কোলকাতা, ১৮ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোলকাতা নাইটরাইডার্সের দেয়া ১৫০ রানের জয়ের লক্ষ্যের দিকে হেসে-খেলেই এগোচ্ছিল চেন্নাই সুপার কিংস। কিন্তু স্টিভেন ফ্লেমিং (২০ বলে ৩২) আর পার্থিব প্যাটেলের (২৮ বলে ১৯) অবিচ্ছিন্ন উদ্বোধনী জুটি ৮ ওভারে ৫৫ রান তোলার পরই খারাপ আবহাওয়ার কারণে খেলা বন্ধ। তাতে অবশ্য ক্ষতি হয়নি চেন্নাই সুপার কিংসের। আর খেলা শুরু করা সম্ভব না হওয়ায় ডাকওয়ার্থ লুইস পদ্ধতি অনুযায়ী ৩ রানে জয়ী ঘোষণা করা হয়েছে মহেন্দ্র সিং ধোনীর চেন্নাই সুপার কিংস।
ইডেন গার্ডেনসে রোববারের গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতে আগে ব্যাট করে সৌরভ গাঙ্গুলী আর শাহরুখ খানের কোলকাতা নাইটরাইডার্স। ব্যাট হাতে অধিনায়ক সৌরভ (৮ বলে ২) ব্যর্থ হওয়ায় আবারও বড় স্কোর গড়তে ব্যর্থ হয় তারা। পাকিস্তানী ওপেনার সালমান বাটের ফিফটি (১০টি চার ও ১টি ছক্কায় ৫৪ বলে ৭৩ রান) আর দেবব্রত দাস (২৭), লক্ষিরতন শুক্লা (১৩) এবং রিদ্ধিমান সাহার (১৫) ছোটখাটো অবদানে চেন্নাইকে মাত্র দেড়শ রানের জয়ের লক্ষ্য দেয় সৌরভ-বাহিনী। কোলকাতার সবচেয়ে বড় সর্বনাশ করেন মাখায়া এনটিনি। ২১ রানে ৪ উইকেট নেন দক্ষিণ আফ্রিকার এই ফাস্ট বোলার। শুরুতে তার বোলিং বিশ্লেষনের দিকেই নজর থাকলেও পরে অবশ্য এনটিনির আরেকটি অর্জনের দিকেও দৃষ্টি ফেরে সবার। নিজের তৃতীয় ওভারের শেষ বলে সৌরভ গাঙ্গুলী আর ১১ ওভার পর বোলিংয়ের সুযোগ পেয়েই পরপর দু বলে দেবব্রত দাস আর ডেভিড হাসিকে ফিরিয়ে টুর্নামেন্টের তৃতীয় হ্যাটট্রিকও পেয়ে যান তিনি। চেন্নাইয়ের পক্ষে বাকি উইকেটটি পেয়েছেন এ আসরের প্রথম হ্যাটট্রিকের মালিক লক্ষিপতি বালাজি।
এ জয়ের ফলে আইপিএল-এ চেন্নাইয়ের মোট পয়েন্ট দাঁড়ালো ১৪। সেমিফাইনালে ওঠা মোটামুটি নিশ্চিত তাদের। অন্যদিকে ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে এখন সেরা চারে ওঠা কঠিন করে তুলেছে কোলকাতা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/২১১৪ ঘ.
bdnews24