হায়দ্রাবাদ, ২৪ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- ২১৪ রানও টপকে গেল শেন ওয়ার্নের রাজস্থান রয়ালস। হায়দ্রাবাদে অনুষ্ঠিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এই উত্তেজনায় ভরা ম্যাচটিতে তারা লক্ষণের ডেকান চার্জাসর্কে হারিয়েছে ৩ উইকেটে। তৃতীয় ম্যাচে এটা তাদের দ্বিতীয় জয়। অন্য দিকে ডেকান হারল তিন ম্যাচের সবগুলোতেই।
আগের ম্যাচগুলোতে সেভাবে পারেননি। এই ম্যাচে সেটা পুষিয়ে দিলেন অ্যান্ড্রূ সাইমন্ডস। ৫৩ বলে করা তার ১১৭ রানের ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২১৪ রানের ইনিংস দাঁড় করায় ডেকান চার্জার্স। ইনিংসে ১১টি বাউন্ডারি আর ৭টি ছক্কা মেরেছেন সাইমন্ডস। প্রথম ম্যাচে ম্যাককালামের দানবীয় ১৫৮ রানের পর এটা টুর্নামেন্টের দ্বিতীয় সেঞ্চুরি। ভারতের টোয়েন্টি টোয়েন্টি স্পেশালিস্ট ব্যাটস্যান রোহিত শর্মা ৩০ বলে করেন ৩৬ রান।
এই রান টপকে যাওয়া অনেক কঠিন। সেটাকে সহজ করে দেয় ইউসুফ পাঠানের ২৮ বলে ৬১ রানের ইনিংস। তার ওপেনিং সঙ্গী গ্রায়েম স্মিথও করেন ৪৫ বলে ৭১। কাইফের ১৬ বলে খেলা ৩৪ রানের ইনিংসও জয়ের সঙ্গে ব্যবধান কমিয়ে দিয়েছিল অনেক। তাতেও কাজ হতো না যদি শেষ ওভারে অধিনায়ক শেন ওয়ার্ন পরপর দুই বলে দুটো ছক্কা না মারতেন। আর তাই ১৭ রানের প্রয়োজন নিয়ে শেষ ওভার শুরু করা রাজস্থান ১ বল বাকি থাকতেই নিশ্চিত করে ফেলে জয়।
ক্রিকইনফোর সহায়তায়
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএম/২২৫৮ঘ.
bdnews24