ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কম/রয়টার্স)--- বীরেন্দর শেবাগের একটা ঝড়ো ইনিংসে রীতিমতো উড়েই গেছে ডেকান চার্জার্স। মঙ্গলবার রাতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর একমাত্র ম্যাচে শেবাগের দল দিল্লি ডেয়ারডেভিলস জিতেছে ৯ উইকেটে।
টস জিতে ব্যাট করতে নেমে ডেকান চার্জার্স নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪২ রান তুলেছিল। ৮২ রানে ৬ উইকেট হারানোর পর রোহিত শর্মার ৩৬ বলে ৬৬ রানের ইনিংসটাই এতদূর নিয়ে গেছে তাদের।
কিন্তু জবাব দিতে নেমে শুরু থেকে ব্যাটে ঝড় তুলেছেন শেবাগ। মাত্র ৪১ বলে ৯৪ রান করেছেন দিল্লির অধিনায়ক, ১০ টি বাউন্ডারি আর ছয়টি ছক্কায় সাজানো ছিল তার ইনিংসটা। ওই ঝড়ে ৭ ওভার বাকি থাকতেই শেবাগের ওপেনিং সঙ্গী গৌতম গম্ভীরের উইকেটটি হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৪৩ রান তুলে নিয়েছে দিল্লি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কম/এসএইচ/১০১৬ ঘ.
bdnews24