কোলকাতা, ৯ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আবার হাসি ফুটেছে শাহরুখ খানের মুখে। আইপিএল-এ তার দল কোলকাতা নাইট রাইডার্স টানা হারের যে যাত্রা শুরু করেছিল বৃহস্পতিবার ব্যাঙ্গালোর রয়েল চ্যালেঞ্জার্সকে ৫ রানে হারিয়ে তাতে ছেদ টেনেছেন সৌরভ গাঙ্গুলী। ইডেনের গ্যালারিভর্তি দর্শকের সমর্থন, নিজের অলরাউন্ড পারফরম্যান্স আর অধিনায়কত্বের জোরে মাত্র ১৩০ রানের টার্গেট দিয়েও গাঙ্গুলী,ডেভিড হাসি,ইশান্ত শর্মারা হতাশায় ডুবিয়েছেন রাহুল দ্রাবিড়ের দলকে। কোলকাতা নাইটরাইডার্সের সপ্তম ম্যাচে পাওয়া তৃতীয় জয়ে সবচেয়ে বড় অবদান রেখে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন গাঙ্গুলী। অন্যদিকে অধিনায়ক রাহুল দ্রাবিড় ব্যাট হাতে আবার ব্যর্থ হওয়ায় মাত্র দুটি জয় নিয়ে আইপিএল পয়েন্ট তালিকায় সবার নিচেই রয়ে গেছে ব্যাঙ্গালোর।
আইপিএল টোয়েন্টি টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে সাড়া জাগানো আসর হলেও বৃহস্পতিবারের ম্যাচটি কিন্তু ঠিক 'টোয়েন্টি টোয়েন্টি' ছিল না। বৃষ্টিতে ঘন্টা খানেক সময় নষ্ট হওয়ায় দু দলকে ১৬ ওভার করে ব্যাট করতে বলা হয়। টস জিতে বৃষ্টিভেজা মাঠে কোথায় আগে ফিল্ডিং নেবেন তা না, ধারাভাষ্যকারদের অনুমানের বিপরীতেই হাঁটলেন সৌরভ গাঙ্গুলী। পরিনামে শুরু থেকেই একের পর এক উইকেট পতন। এর মাঝে আবার দলের পক্ষে সর্বোচ্চ ইনিংস খেলা ডেভিড হাসি (১২ বলে ২৬) এবং দ্বিতীয় সর্বোচ্চ ইনিংসের মালিক গাঙ্গুলী (২২ বলে ২০) হলেন রান আউটের শিকার। ব্র্যাড হজ (১০), টাটেন্ডা টাইবু (১৫), লক্ষিরতন শুক্লা (১১), রৃদ্ধিমান সাহা (১৭*) আর মুরালি কার্তিক (১৭) অলস্বল্প অবদান না রাখলে কোলকাতার ওই ১২৯-ও কিন্তু হয় না।
ডেইল স্টেইন (৩/২৭), জহির খান (১/২৭), প্রভীন কুমারদের (১/৩৬) আঁটসাটো বোলিংয়ের মুখে শাহরুখ-গাঙ্গুলীর দল অল্পতেই গুটিয়ে যাওয়ায় রাহুল দ্রাবিড় নিশ্চয়ই তৃতীয় জয়ের আশা করেছিলেন। কিন্তু গাঙ্গুলীর নেতৃত্বে অশোক দিন্দা (০/২০), ইশান্ত শর্মারা (১/২৫) আরো ভালো বল করে ; ব্র্যাড হজ, ডেভিড হাসিরা প্রতিটি রানের জন্য দ্রাবিড়দের সংগ্রামে বাধ্য করে সে আশা অপূর্ণই রেখে দেন। অথচ চন্দরপল (৭) শুরুতেই ফিরে যাওয়ার পরও অরুণ কুমারের (২২) ব্যাটিং দেখে মনে হচ্ছিল সহজ জয়ই পেতে চলেছে ব্যাঙ্গালোর। ব্র্যাড হজ অবিশ্বাস্য ক্ষিপ্রতায় তার চেয়েও অবিশ্বাস্য এক থ্রো-তে তাকে রান আউট করে ম্যাচের চেহারাই পাল্টে দেন। ব্যাটসম্যানদের ভোগান্তি আরো বাড়তে থাকে। ভোগান্তির সবচেয়ে বড় কারণ হয়ে ওঠে সৌরভ গাঙ্গুলীর বোলিং। ৩ ওভারে মাত্র ৭ রান দিয়ে কোলকাতার হিরো শেষ পর্যন্ত সাফল্যের হাসিও হাসেন প্রতিপক্ষ অধিনায়ক রাহুল দ্রাবিড়কে বোল্ড করে। ব্যাঙ্গালোর তবু হয়তো জিতে যেতো ক্যামেরন হোয়াইট (১৬ বলে ৩০) বাউচারের স্ট্রেট ড্রাইভে বল বোলার মুরালি কার্তিকের হাতে আসছে দেখেও নন-স্ট্রাইকিং প্রান্তের ক্রিজ ছেড়ে এসে রান আউট না হলে। বাউচার (৪০ বলে অপরাজিত ৫০) আরেকটু আগে হাত খুললেও হয়তো ম্যাচের ফলাফল অন্যরকম হতো। সেসব হয়নি। যা হয়েছে তা হলো, ইশান্ত শর্মার করা শেষ ওভারে প্রয়োজনীয় ১৯ রানের জায়গায় বাউচার-প্রভীন কুমার ১৩ রান করতে পারায় ব্যাঙ্গালোরের ৫ রানে পরাজয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/১৮০৪ ঘ.
bdnews24