ঢাকা, ২৮ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- চরম ব্যর্থতার পাকিস্তান সফরশেষেও মোহাম্মদ আশরাফুলের মুখ থেকে শোনা গেছে উন্নতির ফিরিস্তি। সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির সামনে হাজিরা দেওয়ার পর উন্নতির কথা জোর গলায় অবশ্য বলেননি তারা। তবে কিছু অজুহাত তারা ঠিকই দাঁড় করিয়েছেন। যেগুলো শুনে মোটেও সন্তুষ্ট হতে পারেননি বিসিবি কর্মকর্তারা।
ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান গাজী আশরাফ লিপুর কথায় অসন্তোষ ধরা পড়লো পরিষ্কার, "ওরা এমন কিছু অজুহাত দিয়েছে যেগুলো আমাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। আমরা তো টেলিভিশনে খেলা দেখেছি। দেখেছি একই ভুল বারবার করতেও। সেসব ভূলের জন্য অজুহাত মোটেও কাম্য নয়।"
সোমবার বিকেলে পাকিস্তান সিরিজের দলটিকে ডেকে পাঠানো হয়েছিল গুলশানে বিসিবির ব্যবস্থাপনা কার্যালয়ে। সেখানে অধিনায়ক আশরাফুল, সহ-অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও ম্যানেজার শফিকুল হক হীরার সঙ্গে আলাদা আলাদাভাবে বসেছে অপারেশন্স কমিটি। যেখানে লিপু ছাড়াও ছিলেন শফিকুর রহমান মুন্না, আহমেদ সাজ্জাদুল আলম ববি এবং জালাল আহমেদ চৌধুরী। কয়েক গ্র"পে ভাগ করে দলের অন্যান্য ক্রিকেটারদের সঙ্গেও বসেছিলেন তারা।
হাজিরা দেওয়া ১২ জন ক্রিকেটারের কেউ কেউ নাকি নিজেদের একেবারে সাধারণ মানের পারফরম্যান্স নিয়েও সন্তোষ প্রকাশ করেছেন বিসিবি কর্তাদের সামনে। লিপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে তেমনই জানিয়েছেন, "কেউ কেউ ৫/১০ রান করেও সন্তুষ্টির কথা জানিয়েছে। কিন্তু আমরা বলেছি দিয়েছি, এসবে আমরা মোটেও খুশী হতে পারছি না।"
ব্যাটসম্যানরা নিজেদের আউট নিয়ে নানারকম ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করেছেন। কেউ কেউ ভাগ্যকেও দুষেছেন। কিন্তু তাদের ব্যাখ্যাকে খুব সহজেই নড়বড়ে করে দেওয়া গেছে কারণ, "আমাদের সঙ্গে জাতীয় দলের কম্পিউটার অ্যানালিস্ট নাসির আহমেদ নাসুও ছিলেন। অজুহাত দেওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ভিডিও ফুটেজ দেখিয়ে দিয়েছি ওদের। কখন ওরা বলের গতি বিচার করতে পারেনি, কোনটা বাজে শট ছিল-এসব ওদের দেখিয়ে দেওয়া হয়েছে।"
অধিনায়ক পাকিস্তানে পরপর তিন ম্যাচে দুইশোর বেশি রান করার ব্যাপারটাকে বড় করে দেখাতে চেয়েছিলেন। কিন্তু কেমন জবাব পেয়েছেন, সেটা আঁচ করা যাচ্ছে ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যানের কথা থেকেই, "ওরা এমন অনেক কিছুই বলেছে যেগুলোর সঙ্গে আমরা পরিষ্কার দ্বিমত পোষণ করেছি। কয়েকটা ম্যাচে দুইশোর বেশি রান করেই সন্তুষ্ট হওয়ার মতো জায়গায় আমরা নেই। সেসব দিন আমরা অনেক পেছনে ফেলে এসেছি।"
অবশ্য ক্রিকেটাররা নিজেদের অনেক কথা খোলামেলাভাবে বলার সুযোগ পেয়েছেন বলেও জানালেন লিপু, "কোচ জেমি সিডন্স যে টিম রুলস সেট করেছে, তার সঙ্গে ওদের মানিয়ে নিতে আরো কিছুদিন সময় লাগবে বলে জানিয়েছে ওরা। মন-মানসিকতায় পরিবর্তন আনার বিষয়টাও বুঝতে পারছে। অনেকেই স্বীকার করেছে ওদের ফিটনেসে ঘাটতি আছে। অনেকে নির্দ্বিধায় ক্লান্তির কথা বলেছে। ধারাবাহিক ব্যর্থতার জন্য আর্থিক জরিমানা হওয়া উচিত বলেও মনে করে কেউ কেউ। সংখ্যাটা অবশ্য খুবই নগণ্য। মাত্র দুজন জরিমানার নিয়ম থাকা উচিত বলে মনে করে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১১৫ঘ.
bdnews24