২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্লেন ম্যাকগ্রার কাছেই হেরে গেল দ্রাবিড়ের দল

১৯২ জয়ের লক্ষ্য হিসেবে কঠিন হলেও তাকে অনেকটা ধরা-ছোঁয়ার মধ্যেই নিয়ে এসেছিল রাহুল দ্রাবিড়ের ব্যাঙ্গালোর রয়েল চ্যালেঞ্জার্স। শেষ পর্যন্ত যে তাদের ৫ উইকেটে ১৮১ রান করেই থামতে হলো, হেরে যেতে হলো ১০ রানে, তার মূল কারণ গ্লেন ম্যাকগ্রা। ২৯ রানে ৪ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার এই ফাস্টবোলার বলতে গেলে একাই জিতিয়ে দিয়েছেন দিল্লি ডেয়ারডেভিলসকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2008, 04:20 PM

Updated : 26 Aug 2022, 01:46 PM

দিল্লি, ৩০ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৯২ জয়ের লক্ষ্য হিসেবে কঠিন হলেও তাকে অনেকটা ধরা-ছোঁয়ার মধ্যেই নিয়ে এসেছিল রাহুল দ্রাবিড়ের ব্যাঙ্গালোর রয়েল চ্যালেঞ্জার্স। শেষ পর্যন্ত যে তাদের ৫ উইকেটে ১৮১ রান করেই থামতে হলো, হেরে যেতে হলো ১০ রানে, তার মূল কারণ গ্লেন ম্যাকগ্রা। ২৯ রানে ৪ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার এই ফাস্টবোলার বলতে গেলে একাই জিতিয়ে দিয়েছেন দিল্লি ডেয়ারডেভিলসকে। জয়ের পুরো কৃতিত্ব ম্যাকগ্রাকে দিয়ে দিলে অবশ্য ব্যাট হাতে গৌতম গম্ভীর আর শিখর ধাওয়ানের অবদানকে অস্বীকার করা হয়। সে ভুল যদি কেউ করেও বসেন, তাকে কি দোষ দেয়া যাবে? এমনি এমনিইতো আর ম্যাচ সেরার পুরস্কার দেয়া হয়নি ম্যাকগ্রাকে! ভাবুন একবার ১৯২ রানের জয়ের লক্ষ্যের দিকে যাত্রা শুরু করে ৫ ওভার শেষে ব্যাঙ্গালোরের স্কোর যখন ৩ উইকেটে ৪৮ তখন কি গম্ভীরদের কথা কারো মনে পড়েছে? মনে পড়লেও অস্ট্রেলিয়াকে অ্যাশেজ জিতিয়ে টেস্ট ক্রিকেট আর বিশ্বকাপ জিতিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো ম্যাকগ্রাকে কি নায়কের মর্যাদায় কারো পেছনে রাখা সম্ভব ছিল? প্রভীন কুমার (৬), ওয়াসিম জাফর (১০) আর রস টেলরকে (২৯) ফিরিয়ে ম্যাকগ্রাই তো তছনছ করে দিয়েছিলেন ব্যাঙ্গালোর রয়েল চ্যালেঞ্জার্সকে। তারপর দলের সবচেয়ে অভিজ্ঞ দুই ব্যাটসম্যান রাহুল দ্রাবিড় (৩৮) আর জ্যাক ক্যালিস (৫৪) পরিস্থিতি একেবারেই পাল্টে দিয়েছিলেন। জয়ের স্বপ্ন দেখছিল ব্যাঙ্গালোর। তাদের স্বপ্ন ভেঙ্গে দিতেও সেই ম্যাকগ্রার দিকেই তাকাতে হয় দিল্লি অধিনায়ক বীরেন্দর শেবাগকে। নিরাশ করেননি ম্যাকগ্রা। শেবাগের হাতে ক্যাচ দিতে বাধ্য করেই বিদায় করেন দ্রাবিড়কে। তারপরও কি আর ম্যাচের ব্যাঙ্গালোরের কোনো জয়ের আশা থাকতে পারে? যেটুকু ছিল তা শেষ হয়ে যায় ড্যানিয়েল ভেট্টোরির বলে ক্যালিস বোল্ড হয়ে গেলে। মার্ক বাউচার ১৭ বলে ৩১ রানে অপরাজিত থেকে শুধু পরাজয়ের ব্যাবধানটাই কমাতে পেরেছেন। এর আগে টস হেরে ব্যাট করতে নামার কিছুক্ষণের মধ্যেই রস টেলরের থ্রোতে বীরেন্দর শেবাগ রান আউট হওয়ায় দিল্লির ইনিংসটাও শুরুর দিকেই ধাক্কা খেয়েছিল। তবে দুঃখজনকভাবে অধিনায়ক শেবাগকে (২৪) হারানোর পরও দ্রুতই ঘুরতে থাকে দিল্লি ডেয়ারডেভিলসের রানের চাকা। গৌতম গম্ভীর আর শিখর ধাওয়ানের ১০ ওভারে ৯৮ রানের জুটি বিশাল স্কোরের দিকেই নিয়ে যাচ্ছিল তাদের। কিন্তু গম্ভীরের ৮৬ আর শিখর ধাওয়ানের ফিফটির পর দলের অন্য কেউ ভালো করতে না পারায় শেষ পর্যন্ত ৫ উইকেটে ১৯১ রানেই থামতে হয় দিল্লি ডেয়ারডেভিলসকে। টস জিতে আগে ফিল্ডিং বেছে নিয়ে আফসোসেই পুড়ছিলেন ব্যাঙ্গালোর রয়েল চ্যালেঞ্জার্সের অধিনায়ক রাহুল দ্রাবিড়। ভাগ্যিস ১২ বলে ৩টি আর ১টি ছক্কার মারে ২৪ রান করার পর শেবাগ রান আউট হয়েছিলেন, নইলে স্কোর কোথায় গিয়ে ঠেকতো কে জানে! 'বীরু'র বিদায়ের পর গম্ভীর আর শিখরও মন্দ খেলছিলেন না। এ দুজন যতক্ষণ ছিলেন ততক্ষণ ২২৫-২৩০কেও মনে হচ্ছিল সম্ভব। সে জায়গায় যে মাত্র ১৯১ হলো তার অনেকটা কৃতিত্বই জ্যাক ক্যালিসের। তার বলে শিখর (৩৩ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় ৫০) কাভারে দ্রাবিড়ের অসাধারণ ক্যাচ হওয়ার পরই ছোটখাটো ধ্বস নামে দিল্লির ইনিংসে। তাই ১৫ ওভার শেষে ২ উইকেটে ১৫১ থেকে শেষ ৫ ওভারে ৪২ রানের বেশি যোগ করতে পারেনি তারা। ৫৪ বলে ১১টি চার ও ১টি ছক্কায় ৮৬ রান করার পর শেষ ব্যাটসম্যান হিসেবে আ জহির খানের একমাত্র শিকার হয়েছেন গৌতম গম্ভীর। তার আগে পাকিস্তান অধিনায়ক শোয়েব মালিক (৬) আর দিনেশ কার্তিক (২) আবারও প্রয়োজনের মুহুর্তে দলের জন্য কিছু করতে না পারার হতাশা নিয়ে ফিরে আসেন প্যাভিলিয়নে। সময়ের অভাবে দুই অপরাজিত ব্যাটসম্যান মনোজ তিওয়ারি (১১*) আর রজত ভাটিয়াও (৮*) তেমন কিছু করতে পারেননি। দিল্লি ডেয়ারডেভিলস : গৌতম গম্ভীর, বীরেন্দর শেবাগ. শিখর ধাওয়ান, শোয়েব মালিক, দিনেশ কার্তিক, মনোজ তিওয়ারি, রজত ভাটিয়া, ড্যানিয়েল ভেট্টোরি, মোহাম্মদ আসিফ, ইয়ো মহেশ ও গ্লেন ম্যাকগ্রা। ব্যাঙ্গালোর রয়েল চ্যালেঞ্জার্স : রাহুল দ্রাবিড়, ওয়াসিম জাফর, রস টেলর, মার্ক বাউচার, জ্যাক ক্যালিস, ভিরাট কোহলি, প্রভীন কুমার, জহির খান, ডেল স্টেইন, বিনয় কুমার ও সুনীল যোশি। বিডিনিউট টোয়েন্টিফোর ডটকম/এসি/২২৪৩ ঘ.