দিল্লি, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কম) - কিছুদিন আগেও স্রোতটা ছিল উল্টো দিকে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) খুব চাইছিল অস্ট্রেলিয়া আসুক, কিন্তু নিরাপত্তার অভাবে রিকি পন্টিংয়ের দল আসেনি। তাদের শূন্যস্থান পূরণের অনুরোধ ভারতও রাখেনি। অবশেষে শেষ ভরসা হয়ে পাকিস্তান সফর করে এলো বাংলাদেশ। তাতে সম্ভবত নিরাপত্তা নিয়ে যে সংশয় তা খানিকটা কাটতে শুরু করেছে। নইলে সেই অস্ট্রেলিয়া দল কী করে দুই বছরে (২০০৯ এবং ২০১০) দুবার পাকিস্তান আসতে রাজি হয়ে যায়? শুধু কি তাই, সন্ত্রাসী হামলায় বেনজির ভুট্টোর প্রাণহানির ঘটনাকে অতীত মেনে এবার নিউজিল্যান্ডও আসছে পাকিস্তান সফরে। আগামী আগস্টে তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলতে আসছে তারা।
নিউজিল্যান্ডের কাছ থেকে সবুজ সংকেত পাওয়ার ঠিক আগে আগেই অবশ্য আরেকবার প্রত্যাখ্যাত হবার যন্ত্রণা সইতে হয়েছে পিসিবিকে। একই সময়ে তিন ম্যাচের সিরিজ খেলার অনুরোধ জানানো হয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে, কিন্তু কানাডায় খেলতে যেতে হবে বলে সে অনুরোধ রাখেনি ক্রিস গেইলের দল। অনেকটা বাধ্য হয়েই নিউজিল্যান্ডের দ্বারস্থ হয় পিসিবি। বুধবার নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)-এর এক মুখপাত্র জানান, পিসিবির অনুরোধে এবার পাঁচ বছর পর সত্যি সত্যিই পাকিস্তানে দল পাঠাবেন তারা। ২০০২ সালে করাচিতে বোমা হামলায় হতাহতের ঘটনা ঘটায় সফর বাতিল করে দেশে ফিরে যায় নিউজিল্যান্ড দল। তারপর থেকে এবারই প্রথম পাকিস্তানমুখো হচ্ছে কিউইরা। তবে পিসিবি চেয়েছিল পাঁচ ম্যাচের সিরিজ, সেখানে তিন ম্যাচ মেনেছে এনজেডসি। এনজেডসি'র মুখপাত্র জানিয়েছেন আগামী সেপ্টেম্বরে পাকিস্তানে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্ততির কথা মাথায় রেখেই পিসিবি'র অনুরোধ রাখছেন তারা,"এনজেডসি তিন ম্যাচের সিরিজে রাজি হয়েছে, কারণ, আমাদের মনে হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি হিসেবে এই সংখ্যাটাই যথার্থ।"
ক্রিকইনফোর সহায়তায়
বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কম/এসি/এমএম/১৯৫৫ঘ.
bdnews24