করাচি, ৫ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এক মাসের জন্য নিষেধাজ্ঞা স্থগিত হওয়ার ঠিক এক দিন পর আরেকটা সুখবর পেলেন শোয়েব আখতার। শুক্রবার তার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছিলেন ড. নাসিম আশরাফ। তবে রোববার রাতে তার সঙ্গে শোয়েবের এক সমঝোতামূলক বৈঠক শেষে মামলাটা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন পিসিবি চেয়ারম্যান।
আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পর এক টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাতকারে নাসিম আশরাফের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ এনেছিলেন শোয়েব। বিশ্বের অন্যতম দ্রুতগতির বোলারের অভিযোগ ছিল নাসিম আশরাফ নাকি আইপিএল-এ খেলতে দেয়ার অনুমতির বিনিময়ে অর্থ দাবি করেছিলেন তার কাছে! একই কারণে কয়েক জন পাকিস্তানী ক্রিকেটারের কাছ থেকে জোর করে টাকা আদায়ের চেষ্টাও নাকি করেছিলেন পিসিবি চেয়ারম্যান।
'রাওয়ালপিন্ডি এক্সপ্রেস'-এর এ ধরনের ভয়ঙ্কর অভিযোগ স্বাভাবিকভাবেই মেনে নিতে পারেননি নাসিম আশরাফ। শুক্রবার তিনি ২২ কোটি পাকিস্তানী রুপির মানহানির মামলা দায়ের করেন শোয়েবের বিরুদ্ধে। তাতে ভালোই কাজ হয়েছে। বিশেষ ট্রাইবুনালের শুনানিতে আগেই নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছিলেন পিসিবির আচরণবিধি ভঙ্গের দায়ে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ শোয়েব। রোববার নাসিম আশরাফের সঙ্গে বৈঠকেও এই মন্তব্যের জন্য তার কাছে ক্ষমা চান তিনি। পিসিবি চেয়ারম্যানের আইনজীবি তফাজ্জুল রিজভি বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, " শোয়েব নিজে এসে ব্যক্তিগতভাবে পিসিবি চেয়ারম্যান ড. নাসিম আশরাফের কাছে ক্ষমা চেয়েছেন। ক্ষমা প্রার্থনার পাশাপাশি কৃতকর্মের জন্য তিনি ভীষণ অনুতপ্ত। তার (নাসিম আশরাফের) বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ আনার কথাও স্বীকার করেছেন তিনি।" শোয়েবের সঙ্গে বৈঠকের পরই মামলাটা প্রত্যাহারের ঘোষণা দেন নাসিম আশরাফ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৬৩০ঘ.
bdnews24