নতুন দিল্লি, ২৬ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - চুক্তির মেয়াদ শেষ হতে এখনো এক মাসেরও বেশি বাকি। ততদিন আর সময় দেয়া হয়নি ম্যালকম স্পিডকে। তাকে প্রধান নির্বাহীর পদ থেকে একরকম বিদায়ই করে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। জেনারেল ম্যানেজার ডেভিড রিচার্ডসনকে প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করতে বলে আইসিসি সবেতন ছুটিতে যাওয়ার অনুরোধ জানিয়েছে স্পিডকে।
খুব আকস্মিক মনে হলেও ম্যালকম স্পিডের আপাত এই অপসারণ কিন্তু অনেকটা অনিবার্যই ছিল। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে তার মতবিরোধ চরমে ওঠার ইঙ্গিত পাওয়া গেছে আগেই। শুক্রবার এক বিবৃতিতে আইসিসি তাকে ছুটিতে পাঠানোর কারণ জানাতে গিয়েও স্বীকার করে নিয়েছে সে কথা। আগামী ৪ জুলাইয়ের পর থেকে প্রধান নির্বাহীর দায়িত্বে আসার কথা দক্ষিণ আফ্রিকার হারুন লোরগাতের। সেই হিসেবে মাত্র ক'টা দিনই ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থায় থাকতে পারতেন ম্যালকম স্পিড। তবু কেন ডেভিড রিচার্ডসনকে সাময়িক দায়িত্ব দেয়া হচ্ছে তার কারণ জানাতে গিয়ে বিবৃতিতে বলা হয়, " জিম্বাবুয়েসহ অনেক ইস্যুতে সিইও ও বোর্ডের বেশ কয়েকজন কর্মকর্তা, এমনকি (আইসিসি) সভাপতিরও সম্পর্কের অবনতির জন্যই পরিকল্পনায় এই পরিবর্তন আনা হয়েছে।" বিবৃতিতে জানানো হয়, আগামী ৩০ এপ্রিল থেকে চুক্তির মেয়াদ শেষ না হওয়া (৪ জুলাই) পর্যন্ত সবেতন ছুটিতে থাকবেন ম্যালকম স্পিড।
জিম্বাবুয়ে নিয়ে এমন কি ঘটলো যার কারণে আইসিসির ভেতরে মতবিরোধ এমন চরমে উঠতে পারে? গতমাসে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের অ্যাকাউন্টে হিসাবের বড় রকমের গড়মিল ধরা পড়ে। কিন্তু অডিট রিপোর্টে তার পরিস্কার প্রমান থাকা সত্ত্বেও আইসিসি কারো বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি।
এদিকে ক্রিকইনফো জানিয়েছে ম্যালকম স্পিডের আকস্মিক এই ছুটিতে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এরও খানিকটা হাত আছে। ক্রিকেট ওয়েবসাইটটি বিসিসিআইর নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছে কপিল দেবের নেতৃত্বে হয়ে যাওয়া ইন্ডিয়ান ক্রিকেট লিগ (আইসিএল)-কে নিষিদ্ধ না করাতেই এ পরিণতি মানতে হচ্ছে স্পিডকে। সাবেক আইনজীবী স্পিড কদিন আগে মুম্বাইয়ে সাংবাদিকদের বলেন, বিসিসিআই আনুষ্ঠানিকভাবে আবেদন করেনি বলেই এখনো আইসিসি নিষিদ্ধ করেনি আইসিএলকে। অথচ বিসিসিআই-এর কয়েকজন কর্মকর্তার দাবি , স্পিড প্রকৃত সত্য গোপন করেছেন, কেননা, আইসিসির একাধিক সভায় বিষয়টি উত্থাপন করেছিল বিসিসিআই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/১৬৪০ ঘ.
bdnews24