ঢাকা, ১২ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- ফ্লোর প্রাইসের (নির্ধারণ করে দেয়া দাম) চেয়ে অনেক কম দর হেঁকেছে দরপত্রে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো। তবুও এটাকে সন্তোষজনকই বলছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কমার্শিয়াল কমিটির চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানী, "আমি বলবো খারাপ দর পাইনি আমরা। কারণ গত বছর দেশের মাটিতে ভারতের সঙ্গে টেস্ট এবং ওয়ানডে সিরিজ যে মূল্যে বিক্রি করেছিলাম, ত্রিদেশীয় সিরিজের জন্য তার চেয়ে অনেক বেশি পাওয়া যাচ্ছে।"
আগেরদিন দরপত্র খুলে টাইটেল স্পনসরশিপ ও তিন নাম্বার প্যাকেজের দর প্রত্যাশিত না হওয়ায় সোমবার 'রি-বিড' করতে বলেছিল বিসিবি। তবে এদিনও খুব বেশি দর বেড়েছে বলে মনে হল না সালমান ইস্পাহানীর কথায়, "দরপত্র প্রক্রিয়া শেষ। এখন আমরা তৃতীয় পক্ষের সঙ্গে কথা বলছি। দেখি দর কতোটা বাড়ানো যায়।" তবে এসম্পর্কে বিস্তারিত তিনি এখনই জানাতে চাইলেন না। মঙ্গলবার বিসিবির ওয়ার্কিং কমিটির সভাশেষেই তা জানাতে চান।
"ওয়ার্কিং কমিটির সভাতেই সিদ্ধান্ত হবে এবিষয়ে। এরপর টাইটেল স্পনসরশিপের সর্বোচ্চ মূল্যটা ইএসপিএনকে জানাতে হবে।" এখানে আবার ইএসপিএনের শরণাপন্ন হওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বললেন, "২০০৩ সালে যখন আমরা ত্রিদেশীয় টিভিএস কাপ আয়োজন করি, তখনই ইএসপিএনের সঙ্গে একটা চুক্তি হয়েছিল। যাতে বলা ছিল, আগামী পাঁচ বছরের মধ্যে বিসিবি ভারতকে নিয়ে কোনো ত্রিদেশীয় কিংবা বহুজাতিক টুর্নামেন্ট আয়োজন করলে টাইটেল স্পনসরশিপের ব্যাপারে আগে ইএসপিএনের সঙ্গে কথা বলতে হবে। এবার ওরা দরপত্রে অংশ নিতে না চাওয়াতেই সব শেষ হয়ে যায়নি। চুক্তি অনুযায়ী দরপত্রের সর্বোচ্চ দরটাও ওদের জানানোর বাধ্যবাধকতা আছে। এখন ওরা যদি সর্বোচ্চ দরটা দিতে রাজী হয় তাহলে টাইটেল স্পনসরশিপ পেয়ে যাবে ইএসপিএনই। এবিষয়টা আমরা দরপত্রেও উল্লেখ করে দিয়েছিলাম।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১০৫ঘ.
bdnews24