ফয়সালাবাদ, ১১ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- ২২৫ রান তাড়া করতে হলে কী হত বলা মুশকিল। তবে বৃষ্টির কারণে ডি/এল মেথড অনুযায়ী ২৫ ওভারে ১৫৮ রানের টার্গেটে পৌছাতে তেমন কোনো সমস্যাই হয়নি পাকিস্তানের। ওপেনার সালমান বাটের ৭২ বলে ৭৬ রানের ঝড়ো ইনিংসে ৩ উইকেট হারিয়ে হেসেখেলেই লক্ষ্যে পৌছে গেছে তারা। ১০ বল বাকি থাকতেই ৭ উইকেটের জয় তুলে নিয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ তে এগিয়ে গেছে শোয়েব মালিকের দল। পরপর দুই ম্যাচে পাকিস্তানের অনায়াস জয় বাংলাদেশ বিপক্ষে তাদের এই সিরিজ খেলা নিয়ে প্রশ্ন তুলে দিল আরো।
জয় থেকে মাত্র ৭ রান দূরে থাকতে মোহাম্মদ আশরাফুলের সরাসরি থ্রোতে রানআউট হওয়ার আগে সালমান হতাশায় পুড়িয়েছেন বাংলাদেশের বোলারদের। তার ইনিংসে নয়টি বাউন্ডারির পাশাপাশি একটা ছক্কার মারও ছিল। সাজঘরে ফেরার আগে তিনি সিরিজের প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান মোহাম্মদ ইউসুফের সঙ্গে তৃতীয় উইকেটে যোগ করেছেন ৭৩ রান। ইউসুফ অপরাজিত ছিলেন ৩২ রানে। মাঝে সাকিব আল হাসান ওপেনার নাসির জামশেদকে (২১) ও ফরহাদ রেজা ইউনিস খানকে (১৩) বোল্ড করে দিলেও তাতে এই ম্যাচে বাংলাদেশের ভালো কিছুর কোনো সম্ভাবনাই জাগেনি।
এর আগে বাংলাদেশের ব্যাটিংয়ে অবশ্য প্রথম ওয়ানডের তুলনায় কিছুটা ভিন্নতা লক্ষ্য করা গেছে। প্রতিপক্ষ যখন বড় দল, তখন বাংলাদেশের ইনিংসের শুরুর সঙ্গে শেষের সাধারণত একটা মিল থাকে। বিপর্যয় দিয়ে শুরু হওয়া ইনিংস মামুলি স্কোরে থেমে যাওয়ার এই নিয়মে যে মাঝে মাঝে ব্যতিক্রম হয় না তা নয়। যেমন হল শুক্রবার ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে। ২ উইকেটে ৩১ এবং ৬ উইকেটে ১৪১ রানের পরও বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে বাংলাদেশের রান সোয়া দুইশো। মাহমুদুল্লাহ রিয়াদের প্রথম ওয়ানডে ফিফটির সুবাদেই যেখানে পৌছেছে তারা।
এই ম্যাচে নিজের পঞ্চম ওয়ানডে ফিফটি করেছেন তামিম ইকবালও। কিন্তু শেষ বিচারে রিয়াদের অপরাজিত ৫৮ রানই বেশি মূল্যবান হয়ে থাকছে। কারণ দীর্ঘসময় এক প্রান্ত আগলে রাখা তামিম হঠাৎই মনোসংযোগ হারিয়ে উইকেট দিয়ে এসেছেন এবং দলের বিপর্যয় ঘনীভূত করায় রেখেছেন ভূমিকা। শহীদ আফ্রিদির বল অযথাই উইকেট ছেড়ে বেরিয়ে মেরেছিলেন। কিন্তু লংঅফে উমর গুলের হাতে ধরা পড়ে শেষ হয় তার ৬০ রানের ইনিংসটি। তিনি দলকে ১০৫ রানে রেখে যাওয়ার পর দুই বাউন্ডারি ও এক ছক্কায় ২৬ রান করা ফরহাদ রেজাও থাকেননি বেশিক্ষণ।
দলকে ১৪১ রানে রেখে এই অলরাউন্ডার সাজঘরে ফেরার পর থেকেই উইকেটকিপার ধীমান ঘোষকে নিয়ে শুরু রিয়াদের।
সপ্তম উইকেটে তারা যোগ করেন ৭৫ রান। ধীমান ২৭ রান করে আউট হয়ে গেলেও রিয়াদ ৭৪ বলে ৫৮ রান করে অপরাজিত ছিলেন। তার এই ইনিংসে আছে ছয়টি বাউন্ডারির মার।
এই ম্যাচে টসভাগ্য মুখ তুলে তাকালেও বাংলাদেশের ব্যাটিং ভাগ্য বদলেছে বলে মনে হচ্ছিল না। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ে নামার পর বাংলাদেশের শুরুটা বরাবর যেমন হয়, তেমনই হয়েছে। ৩১ রানে ২ উইকেট হারানোর পর ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ছিল মোহাম্মদ আশরাফুল ও তামিম ইকবালের ব্যাটিংয়ে। তবে ওই পর্যন্তই।
বলের লাইনে না গিয়ে খেলার রোগ দেখা গেছে এই ম্যাচেও। শাহরিয়ার নাফীস যেমন পেসার সোহেল তানভীরকে উইকেট উপহারই দিয়েছেন। এই বাঁ হাতি পেসারের অফ স্টাম্পের অনেক বাইরের বল জায়গায় দাড়িয়ে চালাতে গিয়ে বিপদ ডেকে আনেন নাফীস (৪)। বল তার ব্যাটের কানা নিয়ে চলে যায় উইকেটকিপার কামরান আকমলের গ্লাভসে। তবে উমর গুলের বলে আফতাব আহমেদের (১) বিরুদ্ধে দেওয়া আম্পায়ার আলিম দারের এলবির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন আছে। টিভি রিপ্লে দেখে মনে হয়েছে বল তার প্যাডের ওপরের অংশে লেগেছে।
তাও ভালো যে শুরুতে বিপর্যয় আরো বাড়েনি তামিমের ভাগ্য সহায় থাকায়। গুলের বলেই শর্ট মিডউইকেটে তার ক্যাচ ফেলেছেন নাসির জামশেদ। তামিমের রান তখন ২০। তাকে সঙ্গে নিয়ে ভালোই এগুচ্ছিলেন আশরাফুল। গুলের এক ওভারে তিন তিনটি বাউন্ডারি হাকানো বাংলাদেশ অধিনায়ক (২২) এলবিডাব্লিউর ফাঁদে পড়েন রাও ইফতিখারের বলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/২৩৫০ঘ.
bdnews24