২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ আফ্রিকাকে নিয়ে উচ্ছ্বসিত স্মিথ-আর্থার

৮ বছর আগে হানসি ক্রনিয়ের দক্ষিণ আফ্রিকা যা পেরেছিল এবার গ্রায়েম স্মিথের দল তা পারেনি। ২০০০ সালে ভারত সফরে ক্রনিয়ের নেতৃত্বাধীন দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ জিতে অবাক করে দিয়েছিল ক্রিকেট-দুনিয়াকে। আহমেদাবাদে ভারতকে ইনিংস ব্যবধানে হারিয়ে এবারো সেই সম্ভাবনার জন্ম দিয়েছিল প্রোটিয়ারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2008, 05:29 PM

Updated : 26 Aug 2022, 01:43 PM

জোহানেসবার্গ, ১৬ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ৮ বছর আগে হানসি ক্রনিয়ের দক্ষিণ আফ্রিকা যা পেরেছিল এবার গ্রায়েম স্মিথের দল তা পারেনি। ২০০০ সালে ভারত সফরে ক্রনিয়ের নেতৃত্বাধীন দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ জিতে অবাক করে দিয়েছিল ক্রিকেট-দুনিয়াকে। আহমেদাবাদে ভারতকে ইনিংস ব্যবধানে হারিয়ে এবারো সেই সম্ভাবনার জন্ম দিয়েছিল প্রোটিয়ারা। কিন্তু কানপুরে অনুষ্ঠিত শেষ টেস্টে তিন দিনেই হেরে যাওয়ায় এবার আর তাদের ভারত-জয়ের স্বপ্ন পূরণ হয়নি। তার পরও দলের পারফরম্যান্সে খুশি স্মিথ ও মিকি আর্থার। দেশে ফিরে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ও কোচ দু জনই মেতে উঠলেন দলের খেলোয়াড়দের বন্দনায়। "সফরটা নিয়ে আমি উচ্ছ্বসিত .... এবং এই দলের ভবিষ্যত নিয়েও উচ্ছ্বসিত"--- আনন্দানুভূতি দিয়ে শুরু করা কোচ আর্থার এর পর জানালেন দলের পারফরম্যান্সে তিনি কতটা তৃপ্ত, "গত দু বছর ধরে দলটা গড়েছি আমরা। আমাদের এমন একটা (বোলিং) আক্রমণের দরকার ছিল যা ২০ উইকেট নিতে সক্ষম। নিঃসন্দেহে আমরা তা পেয়েছি। শীর্ষ ছয় ব্যাটসম্যান যেভাবে দায়িত্ব পালন করেছে তাতেও আমি খুশি। কানপুরে হেরে গেলেও সর্বশেষ ৩৯টি আন্তর্জাতিক ম্যাচের ৩২টিতেই আমরা জয় পেয়েছি। এটা একটা অবিশ্বাস্য অর্জন।" অধিনায়কের কণ্ঠেও কোচের কথারই প্রতিধ্বনি। ২০০৩ বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকেই বিদায় নেয়ার পর শন পোলককে সরিয়ে নেতৃত্ব দেয়া হয়েছিল স্মিথকে। ঘরের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপ থেকে দুঃখজনক বিদায়ে প্রোটিয়ারা তখন ভীষণ হতোদ্যম। সেই বিপর্যস্ত সময়ে দায়িত্ব নিয়ে স্মিথ দলকে এনে দিয়েছেন বহু সাফল্য। দল নিয়ে তাই দারুণ গর্বিত দক্ষিণ আফ্রিকার অধিনায়ক, "যখন প্রথম অধিনায়ক হয়েছিলাম তখন এমনিই একটা দল পেয়েছিলাম আমি। কিন্তু এখন আমার সামনে দলটাকে ভালোভাবে গড়ে তোলার দারুণ সুযোগ। দলটা এখন পায়ের তলায় মাটি খুঁজে পেয়েছে। এই দলের সাফল্য সত্যিই খুব ফলপ্রসু।" সব মিলিয়ে দলের পারফরম্যান্সে দারুণ আনন্দিত স্মিথ, "আমরা যে ধরনের বোলার পেয়েছি তাতে করে এই দলকে নেতৃত্ব দেয়াটা আমার জন্য একটা দারুণ ইতিবাচক দিক। তবে শীর্ষ ছয় ব্যাটসম্যানকেও দুর্দান্ত বলতেই হবে। ১২ টেস্টে তারা ১৭টা সেঞ্চুরি করেছে। দলটা এখন দারুণ লড়াই করতে পারে। খেলাটার তিন ধরনের সংস্করণেই আমাদের পরিসংখ্যান অবিশ্বাস্য।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৫০৮ঘ.