২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুরুর হতাশা কাটিয়ে দিনটি ভারতের

গ্রীন পার্কের উইকেট প্রথম দিনেই দেখিয়েছে পক্ষপাতিত্ব। শুধু তাই নয়, সিরিজে সমতা ফেরাতে ভারত যেমনটি চেয়েছিল ঠিক সেভাবে স্পিনাররাই দেখিয়েছেন দাপট। সঙ্গে ইশান্ত শর্মাও জ্বলে ওঠায় কানপুর টেস্টের শুরুর দিনটিতে বোলারদেরই রাজত্ব। অথচ মধ্যাহ্ন বিরতির পরও চিত্রটা ছিল উল্টো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2008, 05:58 PM

Updated : 26 Aug 2022, 01:41 PM

কানপুর, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গ্রীন পার্কের উইকেট প্রথম দিনেই দেখিয়েছে পক্ষপাতিত্ব। শুধু তাই নয়, সিরিজে সমতা ফেরাতে ভারত যেমনটি চেয়েছিল ঠিক সেভাবে স্পিনাররাই দেখিয়েছেন দাপট। সঙ্গে ইশান্ত শর্মাও জ্বলে ওঠায় কানপুর টেস্টের শুরুর দিনটিতে বোলারদেরই রাজত্ব। অথচ মধ্যাহ্ন বিরতির পরও চিত্রটা ছিল উল্টো। হাশিম আমলাকে নিয়ে নিশ্চিন্তে এগোচ্ছিলেন গ্রায়েম স্মিথ। স্কোর তখন ১ উইকেটে ১৫২। কিন্তু যুবরাজ সিংয়ের একটু জোরের ওপর ছাড়া বল লাফিয়ে তার গ্লাভসে লেগে চলে যায় শর্ট লেগে দাঁড়ানো ওয়াসিম জাফরের হাতে। আউট! সেই থেকে শুরু প্রোটিয়াদের উইকেটে টিকে থাকার আপ্রাণ লড়াই। সে লড়াইয়ে তারা ব্যর্থ। তাই ২৬৫ রানেই অল আউট গ্রায়েম স্মিথের দল। তিনটি করে উইকেট নিয়েছেন ইশান্ত শর্মা আর হরভজন সিং। পিযূষ চাওলা পেয়েছেন ২ উইকেট। হিসেবে একটু আগে-ভাগেই শুরু হয়ে যায় স্পিনারদের দাপট। তৃতীয়-চতুর্থ দিনে পিচ স্পিন সহায়ক হতে পারে এমন সম্ভাবনা থেকে এ ম্যাচে অধিনায়ক অনিল কুম্বলেকে খুব বেশি আশা করেছিল ভারত। কিন্তু কুঁচকির সমস্যার জন্য শেষ পর্যন্ত তাকে দলে রাখা যায়নি। আরপি সিং বাদ পড়ায় তার জায়গায় ইনজুরি কাটিয়ে দলে ফেরেন অস্ট্রেলিয়া সফরে পন্টিংদের সম্ভাবনার ঝলক দেখিয়ে আসা ইশান্ত শর্মা। টেন্ডুলকারের জায়গায় নেয়া হয় যুবরাজ সিংকে আর কুম্বলের জায়গায় পীযূষ চাওলাকে। অন্যদিকে আহমেদাবাদ টেস্ট জিতে উপমহাদেশে সিরিজ জয়ের হ্যাটট্রিকের সম্ভাবনা জাগানো দক্ষিণ আফ্রিকা দলে কোনো পরিবর্তন নেই, উইনিং কম্বিনেশন ভাঙ্গেনি তারা। সকালে স্মিথ-ম্যাকেঞ্জি-আমলাদের স্বচ্ছন্দ ব্যাটিং দেখে মনে হচ্ছিল প্রথম দিনেই সিরিজে সমতা ফেরানোর আশা শেষ হয়ে যেতে পারে ভারতের। দিন শেষে ২ বা ৩ উইকেট হারিয়ে ৩০০ থেকে ৩৫০ রান তুলতে পারলে তা-ই হয়তো হতো আর প্রোটিয়াদের সূচনাটা হয়েছিলও সেরকম। মহেন্দ্র সিং ধোনি টস হেরে যাওয়ায় আহমেদাবাদের মতো এ ম্যাচের শুরুতেও ভারতই ছিল কোণঠাসা। একটু পার্থক্য যে ছিল না তা-ও নয়। দ্বিতীয় টেস্টের প্রথম দিনে টস হেরে ফিল্ডিংয়ে নেমে ভারতীয় ব্যাটসম্যানদের নাকাল করেছিলেন ডেল স্টেইনরা। এখানে টস জিতে ব্যাট করতে নেমে ভারতের বোলারদের নাকাল করছিলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা। প্রথম ব্রেক থ্রুর জন্য গলদঘর্ম হতে হয় বোলারদের । পীযূষ চাওলা নিল ম্যাকেঞ্জিকে (৩৬) ধোনির ক্যাচ বানিয়ে ৬১ রানে এনে দেন কাঙ্খিত সেই ব্রেক থ্রু। সেই ধাক্কা আমলে না নিয়ে বলের ওপর ব্যাটের দাপট প্রতিষ্ঠিত করে চলছিলেন স্মিথ আর হাশিম আমলা। মধ্যাহ্ন বিরতি পর্যন্ত তাই আর সাফল্যের দেখা পাননি বোলাররা। মধ্যাহ্ন বিরতির পরও অপেক্ষার পালা শেষ হচ্ছিল না। দ্বিতীয় উইকেট জুটিতে ৯১ রান তুলে স্মিথ চাওলার বলে ওভাবে বোকা না বনলে অপেক্ষার জ্বালা হয়তো আরোা দীর্ঘায়িত হতো। কিন্তু ১৫২ রানে দ্বিতীয় উইকেট হারানোর পর থেকে শুরু হয়ে যায় ব্যাটসম্যানদের আসা-যাওয়া। ইশান্ত শর্মার বলে বোল্ড হয়ে যান আমলা (৫১), জ্যাক ক্যালিসও হরভজনের বল না বুঝেই ব্যাটফুটে খেলতে গিয়ে বোল্ড। ১ উইকেটে ১৫২ থেকে ১৫২, ১৬০ এবং ১৬১ রানে তিন উইকেট হারিয়ে স্কোর হয়ে যায় ৪ উইকেটে ১৬১। এরপর আর বলার মতো কোনো জুটি গড়ে ওঠেনি। প্রিন্স (১৬), ডিভিলিয়ার্স (২৫), বাউচার (২৯), মরকেল (১৭), হ্যারিস (১২), স্টেইনরা (০) বলার মতো কিছু করতে না পারলে বড় জুটি হবে কীভাবে! অবশ্য ব্যাটসম্যানদের ব্যর্থকাকেই বড় করে দেখলে বোলারদের কিছুটা খাটো করা হয়। মধ্যাহ্ন বিরতির পর থেকে পিচ বুঝে ব্যাটসম্যানদের দুর্বলতাকে ভালোভাবেই কাজে লাগিয়েছেন তারা। নইলে হয়তো ২৪ রানে শেষ ৪ উইকেট হারিয়ে মাত্র ২৬৫ রানেই গুটিয়ে যেতো না দক্ষিণ আফ্রিকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/১৭২৯ ঘ.