ব্যাঙ্গালোর, ১৭ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিঃসন্দেহে উদ্যোগটা অভিনব। শুক্রবার বহুল আলোচিত ভারতীয় ক্রিকেট লিগ বা আইপিএল-এর জাকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানশেষে অন্ধকার নেমে আসবে ব্যাঙ্গালোরের চিন্নাস্বামী স্টেডিয়ামে। সেই অন্ধকারের ভেতর দিয়ে টস করতে হেঁটে যাবেন উদ্বোধনী ম্যাচের দুই দল ব্যাঙ্গালোর রয়েল চ্যালেঞ্জার্স ও কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক রাহুল দ্রাবিড় ও সৌরভ গাঙ্গুলী। 'স্পটলাইট' তখন থাকবে শুধু ভারতের দুই ক্রিকেট-তারকার ওপরে!
শুক্রবার ব্যাঙ্গালোরের স্থানীয় সময় রাত ৮টায় শুরু হতে যাওয়া উদ্বোধনী ম্যাচের আগে এমন অভিনব ঘটনা মঞ্চস্থ হতে পারে চিন্নাস্বামী স্টেডিয়ামে। অবশ্য ব্যাপারটা এখনো সম্ভাবনার আবর্তের মধ্যে। কারণ পুরো স্টেডিয়াম অন্ধকার করে দেয়ার অনুমতি পেতে হবে আইপিএল কর্মকর্তাদের। এ সম্পর্কে ব্যাঙ্গালোর রয়েল চ্যালেঞ্জার্সের প্রধান নির্বাহী ও ধারাভাষ্যকার চারু শর্মার বক্তব্য, "আমরা টসটা স্পটলাইটের নিচে করার সংকল্প করেছি। এবং স্থানীয় কর্তৃপক্ষের অনুমতির অপেক্ষা করছি। বাতি নিভিয়ে দেয়ার পর স্টেডিয়ামে উপস্থিত অসংখ্য মানুষের কথাও তো আমাদের বিবেচনা করতে হবে। এটা এমন একটা ব্যাপার আগে কখনোই যার জন্য চেষ্টা করা হয়নি।" টসের পর ফিল্ডিং করা দলের কয়েক জনের সঙ্গে খেলা চলার সময়ই সরাসরি কথা বলবেন টিভি ধারাভাষ্যকাররা। এটা অবশ্য নতুন কিছু নয়, বেশ কয়েক বছর ধরেই ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে ব্যাপারটা চলছে।
সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হওয়া ৪৫ মিনিটের উদ্বোধনী অনুষ্ঠানের আকর্ষণও কম নয়। অংশ নেয়া ৮ দলের অধিনায়ক পিচের মাঝখানে দাঁড়িয়ে এক সঙ্গে ক্রিকেট-স্পিরিটের প্রতি আইপিএল-এর বিশ্বাসের কথা প্রতিধ্বনিত করবেন। আইসিসি ও বিসিসিআই প্রেসিডেন্ট রে মালি ও শারদ পাওয়ার এবং আইপিএল চেয়ারম্যান ললিত মোদিও বক্তব্য দেবেন অনুষ্ঠানে।
উদ্বোধনী অনুষ্ঠানের বাকি অংশও দারুণ আকর্ষণীয় হবে। আতশবাজি, শূন্যে জিমন্যাস্টদের কসরত, মাঠের মধ্যে বিভিন্ন আয়োজনের পাশাপাশি অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ শাহরুখ খান ও প্রীতি জিনতার উপস্থিতি। দুই বলিউড তারকার উপস্থিতি অবশ্য প্রত্যাশিতই। কারণ শাহরুখ কলকাতা নাইট রাইডার্স এবং প্রীতি জিনতা কিংস ইলেভেন পাঞ্জাবের মালিকানার অংশীদার। দর্শকদের মনোরঞ্জন দেয়ার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের রাগবি দল ওয়াশিংটন রেডস্কিন্স-এর ১২ জন চিয়ার লিডার্সকেও নিয়ে এসেছে ব্যাঙ্গালোর।
সব মিলিয়ে টোয়েন্টি টোয়েন্টি টুর্নামেন্টটিকে ঘিরে 'গার্ডেন সিটি' নামে খ্যাত ব্যাঙ্গালোরে এখন সাজ-সাজ রব, উৎসবের আবহ। এর মাঝেই একটা সুখবর পেয়েছে আইপিএল। ভারতের টিভি নিউজ চ্যানেলগুলোর সবচেয়ে প্রভাবশালী সংস্থা নিউজ ব্রডকাস্টার্স অ্যাসোসিয়েশন (এনবিএ) ম্যাচের ফুটেজ প্রাপ্তি ও অ্যাক্রিডিটেশন নিয়ে জটিলতার কারণে আইপিএল বয়কট করার হুমকি দিয়েছিল। তবে বুধবার রাতে ললিত মোদির সঙ্গে সাফল্যজনক এক মিটিংয়ে মিটে গেছে সব সমস্যা, হুমকি প্রত্যাহার করে নিয়েছে এনবিএ।
ক্রিকইনফোর সহায়তায়
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৮৩৫ঘ.
bdnews24