২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুম্বাই ইন্ডিয়ানসের প্রথম জয়

পঞ্চম ম্যাচে এসে শেষ পর্যন্ত জয়ের দেখা পেলো মুম্বাই ইন্ডিয়ান্স। মঙ্গলবার আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সকে সহজেই হারিয়েছে তারা। ক্রিকেটের 'নন্দন কানন' ইডেন গার্ডেন্সে ৮ বল হাতে রেখে মুম্বাইয়ের প্রথম জয়টি ৭ উইকেটের। অন্যদিকে চতুর্থ ম্যাচে সৌরভ-শাহরুখের কলকাতার এটা দ্বিতীয় পরাজয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2008, 05:51 PM

Updated : 26 Aug 2022, 01:46 PM

কলকাতা, ২৯ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চম ম্যাচে এসে শেষ পর্যন্ত জয়ের দেখা পেলো মুম্বাই ইন্ডিয়ান্স। মঙ্গলবার আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সকে সহজেই হারিয়েছে তারা। ক্রিকেটের 'নন্দন কানন' ইডেন গার্ডেন্সে ৮ বল হাতে রেখে মুম্বাইয়ের প্রথম জয়টি ৭ উইকেটের। অন্যদিকে চতুর্থ ম্যাচে সৌরভ-শাহরুখের কলকাতার এটা দ্বিতীয় পরাজয়। ১৩৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা শচীন টেন্ডুলকার বিহীন মুম্বাই ইন্ডিয়ানস তাদের প্রথম উইকেট হারিয়েছে ১৬ রানে। রাহানেকে (৪) ডেভিড হাসির ক্যাচ বানিয়ে কলকাতাকে ব্রেক থ্রু এনে দিয়েছেন আগারকার। ৩ বাউন্ডারি ও এক ছক্কায় ৯ বলে ১৮ রান করা জয়াসুরিয়া ভয়ঙ্কর হয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছিলেন। কিন্তু দশম বলেই তিনি বোল্ড। ভারতের নতুন পেস 'সেনসেশন' ইশান্ত শর্মার দুর্দান্ত এক বলে প্লেড অন হয়ে যান জয়াসুরিয়া। পরের ওভারে তিন নম্বরে নামা মনীশ পান্ডেও (০) বোল্ড হয়ে গেছেন। নিজের প্রথম বলেই উইকেট নিয়ে ইডেন গার্ডেন্সকে উল্লাসে ভাসিয়ে দেন অশোক দিন্দা। তবে ২৫ রানে তৃতীয় উইকেট পতনের পর ব্রাভো-উথাপ্পার ১৪.৩ ওভারে ১১৩ রানের অবিচ্ছিন্ন জুটি জয়ের ভিত গড়ে দিয়েছে মুম্বাইয়ের। ৪২ বলে ফিফটি করা ব্রাভো ৫৩ বলে ৬৪ রানে অপরাজিত ছিলেন। তার ইনিংসে বাউন্ডারি ৮টি ও ছক্কা একটি। অন্যদিকে ৫টি বাউন্ডারিতে ৩৭বলে ৩৭ রানে অপরাজিত ছিলেন উথাপ্পা। এর আগে টস জিতে ব্যাট করতে নামা কলকাতার শুরুটা মোটেও ভালো হয়নি। পোলকের করা ইনিংসের তৃতীয় বলেই সৌরভ (৪) ক্যাচ দিয়েছেন জয়াসুরিয়াকে। এক বল পর অন্য ওপেনার ম্যাককালামও (১) এলবিডব্লু। প্রথম ওভারের জোড়া ধাক্কা তরুণ দেবব্রত দাসকে নিয়ে সামলে ওঠার চেষ্টা করছিলেন পন্টিং। ৫ বাউন্ডারি ও এক ছক্কায় ২৯ রান করে ইডেনের লাখো দর্শকের মনে আশার আলোও জ্বালিয়েছিলেন দেবব্রত। কিন্তু ব্রাভোর বলে পয়েন্টে উথাপ্পার ক্যাচ হয়ে ফিরে আসতে হয়েছে তাকে। কলকাতার স্কোর তখন ৩ উইকেটে ৪০ রান। সেখান থেকে ডেভিড হাসি ও পন্টিং দলকে ৭৪ রানে পৌঁছে দেয়ার পর আবার বিপর্যয়। জয়াসুরিয়া হাসিকে (১৭) ফেরানোর পর পন্টিংও বেশিক্ষণ টিকতে পারেননি। জয়াসুরিয়ার করা পরের ওভারের প্রথম বলে ১৯ রান করে মোহাম্মদ হাফিজের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে গেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। সেই ওভারের তৃতীয় বলে হাফিজও (২) কট বিহাইন্ড। পরের উইকেটটাও জয়াসুরিয়ার। আগারকারকে (২) নেহরার ক্যাচ বানিয়ে কলকাতা নাইট রাইডার্সকে ৭ উইকেটে ৯০ রানে পরিণত করেন 'মাতারা হারিকেন'। সেখান থেকে স্বাগতিকরা ১৩৭ রানে পৌঁছাতে পেরেছে লক্ষীরতন শুক্লার ২২ বলে দুটি ছক্কা ও চারটি বাউন্ডারিতে সাজানো অপরাজিত ৪০ রানের সৌজন্যে। মাত্র ১৪ রানে ৩ উইকেট নেয়া জয়াসুরিয়া মুম্বাইয়ের সেরা বোলার। ২৭ রানের বিনিময়ে পোলকের শিকার ২ উইকেট। বিডিনিউট টোয়েন্টিফোর ডটকম/এএআর/২৩৪৭ঘ.