২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যাটিচ-যুবরাজের ব্যাটিংয়ে পাঞ্জাবের দ্বিতীয় জয়

এক সময় অস্ট্রেলিয়া দলে মোটামুটি নিয়মিত হলেও প্রায় দেড় বছর ধরে জাতীয় দলে সুযোগ পান না সাইমন ক্যাটিচ। রোববার আইপিএল-এ সেই 'উপেক্ষিত' ক্যাটিচের ব্যাটই ঝলসে উঠলো। আর তাতে উড়ে গেল ম্যাকগ্রা-আসিফ-মাহরুফ সমৃদ্ধ দিল্লী ডেয়ারডেভিলসের বোলিং আক্রমণ। ১৫৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ক্যাটিচ ও অধিনায়ক যুবরাজ সিংয়ের ঝড়ো ব্যাটিংয়ে পাঞ্জাব কিংস ইলেভেনের জয় পেতে তেমন সমস্যাই হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2008, 04:49 PM

Updated : 26 Aug 2022, 01:46 PM

মোহালি, ২৭ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক সময় অস্ট্রেলিয়া দলে মোটামুটি নিয়মিত হলেও প্রায় দেড় বছর ধরে জাতীয় দলে সুযোগ পান না সাইমন ক্যাটিচ। রোববার আইপিএল-এ সেই 'উপেক্ষিত' ক্যাটিচের ব্যাটই ঝলসে উঠলো। আর তাতে উড়ে গেল ম্যাকগ্রা-আসিফ-মাহরুফ সমৃদ্ধ দিল্লী ডেয়ারডেভিলসের বোলিং আক্রমণ। ১৫৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ক্যাটিচ ও অধিনায়ক যুবরাজ সিংয়ের ঝড়ো ব্যাটিংয়ে পাঞ্জাব কিংস ইলেভেনের জয় পেতে তেমন সমস্যাই হয়নি। ৩ বল হাতে রেখেই ম্যাচটা তারা জিতে নিয়েছে ৪ উইকেটে। ৪ ম্যাচে এটা পাঞ্জাবের দ্বিতীয় জয়। আর তৃতীয় ম্যাচে দিল্লীর প্রথম পরাজয়। মোহালির পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন ক্রিকেট স্টেডিয়ামে কিংস ইলেভেন পাঞ্জাবের শুরুটা একদমই ভালো হয়নি। ১১ রানেই তারা হারিয়ে ফেলে ওপেনার করন গোয়েল ও তিন নম্বরে নামা কুমার সাঙ্গাকারাকে। গোয়েলকে (১) এলবিডব্লু করেছেন গ্লেন ম্যাকগ্রা, আর সাঙ্গাকারা (৪) মোহাম্মদ আসিফের বলে কট বিহাইন্ড। তবে মাহেলা জয়াবর্ধনের (১৫) সঙ্গে ৫৮ রানের জুটি গড়ে পাঞ্জাবকে ম্যাচে ফিরিয়ে আনেন ক্যাটিচ। জয়াবর্ধনে শোয়েব মালিকের বলে রিটার্ন ক্যাচ দেয়ার পর ক্যাটিচ ও যুবরাজের ৩৭ বলে ৫০ রানের আরেকটা কার্যকর জুটি পাঞ্জাবকে জয়ের পথে এগিয়ে দিয়েছে অনেকখানি। ক্যাটিচের রান আউটের মাধ্যমে ভেঙ্গেছে এই জুটি। ৩২ বলে ফিফটি করা এই অস্ট্রেলীয় বাঁহাতি ব্যাটসম্যানের ৫২ বলে ৭৫ রানের ইনিংসটা সাজানো ১১ বাউন্ডারি ও একটি বিশাল ছক্কায়। ম্যাচের সেরাও তিনি। দলীয় ১১৯ রানে ক্যাটিচের বিদায়ের পর পুরো দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন যুবরাজ। এবং ২৯ বলে ৩টি চার ও দুটি ছক্কায় ৪০ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়েই মাঠ থেকে ফিরেছেন পাঞ্জাবের অধিনায়ক। এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়া দিল্লীর শুরুটাও পাঞ্জাবের মতো ভালো হয়নি। ইনিংসের দ্বিতীয় ওভারেই অধিনায়ক শেবাগ (৬) ইরফান পাঠানের বলে এলবিডব্লু। ব্রেট লি'র করা পরের ওভারে শিখর ধাওয়ানও (০) কট বিহাইন্ড। এর পর শোয়েব মালিককে (১৯) নিয়ে ওপেনার গৌতম গম্ভীর (১৮) প্রাথমিক বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা করলেও তা সফল হয়নি। দু জনকেই ফিরিয়ে দিল্লীকে ৪ উইকেটে ৫৪ রানে পরিণত করেন ভিআরভি সিং। তবে পরের ব্যাটসম্যানদের দৃঢ়তায় দেড় শ'র ওপরে যেতে পেরেছে দিল্লী ডেয়ারডেভিলস। সেজন্য মনোজ তিওয়ারি (৩৯), দিনেশ কার্তিক (২৪) ও ফারভিজ মাহারুফের (১৮) কাছে কৃতজ্ঞ থাকতে হবে দিল্লীর দলটিকে। ২৯ রানে ৩ উইকেট নিয়ে ভিআরভি সিং পাঞ্জাবের সেরা বোলার। পাঠান নিয়েছেন ২ উইকেট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২০১৫ঘ.