কানপুর, ১২ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আহমেদাবাদে ১৩ রানের জন্য সেঞ্চুরি পাননি আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে কট বিহাইন্ড হয়ে। তাতে একটুও দমে যাননি সৌরভ গাঙ্গুলী। কানপুরের ব্যাটিং-দুরূহ উইকেটেও 'প্রিন্স অব কলকাতা'র ব্যাটে রানের প্রবাহ! কিন্তু কাকতালীয়ভাবে এবারও সেই ১৩ রানের আক্ষেপ। তারপরও সৌরভের ৮৭ রানের দুর্দান্ত ইনিংসটার সুবাদেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টে লিড নিতে পেরেছে ভারত। দ্বিতীয় দিনশেষে স্বাগতিকদের স্কোর ৯ উইকেটে ২৮৮ রান। প্রথম ইনিংসে প্রোটিয়াদের ২৬৫ রানের চেয়ে তারা এগিয়ে আছে ২৩ রানে।
দিনের পঞ্চম ওভারেই প্রোটিয়াদের ব্রেক থ্রু এনে দেন মরকেল, ১৫ রান করা ওয়াসিম জাফরকে এলবিডব্লুর ফাঁদে ফেলে। চেন্নাইয়ে অনুষ্ঠিত সিরিজের প্রথম ম্যাচে টেস্ট ক্রিকেটের দ্রুততম ট্রিপল সেঞ্চুরি করা বীরেন্দর শেবাগও (৮) এলবিডব্লু। তাকে ফিরিয়ে স্বাগতিকদের ২ উইকেটে ৩৫ রানে পরিণত করেন দারুণ ফর্মে থাকা ডেল স্টেইন।
সেখান থেকে দ্রাবিড়-লক্ষ্মণের প্রতিরোধের সূচনা। দ্রাবিড় খেলেছেন তার স্বভাব- সুলভ ধীরগতিতে। অবশ্য লক্ষ্মণকেও তেমন আক্রমণ করার সুযোগ দেননি দক্ষিণ আফ্রিকার বোলাররা। তবে এই দুজনের দৃঢ়তার জন্যই মধ্যাহ্ন বিরতি পর্যন্ত আর কোনো ক্ষতি হয়নি ভারতের। তৃতীয় উইকেটে দ্রাবিড়-লক্ষ্মণের ৭৮ রানের জুটি এক সময় শক্ত অবস্থানে পৌঁছানোর স্বপ্ন দেখাচ্ছিল স্বাগতিকদের। কিন্তু মরকেলের জোড়া আঘাতে বড় এক ধাক্কা খায় সেই স্বপ্ন। তার একটি লাফিয়ে ওঠা বল দ্রাবিড়ের গ্লাভসে লেগে চলে যায় গালিতে থাকা এবি ডি ভিলিয়ার্সের হাতে। ভারতের সাবেক অধিনায়ককে ২৯ রান করতে খেলতে হয়েছে ১০৬ বল, যেখানে বাউন্ডারি ৪টি।
দ্রাবিড় ফিরে যাওয়ার সময় ভারতের স্কোর ৩ উইকেটে ১১৩ রান। স্কোরবোর্ডে আর ১০ রান যোগ হতেই লক্ষ্মণ আউট। ব্যক্তিগত ৪৩ রানে পল হ্যারিসের বলে স্লিপে জ্যাক ক্যালিসকে ক্যাচ দিয়েও বেঁচে গিয়েছিলেন। সেই সুযোগ কাজে লাগিয়ে ৩৩তম ফিফটি পাওয়ার পর পরই মরকেলের দুর্দান্ত এক ইনসুইঙ্গারে তিনি বোল্ড। ১০৩ বলে খেলা ৫০ রানের ইনিংসটা সাজানো ছিল ৭টি বাউন্ডারিতে।
১২৩ রানে চতুর্থ উইকেট হারানোর পর যুবরাজের সঙ্গে জুটি বাঁধেন সৌরভ। আর ভারতও পেয়ে যায় ৬৫ রানের এক মূল্যবান জুটি। সেটা আরো বড় হতে পারেনি যুবরাজের উচ্চাভিলাষী শটের কারণে। হ্যারিসকে অহেতুক তুলে মারতে গিয়ে ডিপ মিডউইকেটে ডি ভিলিয়ার্সের হাতে ধরা পড়েন ৩২ রান করা যুবরাজ। অথচ সেই ওভারের প্রথম বলে ডিপ মিডউইকেটের ওপর দিয়েই ছক্কা মেরেছিলেন সৌরভ।
পরের ব্যাটসম্যান এবং এই ম্যাচে ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির অবদানও ৩২। এবং তিনিও দায়িত্বহীনতার পরিচয় দিয়ে আউট। সৌরভের সঙ্গে ৬০ রানের জুটি গড়ে দলকে অনেক দূর এগিয়ে নেয়ার আশা জাগিয়েছিলেন। কিন্তু হ্যারিসকে স্টেপ ডাউন করে মারতে গিয়ে স্টাম্পড হয়ে যান ধোনি।
ধোনির বিদায় দিয়েই ভারতীয় ইনিংসে মড়কের সূচনা। প্রথমে হরভজনকে (৬) এলবিডব্লুর ফাঁদে ফেলেন স্টেইন। তার পর এনটিনির আঘাত। পুল করতে গিয়ে গ্রায়েম স্মিথকে ক্যাচ দেন পীযূষ চাওলা (৪)। স্টেইনের করা পরের ওভারের প্রথম বলে সৌরভও আউট। সঙ্গীর অভাবে সেঞ্চুরি-বঞ্চিত থাকার আশঙ্কাতেই বোধহয় উড়িয়ে মারতে চেয়েছিলেন ভারতের সফলতম টেস্ট অধিনায়ক। কিন্তু আকাশে উঠে যাওয়া ক্যাচটা ধরতে কোনো সমস্যা হয়নি হাশিম আমলার। আর তাই আবারো মাত্র ১৩ রানের জন্য সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে ফিরতে হয়েছে সৌরভকে। ১১৯ বলের ইনিংসে হ্যারিসকে মারা ঐ ছক্কা ছাড়াও ছিল ৯টি বাউন্ডারি। শেষ বিকেলে একের পর এক আঘাতে ৩১ রানে ৪ উইকেট হারানোর জন্যই ভারতের বড় লিড নেয়ার স্বপ্ন প্রায় শেষ। ৩টি করে উইকেট নিয়ে স্টেইন ও মরকেল দক্ষিণ আফ্রিকাকে ম্যাচে ধরে রেখেছেন ভালোমতোই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৮১৫ঘ.
bdnews24