২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরেকটা সুসংবাদ পেলেন শোয়েব

শোয়েব আখতার এখন আরো বেশি নির্ভার। তার বিরুদ্ধে দায়ের করা মানহানির মামলা প্রত্যাহারের ঘোষণা আগেই দিয়েছিলেন নাসিম আশরাফ। শুক্রবার লাহোর সিভিল কোর্ট বা দেওয়ানি আদালত থেকে মামলাটা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নিয়েছেন পিসিবি চেয়ারম্যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2008, 02:08 PM

Updated : 26 Aug 2022, 01:51 PM

লাহোর, ১৬ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শোয়েব আখতার এখন আরো বেশি নির্ভার। তার বিরুদ্ধে দায়ের করা মানহানির মামলা প্রত্যাহারের ঘোষণা আগেই দিয়েছিলেন নাসিম আশরাফ। শুক্রবার লাহোর সিভিল কোর্ট বা দেওয়ানি আদালত থেকে মামলাটা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নিয়েছেন পিসিবি চেয়ারম্যান। ৫ বছরের নিষেধাজ্ঞার পাশাপাশি ২২ কোটি পাকিস্তানি রুপির এই মামলা কাঁটা বেধার মতো আটকেছিল শোয়েবের মনে। দোষটা অবশ্য তারই। এক টিভি সাক্ষাতকারে শোয়েব বলেছিলেন আইপিএল খেলার অনুমতি দেয়ার বিনিময়ে তিনিসহ বেশ কয়েক জন ক্রিকেটারের কাছে নাকি টাকা দাবি করেছিলেন নাসিম আশরাফ! এমন অপমানজনক অভিযোগ সহ্য হয়নি পিসিবি চেয়ারম্যানের। আর হয়নি বলেই শোয়েবের বিরুদ্ধে মানহানির মামলা করেন তিনি। পরে অবশ্য এ ধরনের ভিত্তিহীন অভিযোগ করায় দুঃখ প্রকাশের পাশাপাশি নাসিম আশরাফের কাছে ক্ষমাও চান 'রাওয়ালপিন্ডি এক্সপ্রেস'। রেহমান মালিক নামের পাকিস্তানের সরকারের এক জন শীর্ষস্থানীয় কর্মকর্তা দু জনের সঙ্গে বসে মিটিয়েও দেন ব্যাপারটা। ক্ষমা চাওয়ার পর নাসিম আশরাফও আর রাগ করে থাকতে পারেননি শোয়েবের ওপরে। মৌখিকভাবে মামলা প্রত্যাহারের ঘোষণা দিতেও দেরি করেননি। অবশেষে শুক্রবার আনুষ্ঠানিকভাবে তা প্রত্যাহার করে নিলেন তিনি। পিসিবি চেয়ারম্যানের আইনজীবি তফাজ্জল রিজভি জানিয়েছেন, "এই মামলা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নেয়া হলো। কারণ শোয়েব আখতার প্রকাশ্যে ক্ষমা চেয়েছে আর (পিসিবি) চেয়ারম্যানের কাছে দুঃখও প্রকাশ করেছে। তার (নাসিম আশরাফের) সম্মানও প্রতিষ্ঠিত হলো এর ফলে।" ক্রিকইনফোর সহায়তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/