লন্ডন, ১৬ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- 'ক্রিকেটের মক্কা' লর্ডসে সেঞ্চুরি করা সব ব্যাটসম্যানেরই পরম আরাধ্য এক স্বপ্ন। সেই স্বপ্ন আরো এক বার একটুর জন্য পূরণ হলো না ব্রেন্ডন ম্যাককালামের। চার বছর আগে লর্ডসে ৯৬ রানে আউট হওয়া নিউজিল্যান্ডের উইকেট কিপার এবার ৩ রানের জন্য সেঞ্চুরি পাননি। বৃহস্পতিবার থেকে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে শুরু হওয়া প্রথম টেস্টে ম্যাককালামের ৯৭ রানের সুবাদে প্রথম দিনশেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৬ উইকেটে ২০৮ রান।
বৃষ্টিতে আউটফিল্ড ভিজে যাওয়ায় খেলা শুরু হয়েছে মধ্যাহ্ন বিরতির পর। পেসারদের জন্য আদর্শ কন্ডিশনে টস জিতে প্রতিপক্ষকে ব্যাট করার আমন্ত্রণ জানাতে দ্বিধা করেননি ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন। সিদ্ধান্তটাকে সঠিক প্রমাণ করে শুরুতেই জ্বলে ওঠেন ইংলিশদের দুই পেসার জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড। দুজনে মিলে একে একে অ্যারন রেডমন্ড (০), জেমি হাও (৭), হামিশ মার্শাল (২৪), রস টেলর (১৯) ও ড্যানিয়েল ফ্লিনকে (৯) ফিরিয়ে দিয়ে কিউইদের পরিণত করেন ৫ উইকেটে ১০৪ রানে।
সেখান থেকে জ্যাকব ওরামের সঙ্গে ৯৯ রানের জুটি গড়ে নিউজিল্যান্ড শিবিরে স্বস্তি ফিরিয়ে আনেন ম্যাককালাম। স্বভাবসুলভ আক্রমণাত্মক ঢংয়ে খেলে সেঞ্চুরির দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিলেন তিনি। কিন্তু মন্টি পানেসারের বলে বোল্ড হয়ে আরো একবার লর্ডসে সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে পুড়তে হয়েছে তাকে। ম্যাককালামের ৯৭ বলের ইনিংসটা সাজানো ১৩টি বাউন্ডারি ও দুটি ছক্কায়। দিনশেষে ওরাম ২৩ ও নিউজিল্যান্ড অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরি ৫ রানে অপরাজিত ছিলেন। অ্যান্ডারসন ৩টি ও ব্রড নিয়েছেন ২ উইকেট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৭২৩ঘ.
bdnews24