নিষেধাজ্ঞা জারি হয় তার ওপরে।
১৭ বছর দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে ১০৩টি টেস্ট ও ২৮৩টি ওয়ানডে খেলা মালিক সুপ্রিম কোর্টের এই ঘোষণায় স্বাভাবিকভাবেই দারুণ খুশি, "আশা করি দুই মাসের মধ্যে নিষেধাজ্ঞার ওপরে একটা সিদ্ধান্ত জানতে পারবো। আমি শুধু ন্যায়বিচার চাই। আবারো বলছি আমি নির্দোষ। এই মামলা দীর্ঘ দিন ধরে চলছে। কিন্তু শুনানিতে আমার আপিলের সাফল্যের ব্যাপারে এখন আমি আত্মবিশ্বাসী।"
৪৫ বছর বয়সী মালিক তার খেলোয়াড়ি জীবন শেষ হয়ে যাওয়ার কথা স্বীকার করার পাশাপাশি কোচিংয়ের মাধ্যমে ক্রিকেটকে কিছু দেয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন। তবে সেই ইচ্ছাপূরণে সবার আগে মামলায় জিততে হবে তাকে। কারণ পিসিবি'র আইনি উপদেষ্টা তফাজ্জল রিজভি জানিয়ে দিয়েছেন মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মালিকের শাস্তিটা বহাল থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৭৪০ঘ.
bdnews24