ঢাকা, ১৫ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- ব্যাটসম্যানদের রান না করার রোগ সারাইয়ের অব্যর্থ এক পথ্যই বোধহয় পেয়ে গেছেন জেমি সিডন্স। যে পথ্যে কাজ হয়েছে সাকিব আল হাসান ও আফতাব আহমেদদের। বুধবার মুলতানে সিরিজের চতুর্থ ওয়ানডের আগে তিনি একই পথ্য দিয়েছেন মোহাম্মদ আশরাফুলকেও। বাংলাদেশ কোচের আশা, সাকিব-আফতাবের মতো এটা অধিনায়ককেও রানে ফেরাবে। তাই হলে দেশে ফেরার আগে অন্তত বলার মতো কিছু একটা করে আসতে পারে বাংলাদেশ।
রান করার চাপ দেওয়াই আসলে জেমি সিডন্সের দেওয়া পথ্য। রান করতে না পারলে তোমার ব্যাটিং অর্ডারের সেরা ছয়ে থাকার যৌক্তিকতা কী? ফয়সালাবাদে সিরিজের দ্বিতীয় ওয়ানডের পর সাকিব-আফতাবদের কাছে এমন প্রশ্নই রেখেছিলেন সিডন্স। এতেই রান করার চাপটা অনুভব করছিলেন তারা। আর কাজ কতোটা তার প্রমাণ হয়ে আছে লাহোরে সিরিজের তৃতীয় ওয়ানডেটি। যাতে পাকিস্তানের ৩০৮ রান তাড়া করতে নামা বাংলাদেশ করেছিল ৭ উইকেটে ২৮৫। ওয়ানডেতে রান চেজ করতে নেমে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর গড়ায় সাকিব-আফতাবের দারুণ ভূমিকা। আফতাব করেন ৪২ রান। আর সাকিবের ব্যাট থেকে আসে ৭৫।
সাকিব-আফতাবের সাফল্যে আশাবাদী কোচ এখন অধিনায়কের ব্যাটেও রান দেখার প্রতীক্ষায়, "ফয়সালাবাদ ম্যাচের পর আমি সাকিব আর আফতাবকে চাপে রেখেছিলাম। এর জবাবটা তারা ভালোভাবেই দিয়েছে। এখন আমি আশরাফুলকেও একইভাবে চাপ দিচ্ছি। শেষ দুই ম্যাচে ও ভালো করবে, এই বিশ্বাস আমার আছে।" যদিও এই সিরিজটা ভীষণ বাজে যাচ্ছে বাংলাদেশ অধিনায়কের। তিন ম্যাচে দলের সবচেয়ে অভিজ্ঞ এবং সেরা ব্যাটসম্যানের কাছ থেকে এসেছে মাত্র ৪৭ রান। যে কারণে তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসানদের ওপরই প্রথম তিন ম্যাচে নির্ভর করে থাকতে হয়েছে বাংলাদেশকে।
অধিনায়কত্ব তার ব্যাটিংয়ে কতোটা প্রভাব ফেলেছে, এই প্রশ্নের উত্তর পেতে হলে আরো কিছুদিন সময় লাগবে। তবে আপাতত আশাব্যঞ্জক কিছু নেই। ১৫টি ওয়ানডেতে দলকে নেতৃত্ব দিয়ে ব্যাটিং অ্যাভারেজ ২২.১৬, তার ক্যারিয়ার অ্যাভারেজের চেয়ে মাত্র দুই রান বেশি। এই সময়ে মাত্র দুটো ফিফটি এসেছে তার ব্যাট থেকে। সবমিলিয়ে অধিনায়কের পারফরম্যান্সে ভীষণ চিন্তিত সিডন্স বলছেন, "ওর পারফরম্যান্স নিয়ে খুব দুঃশ্চিন্তায় আছি আমি। দলের অধিনায়ক হিসেবে ওর রান করা উচিত।" সেই সঙ্গে তিনি এটাও বলতে ভোলেননি, "আশরাফুল দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান। যখনই ও পারফরম করে, দল জেতে। আমি ওর সঙ্গে কথা বলেছি। যেভাবে ট্রেনিং করছে তাতে একটা বড় ইনিংস ওর জন্য কেবল সময়ের ব্যাপার বলেই মনে হচ্ছে আমার।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০০৫ঘ.
bdnews24