ঢাকা, ৬ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- ভারতের কাছে বাজেভাবে হার দিয়ে শুরু হয়েছিল বাংলাদেশ মহিলা দলের প্রথম এশিয়া কাপ অভিযাত্রা। তবে ফিরতি ম্যাচে আবারো হারলেও এবার আর ভারতের জয় সহজ হয়নি। অল্পের জন্য সেঞ্চুরিবঞ্চিত হওয়া অধিনায়ক সালমা খাতুনের ব্যাটিংয়ে নির্ধারিত ৫০ ওভারে অলআউট হওয়ার আগে বাংলাদেশ তোলে ১৬০ রান। লক্ষ্যে পৌঁছাতে ভারতকে হারাতে হয়েছে ৫ উইকেট, খেলতে হয়েছে ৪১ ওভার। অর্থাৎ ভারতের জয় ৫ উইকেটের।
ভারতীয় ব্যাটসওম্যানদের সম্মিলিত পারফরম্যান্সই জয় এনে দিয়েছে তাদের। সেভাবে বলার মতো ইনিংস নেই কারোরই। সর্বোচ্চ অপরাজিত ৩৩ রান এসেছে কারু জৈনের ব্যাট থেকে। তার সঙ্গে ঝুলন গোস্বামীর (২৩*) অবিচ্ছিন্ন ৫৪ রানের পার্টনারশিপ ভারতকে জয়ের তীরে নিয়ে যায়। এর আগে রুমেলি ধর (৩১) দলকে ১০৭ রানে রেখে পঞ্চম ব্যাটসওম্যান হিসেবে আউট হওয়ায় জেগে উঠেছিল বাংলাদেশের জয়ের সম্ভাবনা। তিন-তিনটি রানআউট যে সম্ভাবনার পথ খুলে দিয়েছিল। যার মধ্যে দুটোই করেছেন অধিনায়ক সালমা। ১০ ওভারে দুটো মেডেনসহ ১৮ রান দিয়ে দলের সবচেয়ে মিতব্যয়ী বোলারও তিনি।
আবার ম্যাচের সেরা ব্যাটসওম্যানও সালমাই। দলের মোট সংগ্রহের অর্ধেকেরও বেশি এসেছে তার ব্যাট থেকে। রুমেলি ধরের বলে গওহর সুলতানার ক্যাচ হয়ে ফিরে যাওয়ার সময় তার নামের পাশে জ্বলজ্বল করছিল ৯০ রান। ১৪০ বলের এই ইনিংসে এক-দুই রানের বালাই খুব একটা ছিল না। কারণ ৮০ রানই তো এসেছে ২০টি বাউন্ডারি থেকে। বাংলাদেশ ১৪ রানে ৩ উইকেট হারানোর পর পান্না ঘোষকে (২৪) সঙ্গে নিয়ে চতুর্থ উইকেটে ৬৪ রান যোগ করে বিপর্যয়ই শুধু সামাল দেননি, দলকে দেড় শ' পার করে নিয়ে যাওয়ার কৃতিত্বটাও সালমারই। তার ৯০ রানের পর দলের দ্বিতীয় সর্বোচ্চ পান্নার ২৪! এতেই বোঝা যায় বাংলাদেশের ব্যাটিং কতোটা 'ওয়ানওম্যান শো' ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/১৯৫৩ঘ.
bdnews24