কোলকাতা, ৬ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শুরুটা ভালো হলেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এ এখন সময় খুবই খারাপ যাচ্ছে কোলকাতা নাইটরাইডার্সের। ৬ ম্যাচের মাত্র দুটিতে জিতেছে তারা। দলের মালিক শাহরুখ খান আর অধিনায়ক সৌরভ গাঙ্গুলী যে এ নিয়ে স্বভাবতই ভীষণ দুশ্চিন্তায়। তবে তাদের দুশ্চিন্তা দূর করতে চলে এসেছেন শোয়েব আখতার। সোমবার 'রাওয়ালপিন্ডি এক্সপ্রেস' কোলকাতায় পা রাখার পর তার সম্পর্কে দলের কোচ জন বুকানন যা বলেছেন তা আইপিএল-এ কোলকাতার সব প্রতিপক্ষকেই ভাবনায় ফেলবে। শোয়েব সম্পর্কে অস্ট্রেলিয়াকে বিশ্বসেরা বানানোয় বিশেষ অবদান রাখা বুকাননের মূল্যায়ন, " ও সম্ভবত এমন খেলোয়াড়দের একজন যার টোয়েন্টি টোয়েন্টি স্পেশালিস্ট হওয়ার ভালো সম্ভাবনা আছে। কারণ, শোয়েবকে তো (কোনো ম্যাচে) ৪ ওভারের বেশি বল করতে হবে না। এখানে ও ৪ ওভার বল করেই মনে দাগ কাটতে পারবে।"
শোয়েব আখতারের মাঝে টোয়েন্টি টোয়েন্টি স্পেশালিস্ট হওয়ার সম্ভাবনা দেখার একটা মানে হলো, তার একটা অক্ষমতার দিকে আঙ্গুল তোলা। সেটা ফিটনেস সমস্যা। বিতর্কের মতো এ সমস্যাটাও তাকে ভুগিয়েছে বহুবার। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-এর আচরণবিধি ভঙ্গের দায়ে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ এই ফাস্ট বোলার নিজেও এ বিষয়ে তার দুশ্চিন্তাটা আড়াল করেননি, " (গত কিছুদিন) আমাকে অনেক ধকল পোহাতে হয়েছে। যতটুকু উচিত ততটুকু ট্রেনিং করতে পারিনি। তবে এখন আমি ফিট। যত তাড়াতাড়ি সম্ভব ম্যাচ-ফিট হওয়ার চেষ্টা করবো।"
কোলকাতা এসে শাহরুখ খানের প্রতি কৃতজ্ঞতা জানাতেও ভোলেননি শোয়েব। পিসিবির নিষেধাজ্ঞা আরোপ এবং তারপর অনেক চড়াই-উতরাই শেষে আদালতে সে নিষেধাজ্ঞা স্থগিত হওয়া, সুবাদে আইপিএল-এ খেলার সুযোগ পাওয়া অব্দি বলিউড সুপারস্টার যে তার পাশে থেকেছেন সে কথা জানিয়েছেন অকুন্ঠচিত্তে, " শাহরুখ খান সবসময় আমাকে সমর্থন জুগিয়েছেন, সবসময় বড় ভাইয়ের মতো থেকেছেন আমার পাশে।"
কোলকাতা নাইট রাইডার্সের মালিকের মতো অধিনায়ক সৌরভ গাঙ্গুলীকেও পাশে পাচ্ছেন শোয়েব আখতার। নিজের শহরে শোয়েবকে স্বাগত জানানোর সময় সোমবার সৌরভও প্রকাশ করেছেন মন-খোলা আন্তরিকতা। তাই বিশ্বের দ্রুততম ফাস্ট বোলারের প্রতি আস্থা প্রকাশের সঙ্গে সঙ্গে তার ওপর প্রত্যাশার চাপ যাতে বেশি না হয়ে যায় সেটাও নিশ্চিত করতে চেয়েছেন সৌরভ, " (আইপিএল-এর) শুরু থেকেই ও (শোয়েব) আমাদের পরিকল্পনার অংশ। বেশ কয়েকটা ম্যাচ ওকে ছাড়াই খেলতে হলো। তারপরও অবশেষে ওকে দলে পাচ্ছি বলে ভালোই লাগছে। তবে সবাইকে এটাও মনে রাখতে হবে, কোনো একজন মানুষ কিন্তু নাটকীয়ভাবে সবকিছু বদলে দিতে পারে না। দলের সাফল্যের জন্য সবাইকেই ভালো করতে হবে।"
সবার সঙ্গে কি শোয়েব আখতারের তুলনা চলে? তারকামর্যাদায় হয়তো চলে না, তবে একটা দলের অংশ হিসেবে অবশ্যই চলে। জন বুকানন অন্তত তা-ই মনে করেন। কোলকাতা নাইটরাইডার্সের অস্ট্রেলিয়ান কোচ তাই ফিটনেস নিয়ে সংশয় দূর না হলে শোয়েবকে মাঠে নামাতে রাজি নন। সুতরাং শোয়েবকে ফিটনেস-পরীক্ষায় উতরেই নামতে হবে মাঠে। তাছাড়া গোলমেলে অতীতের কথা ভেবে শোয়েব আখতারকে সমঝে চলার বার্তাও পাঠিয়ে দিয়েছেন বুকানন, " আপনি যে-ই হোন না কেন, নিয়ম কিন্তু সবার জন্যই এক। শোয়েব যতক্ষণ এটা বুঝে, নিয়ম মেনে চলবে, ততক্ষণ অন্যরকম কিছু ঘটার কথা নয়।"
ক্রিকইনফোর সহায়তায়
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/এমএম/১৮৩০ঘ.
bdnews24