ঢাকা, ৬ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- সেঞ্চুরি করেছেন ওপেনার ইমরুল কায়েস। সেঞ্চুরির অপেক্ষায় আছেন নাঈম ইসলামও। দুয়ে-মিলে গ্রামীণফোন একাডেমী কাপের প্রথম চারদিনের ম্যাচের তৃতীয় দিনটা নিজেদের করে নিয়েছে জিপি-বিসিবি একাডেমী। দক্ষিণ আফ্রিকান একাডেমী দলের ৩১১ রানের জবাবে দিনশেষে তারা মাত্র ৪ উইকেট হারিয়ে তুলেছে ৩১৯ রান। যশোর জেলা স্টেডিয়ামে স্বাগতিকরা লিড নিলেও ড্রকেই এখন একমাত্র পরিণতি মানতে হচ্ছে। কারণ বৃষ্টি এই ম্যাচের পুরো প্রথম দিনটাই কেড়ে নিয়েছিল।
৮ উইকেটে ২৯৫ রান নিয়ে তৃতীয় দিন শুরু করা প্রোটিয়া একাডেমী আর মাত্র ১৬ রান যোগ করেই অলআউট হয়ে যায়। পেসার নাজমুল হোসেন ৬৩ রানে ৪ উইকেট নিয়ে দলের সফলতম বোলার। এরপর ব্যাটিংয়ে নামা জিপি-বিসিবি একাডেমী দল ৪১ রানে হারায় ওপেনার জহুরুল ইসলাম অমির (১৯) উইকেট। সেখান থেকে ইমরুল অধিনায়ক নাসিরুদ্দিন ফারুককে (২১) নিয়ে দ্বিতীয় উইকেটে গড়েন ৫৯ রানের পার্টনারশিপ। ম্যাচ সেরা পার্টনারশিপটি অবশ্য গড়ে উঠেছে এর পরপরই। তৃতীয় উইকেটে ইমরুল আর নাঈম ইসলাম মিলে যোগ করেন ১৭৭ রান। ইমরুল ১৫১ রান করে আউট হয়ে গেলেও ৯৬ রানে অপরাজিত আছেন নাঈম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৮৫০ঘ.
bdnews24