মিয়ামি, ১৩ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মারলন স্যামুয়েলসের বিরুদ্ধে অভিযোগটা বেশ গুরুতর। গত বছরের জানুয়ারিতে ভারত সফরের সময় এক জন বাজিকরের সঙ্গে যোগাযোগের অভিযোগ পাওয়া গিয়েছিল তার বিরুদ্ধে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লুআইসিবি) অভিযোগটা তদন্তের জন্য একটি ডিসিপ্লিনারি কমিটিও গড়েছিল। সেই কমিটি স্যামুয়েলসকে দোষী সাব্যস্ত করায় তাকে দু বছরের জন্য সাসপেন্ড করতে পারে ডব্লুআইসিবি ।
ডব্লুআইসিবি জানিয়েছে তাদের ডিসিপ্লিনারি কমিটি স্যামুয়েলসের বিরুদ্ধে আইসিসির ৪ নম্বর আইনভঙ্গ অর্থাৎ 'অর্থ, সুবিধা কিংবা অন্য কোনো পুরস্কার নেয়ার মাধ্যমে তার নিজের বা ক্রিকেট খেলাটাকে কলঙ্কিত' করার প্রমাণ খুঁজে পেয়েছে। আর তাই বাধ্যতামূলকভাবে দু বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন তিনি। অবশ্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) শাস্তিটা স্থগিত বা বাতিল করলে বেঁচে যেতেও পারেন স্যামুয়েলস। এ প্রসঙ্গে ডব্লুআইসিবি'র যোগাযোগ বিষয়ক প্রধান টনি ডেয়ালের বক্তব্য, "এখন সব কিছু নির্ভর করছে আইসিসির ওপরে। (সিদ্ধান্তটা) পর্যালোচনা এবং প্রয়োজনে পুনরায় তদন্তের পূর্ণ অধিকার তাদের আছে। এটা তাদের ব্যাপার এবং তারা এখন বিষয়টা নিয়ে তাদের নির্বাহী কমিটিতে আলোচনা করতে পারবে।"
তবে স্যামুয়েলসের শাস্তি স্থগিত কিংবা বাতিল হওয়ার সম্ভাবনা কমই বলা যায়। সেই ভারতীয় বাজিকরকে তার ম্যাচ সংক্রান্ত তথ্য সরবরাহ করার প্রমাণ খুুঁজে পেয়েছিল ভারতীয় পুলিশ। স্যামুয়েলস অবশ্য সব সময় অস্বীকার করে আসছিলেন অভিযোগটা। ডব্লুআইসিবি-ও তার পাশে দাঁড়িয়ে অভিযোগটা তদন্তের আশ্বাস দিয়েছিল। তদন্তের স্বার্থে সে সময় আইসিসির দুর্নীতি বিরোধী ও নিরাপত্তা বিষয়ক ইউনিটও (এসিইউ) গিয়েছিল ভারতে। তদন্ত চললেও ওয়ানডে বিশ্বকাপে খেলার অনুমতি দেয়া হয়েছিল স্যামুয়েলসকে।
এসিইউ-এর রিপোর্ট অবশ্য স্যামুয়েলসের জন্য বিপদ বয়েই এনেছিল। তারা জানিয়েছিল ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটসম্যান 'অসঙ্গত কার্যকলাপে'র সঙ্গে জড়িত! এবং তার আচরণ 'ক্রিকেট খেলার স্বার্থ পরিপন্থী'। এটা জানতে পেরেই আইসিসি ডব্লুআইসিবিকে তাদের নিজস্ব তদন্তের নির্দেশ দিয়েছিল।
সেই নির্দেশ পালন করে সুষ্ঠু তদন্তের স্বার্থে ডিসিপ্লিনারি কমিটি গড়ে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট বোর্ড। ডেয়াল জানিয়েছেন, "তারা (ডিসিপ্লিনারি কমিটি) পুরো ব্যাপারটা খতিয়ে দেখেছে। সে (স্যামুয়েলস) টাকা নিয়েছে ঠিকই কিন্তু তথ্য সরবরাহ করার কোনো প্রমাণ পাওয়া যায়নি তার বিরুদ্ধে।"
তারপরও অন্তত একজনকে পাশে পেয়েছেন স্যামুয়েলস। ডিসিপ্লিনারি কমিটির অন্যতম সদস্য ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক রিচি রিচার্ডসন একটি চিঠি দিয়েছেন ডব্লুআইসিবি প্রেসিডেন্ট জুলিয়ান হান্টকে। সেই চিঠিতে স্যামুয়েলসের ভালো ব্যবহারের জন্য শাস্তিটা স্থগিত করার সুপারিশ করেছেন রিচার্ডসন।
ক্রিকইনফোর সহায়তায়
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৬১৮ঘ.
bdnews24