ব্যাঙ্গালোর, ১৯ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যতই দিন যাচ্ছে আইপিএল-এ ততই পরাজয়ের বৃত্তে ঘুরপাক খাচ্ছে ব্যাঙ্গালোর রয়্যাল চ্যালেঞ্জার্স। সোমবারও তারা পরাজিত। ব্যাঙ্গালোরকে ৫ উইকেটে হারিয়ে সেমিফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রেখেছে দিল্লী ডেয়ারডেভিলস। দ্বাদশ ম্যাচে ষষ্ঠ জয় পাওয়া দিল্লীর সংগ্রহ ১২ পয়েন্ট। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলা ব্যাঙ্গালোর নবম পরাজয় দিয়ে যথারীতি পয়েন্ট তালিকায় সবার নিচে।
আইপিএল-এর সফলতম উদ্বোধনী জুটিই ১৫৫ রানের লক্ষ্যে খেলতে নামা দিল্লীর সহজ জয়ের ভিত গড়ে দিয়েছে। ব্যাঙ্গালোরের বোলারদের ওপর ঝড় বইয়ে দেয়া বীরেন্দর শেবাগ ও গৌতম গম্ভীর উদ্বোধনী জুটিতে মাত্র ৭ ওভারে ৯০ রান এনে দেন দলকে। ১৯ রানে ৪৭ রান করা শেবাগকে প্রবীন কুমার ফেরানোর পর গম্ভীরও বেশিক্ষণ টিকতে পারেননি, ৩১ বলে ৩৯ রান করে দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়েছেন তিনি। তবে তার আগে প্রথম ব্যাটসম্যান হিসাবে আইপিএল-এ ৫০০ রান করার কৃতিত্ব দেখিয়েছেন গম্ভীর। ১০০ রানে দ্বিতীয় ব্যাটসম্যান হিসাবে গম্ভীরকে ফেরানোর পর ডি ভিলিয়ার্সকে স্টেইন (২১) এবং দিলশান (৪) ও দীনেশ কার্তিককে (৬) কুম্বলে ফিরিয়ে দিয়ে ম্যাচে বেশ উত্তেজনা নিয়ে এসেছিলেন। তবে শিখর ধাওয়ান (১৬*) ও মাহারুফ (১৩*) ১০ বল হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন দিল্লী ডেয়ারডেভিলসকে।
এর আগে টস হেরে ব্যাট করতে নামা ব্যাঙ্গালোরকে ৭ উইকেটে ১৫৪ রানে পৌঁছে দিয়েছেন মূলত দুজন --- ৪২ বলে ৫২ করা গোস্বামী এবং ২৫ বলে ৪টি ছক্কায় ৪৭ রানে অপরাজিত থাকা মিসবাহ। ম্যাকগ্রা (২/১৫) ও মাহারুফের (২/১৩) দুর্দান্ত বোলিংয়ের জন্যই সংগ্রহটা বেশি বড় করতে পারেনি দ্রাবিড়ের দল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২৩৪৩ঘ.
bdnews24