জয়পুর, ১৭ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইপিএল-এর সবচেয়ে কম দামী দল রাজস্থান রয়্যালসের জয়যাত্রা যথারীতি অব্যাহত। শনিবার শেন ওয়ার্নের দলের সামনে দাঁড়াতেই পারেনি রাহুল দ্রাবিড়ের ব্যাঙ্গালোর রয়্যাল চ্যালেঞ্জার্স। ৬৫ রানের বড় জয় পাওয়ায় রাজস্থানের সেমিফাইনালে উত্তরণও প্রায় নিশ্চিত। দশম ম্যাচে অষ্টম জয় পাওয়া রাজস্থান ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান অক্ষুন্ন রেখেছে। অন্যদিকে সমান ম্যাচে অষ্টম পরাজয়ে ডেকান চার্জার্সের সঙ্গে যৌথভাবে সবার নিচে রয়েছে ব্যাঙ্গালোর।
জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামা রাজস্থানকে জয়ের পথে অর্ধেক এগিয়ে দিয়েছে তাদের তিন ব্যাটসম্যানের আক্রমণাত্মক ব্যাটিং। গ্রায়েম স্মিথের ৪৯ বলে ৮টি চার ও দুটি ছক্কায় অপরাজিত ৭৫, স্বপ্নীল আসনোদকারের ৪৪ বলে ৭ বাউন্ডারি ও এক ছক্কায় ৫০ এবং শেন ওয়াটসনের ২৮ বলে ৬টি চারসহ অপরাজিত ৪৬ রানের ইনিংসের সুবাদে ১ উইকেটে ১৯৭ রানের বিশাল সংগ্রহ গড়েছিল ওয়ার্নের দল। বাংলাদেশের বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক শনিবারই প্রথম খেললেন আইপিএল-এ। অভিষেকটা অবশ্য মোটেও ভালো হয়নি তার। ২ ওভার বল করে ২৯ রান দিয়ে কোনো উইকেট পাননি তিনি। অবশ্য ব্যাঙ্গালোরে সব বোলারেরই ছিল করুণ দশা। আসনোদকারকে মিসবাহ-উল হকের ক্যাচ বানিয়ে এক মাত্র উইকেটটা পেয়েছেন অনিল কুম্বলে (১/৩২)।
১৯৮ রানের লক্ষ্যে খেলতে নামা ব্যাঙ্গালোরের শুরুটা হয়েছে ভয়াবহ। রাজস্থানের দুই নতুন বলের বোলার সোহেল তানভির ও মুনাফ প্যাটেলের তোপে এক পর্যায়ে ৪০ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে তারা। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে একাই লড়াই করেছেন দ্রাবিড়। ৩৬ বলে ৬টি করে ছক্কা ও বাউন্ডারিতে ৭৫ রান করে অপরাজিত ছিলেন ব্যাঙ্গালোর অধিনায়ক। রাজস্থান অধিনায়ক ওয়ার্নও অবশ্য চুপচাপ বসে থাকেননি। ২৩ রানের বিনিময়ে সর্বকালের সেরা লেগস্পিনারের শিকার ৩ উইকেট। তানভিরও ৩ উইকেট নিয়েছেন, তবে ৪ ওভার বল করে মাত্র ১০ রানের বিনিময়ে! আর ২১ রানে মুনাফের শিকার ২ উইকেট। মূলত এই তিন জনের দুর্দান্ত বোলিংয়ের জন্যই পুরো ২০ ওভার খেললেও ৯ উইকেটে ১৩২ রানের বেশি করতে পারেনি ব্যাঙ্গালোর রয়্যাল চ্যালেঞ্জার্স। অপরাজিত ৭৫ রানের দুর্দান্ত ইনিংসের সুবাদে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন গ্রায়েম স্মিথ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২০৫৬ঘ.
bdnews24