ব্যাঙ্গালোর, ৩ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চারটি করে হারের পর দ্বিতীয় জয়ের জন্য মরিয়া ছিল দু দলই। নিজের মাঠে সেই লক্ষ্য পূরণ হয়েছে রাহুল দ্রাবিড়ের ব্যাঙ্গালোর রয়েল চ্যালেঞ্জার্সের। শনিবার আইপিএলে দিনের প্রথম ম্যাচে ভিভিএস লক্ষণের ডেকান চার্জার্সকে মাত্র ৩ রানে হারিয়েছে তারা।
ব্যাটসম্যানদের দাপটের চূড়ান্ত রূপ টোয়েন্টি-টোয়েন্টি ক্রিকেটে কদাচিৎ বোলারদের দেখা যায় জয়ের নায়ক হতে। আইপিএল-এ শনিবার গ্লেন ম্যাকগ্রা, ফারবিজ মাহরুফদের এই ব্যতিক্রমী সাফল্যে অংশীদার হয়েছেন কদিন আগে ভারতকে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিবি সিরিজ ফাইনাল জেতানো প্রবীন কুমার। ডান-হাতি এই পেসার মাত্র ২৩ রানে লক্ষণ (৫২), গিবস (৫) আর শহীদ আফ্রিদির (১) উইকেট না নিলে ব্যাঙ্গালোর রয়েল চ্যালের্ঞ্জার্সের দেয়া ১৫৭ রানের টার্গেটেরও সামান্য আগে থেমে যেতো না ডেকান চার্জার্স (১৫৩/৬)। লক্ষণের ৪৪ বলে ৫৭ আর রোহিত শর্মার ৪২ বলে ৫টি চার ও ৩টি বিশাল ছক্কায় করা ৫৭ রানের ইনিংসকে ব্যর্থ করতে জহির খানও (২/২৪) অবশ্য কম অবদান রাখেননি। তবে চুলচেরা বিশ্লেষণে প্রভীনই ম্যাচের নায়ক, তাই ম্যাচ সেরার পুরস্কার ও উঠেছে তার হাতে।
এর আগে আর পি সিং (৩/৪১), পি ওঝা (২/২৮), স্টাইরিস (১/২৯) আর আফ্রিদির (১/২৩) বোলিং কোলকাতা, দিল্লি , রাজস্থান আর পাঞ্জাবের সঙ্গে হারের পাশে দ্বিতীয় জয় আশা করার মতো একটা অবস্থাতেই দাঁড় করিয়েছিল ডেকান চার্জার্সকে। ওয়াসিম জাফর (৩৭ বলে ৪৪), কোহলি ( ২৯ বলে ৩৮), দ্রাবিড় (১৯ বলে ২৬), বাউচারদের (১৬) ছোটখাটো প্রয়াসের মিলিতফল হিসেবে পাওয়া ব্যাঙ্গালোরের ৮ উইকেটে ১৫৬-কে নগণ্যই মনে হয়েছে তখন। শেষ পর্যন্ত ওই আপাত নগণ্য স্কোরকেই অতিক্রম করতে ব্যর্থ হয় ডেকান চার্জার্স।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/২২১২ ঘ.
bdnews24