২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালিকের সামনে ইমরানকে টপকানোর হাতছানি, আশরাফুলের অস্তিত্বের প্রশ্ন

শেষ ম্যাচের আগে দু'জন পুরো দুই মেরুতে দাঁড়িয়ে। করাচীর ন্যাশনাল স্টেডিয়ামে শনিবার পঞ্চম ওয়ানডেতে জয় শোয়েব মালিককে শুধু হোয়াইটওয়াশের আনন্দই দেবে না। ইমরান খানকে টপকে একটানা সবচেয়ে বেশি ওয়ানডে জয়ী (১১টি) পাকিস্তান অধিনায়কও হয়ে যাবেন তাহলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2008, 03:35 PM

Updated : 26 Aug 2022, 01:43 PM

ঢাকা, ১৮ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- শেষ ম্যাচের আগে দু'জন পুরো দুই মেরুতে দাঁড়িয়ে। করাচীর ন্যাশনাল স্টেডিয়ামে শনিবার পঞ্চম ওয়ানডেতে জয় শোয়েব মালিককে শুধু হোয়াইটওয়াশের আনন্দই দেবে না। ইমরান খানকে টপকে একটানা সবচেয়ে বেশি ওয়ানডে জয়ী (১১টি) পাকিস্তান অধিনায়কও হয়ে যাবেন তাহলে। এই অবস্থায় বাংলাদেশ অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে নিজের বাজে পারফরম্যান্সের কারণে হাজারটা প্রশ্নের চাপ মাথায় নিয়ে নামতে হচ্ছে। একের পর এক ম্যাচে রান পাচ্ছেন না। পাকিস্তানে গিয়ে প্রথম তিন ম্যাচেও রান না পাওয়ায় চতুর্থ ওয়ানডেতে তাকে রান করার তাগিদ দিয়েছিলেন কোচ জেমি সিডন্স। সাকিব আল হাসানকে একইভাবে তাগাদা দিয়ে কাজ হলেও আশরাফুলের ক্ষেত্রে তা হয়নি। তবে বাংলাদেশ দলের কোচ অন্তত আশায় আছেন, শেষ ম্যাচে হলেও ঝলসে উঠবেন তার অধিনায়ক। এই সফরে ব্যাটসম্যানদের মধ্যে কমবেশি অনেকেই রান পেয়েছেন, শুধু আশরাফুল ছাড়া। তামিম ইকবাল দুটো ফিফটি করেছেন। প্রথম দুই ম্যাচে ব্যর্থতার পর তৃতীয় ম্যাচে সাকিব আল হাসানের ৭৫ রান রান তাড়া করতে নামা বাংলাদেশকে পৌছে দেয় ২৮৫ রানে। পরের ম্যাচেই ৮ উইকেটে ১০৯ রান থেকে বাংলাদেশকে ২১০ রানের সন্মানজনক স্কোর পাইয়ে দেয় সাকিবের দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরি। পরপর তিন ম্যাচে দুইশোর বেশি রান তোলাকেই বাংলাদেশ শিবির এই সফরে তাদের উন্নতির লক্ষণ বলে মানছে। এখন শেষ ম্যাচে অধিনায়কের ব্যাটে রান এলে সেটাকেও তার বাজে সময় পেছনে ফেলার ইঙ্গিত বলে ধরা যাবে। দু'দলের সামনেই বেশ কিছু প্রাপ্তির সুযোগ আছে বলে করাচীর ম্যাচটাকে আর আনুষ্ঠানিকতার ম্যাচ বলা যাচ্ছে না। তবে শেষ ম্যাচেও পাকিস্তান দলে পরীক্ষা-নিরীক্ষা অব্যাহত থাকছে। এই ম্যাচেই নিজ মাঠে অভিষেক হতে পারে নোমানুল্লাহর। আর মোহাম্মদ আসিফের নতুন বলের সঙ্গী হওয়ার কথা আছে ওয়াহাব রিয়াজের। ৪-০ তে এগিয়ে থাকা পাকিস্তানেরই এমন বিলাসিতা মানায়। আর বাংলাদেশের জন্য এই ম্যাচ কিছু একটা করে দেখানোর শেষ সুযোগ। তাতে সফল হলে অন্তত দেশে ফেরার আগে মান বাঁচানো যায়। কারণ সফর শুরুর আগে থেকেই এই সিরিজ খেলার যৌক্তিকতা নিয়ে ওঠা প্রশ্নটা যে ক্রমেই উচ্চকিত হয়েছে! ওয়ানডে সিরিজ শেষে অবশ্য রোববার করাচীতেই একটা টোয়েন্টি টোয়েন্টি ম্যাচও খেলবে বাংলাদেশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১৩০ঘ.