ঢাকা, ৩০ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- ইকতেদার নাজীফ আহমেদের বিধ্বংসী বোলিং বাংলাদেশকে তুলে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠানরত ক্লিকো ইন্টারন্যাশনাল অনুর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে। মঙ্গলবার ত্রিনিদাদে আয়ারল্যান্ডকে ৫ উইকেটে হারানোয় তারা সেমিফাইনালে পাচ্ছে পাকিস্তানকে। সেমিফাইনালটি হবে ১ মে।
আগে ব্যাট করে আয়ারল্যান্ড ৪৮ ওভারে ১৪০ রানে অলআউট হয়ে যায়। অথচ এক পর্যায়ে তারা এত অল্পতে গুটিয়ে যাবে বলে মনেই হয়নি। কিন্তু ১ উইকেটে ৭৭ রান থেকে ৬৩ রানের মধ্যে বাকি উইকেটগুলো খোয়ানোর কারণ নাজীফ আহমেদের বোলিং। মাত্র ১৮ রানে ৫ উইকেট নিয়ে একাই শেষ করে দেন আইরিশদের। সহজ জয়ের লক্ষ্য হলেও বাংলাদেশ অনুর্ধ্ব-১৫ দলও বিপদে পড়েছিল। তবে দ্রুত ৫ উইকেট হারানোর পরও দলকে ৩১.৫ ওভারে লক্ষ্যে পৌছে দেয় দিদার হোসেন (৬১) ও রাকিন আহমেদের (৪৮) ব্যাটিং।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এসি/২০১৪ ঘ.
bdnews24