লন্ডন, ১৮ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উদ্বোধনী জুটির ১২১ রান নিয়ে একসময় দারুণ শক্ত অবস্থায় তারা। তারপর নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় সেই ইংল্যান্ডের স্কোরই হয়ে গেল ৬ উইকেটে ২০৮। ম্যাড়ম্যাড়ে ড্রয়ের দিকে এগোতে থাকা লর্ডস টেস্টে কিছুটা প্রাণ ফিরেছিল। নিউজিল্যান্ডের ২৭৭ রানের প্রথম ইনিংসের চেয়ে তখনো ৬৯ রানে পিছিয়ে ইংল্যান্ড। সফরকারীদের সামনে লিড নিয়ে জয়ের চেষ্টা করার সুযোগ কি ছিল তখন? থেকে থাকলেও সেই সম্ভাবনা নস্যাৎ করেছেন মাইকেল ভন। তার অপরাজিত ৮৩ রানের সুবাদে চতুর্থ দিনের চা বিরতির পর ইংল্যান্ডের স্কোর ৭ উইকেটে ২৭৭। পৃথীবির সবচেয়ে স্বপ্নবিলাসী মানুষটিরও এখন আর এ ম্যাচে ফলাফল আশা করার কথা নয়।
শনিবার বৃষ্টির জন্য বলতে গেলে সারাদিনই খেলা হয়নি। তাই বিনা উইকেটে ৮৯ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছিল ইংল্যান্ড। রোববার ম্যাচের চতুর্থ দিনে অবশ্য প্রকৃতি বিরূপ আচরন করেনি। তাই অ্যালেস্টার কুক (৬১) আর অ্যান্ড্রু স্ট্রাউসের (৬৩) ফিফটির সহায়তায় বড় লিডের সম্ভাবনার পথে চলছিল তারা। কিন্তু ক্রিস মার্টিন কুককে ম্যাককালামের ক্যাচ বানানোর পর ম্যাচের অনেকটাই বদলে যায়। দলকে ১৪৮ রানে রেখে স্ট্রাউসও ফিরে যান জ্যাকব ওরামের বলে এলবিডাব্লু হয়ে। তারপর শুরু হয় ড্যানিয়েল ভেট্টোরির ঘূর্ণিবল সামলাতে না পেরে পিটারসেন (৩), বেল (১৬), কলিংউড (৬) আর অ্যামব্রোসদের (০) যাওয়া-আসা। এর মধ্যে পিটারসেন, কলিংউড আর উইকেটকিপার টিম অ্যামব্রোস ভেট্টোরির শিকার। কিউই অধিনায়কের বল হাতে জ্বলে ওঠা আসলেই সমস্যায় ফেলেছিল ইংল্যান্ডকে। সপ্তম উইকেটে স্টুয়ার্ট ব্রডের (২৫) সঙ্গে ৬১ রান তুলে সে অবস্থা সামাল দেন ভন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/২১৫২ ঘ.
bdnews24