২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আয়ারল্যান্ড সিরিজকেই প্রেরণা মানছেন আশরাফুল,সিডন্স

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চরম ব্যর্থতার পর আয়ারল্যান্ড সিরিজটা ভালো গেছে ঠিকই। তবে শনিবার দিবাগত রাত সাড়ে তিনটায় পাকিস্তান রওনা হওয়ার আগে বাংলাদেশের ব্যাটসম্যানদের নিয়ে নির্ভার থাকার উপায় নেই। ঘরোয়া ক্রিকেটে বেশ কিছু ম্যাচ খেললেও সেখানে তাদের ব্যর্থতাই বেশি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2008, 04:39 PM

Updated : 26 Aug 2022, 01:39 PM

ঢাকা, ৫ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চরম ব্যর্থতার পর আয়ারল্যান্ড সিরিজটা ভালো গেছে ঠিকই। তবে শনিবার দিবাগত রাত সাড়ে তিনটায় পাকিস্তান রওনা হওয়ার আগে বাংলাদেশের ব্যাটসম্যানদের নিয়ে নির্ভার থাকার উপায় নেই। ঘরোয়া ক্রিকেটে বেশ কিছু ম্যাচ খেললেও সেখানে তাদের ব্যর্থতাই বেশি। পাকিস্তানে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে এর প্রভাব পড়বে কিনা এ প্রশ্ন না ওঠার কোনো কারণ ছিল না। শনিবার দুপুরের সংবাদ সম্মেলনে মোহাম্মদ আশরাফুল প্রবল আশাবাদের মধ্যেই এর সমাধান খুঁজতে চাইলেন, "আয়ারল্যান্ড সিরিজের পর ঘরোয়া ক্রিকেটে পাঁচটি করে ম্যাচ খেলেছি আমরা। এখানে রান না পেলেও আশা করি সমস্যা হবে না। সব ক্রিকেটারই তো খেলার মধ্যে আছে।" ব্যাটসম্যানদের রানে না থাকা যে দুশ্চিন্তায় রেখেছে কোচ জেমি সিডন্সকে, এটা আঁচ করা গেল তার কথাতেই, "ঘরোয়া ক্রিকেটে ওদের রান না পাওয়া কিছুটা হতাশার তো বটেই। অনেকদিন খেলার মধ্যে থাকাটাও এর একটা কারণ হয়ে থাকতে পারে। অবশ্য এটা কোনো অজুহাত নয়।" পাশাপাশি পাকিস্তান দলে শোয়েব আখতার কিংবা মোহাম্মদ আসিফ নেই বলে সেখানে বাংলাদেশের সম্ভাবনাকেও বাড়িয়ে ধরতে রাজি নন এই অস্ট্রেলিয়ান কোচ। তার কথা, "এই সিরিজে শোয়েব আখতার বল করবেন না, এটা আমাদের জন্য একটা সুবিধা ঠিকই। অন্য যারা আছেন তাদের বলে হয়তো সেরকম গতি নেই। কিন্তু সুইংটা ওরা ভালোই করাতে জানেন।" বাংলাদেশ অধিনায়ক অবশ্য সামর্থ্যরে সেরা খেলাটা খেলতে পারলে নিজেদের দুয়েকটা জয়ের ব্যাপারে আশাবাদী। সাহস করে সে কথা বলেও ফেললেন, "আমরা আমাদের খেলাটা ঠিকমতো খেলতে পারলে দুয়েকটা ম্যাচ জিতেও যেতে পারি।" তবে সিডন্সকে সেরকম কিছু বলার ব্যাপারে একদমই আগ্রহী মনে হলো না, "আমি কোনো ভবিষ্যদ্বাণী করবো না। দলের পারফরম্যান্সে আরো বেশি উন্নতি এবং কমিটমেন্টই দেখতে চাইবো। দক্ষিণ আফ্রিকা সিরিজটা ভালো যায়নি। এবার চাইবো আয়ারল্যান্ডের বিপক্ষে পারফরম্যান্সের ধারাবাহিকতা পাকিস্তানে বজায় থাকুক।" আসন্ন সিরিজে ভালো করতে হলে ক্রিকেটারদের জন্য তার বেঁধে দেওয়া শর্তগুলো এরকম, "পাকিস্তানের মতো বড় দলের বিপক্ষে সফল হতে হলে দল হিসেবে 'ডিসিপ্লিনড' হতে হবে। 'টিম রুলস' অনুযায়ী খেলতে হবে। এই যেমন ব্যাটসম্যানদের ধৈর্য্য ধরে উইকেটে পড়ে থাকতে হবে। মারার জন্য সঠিক বলটা বাছাই করতে হবে। তেমনি বোলারদেরও সঠিক লাইন-লেন্থে বল করে যেতে হবে।" ব্যাটসম্যানদের উইকেটে পড়ে থাকলেই শুধু হবে না। রানও করতে হবে। এখানে অধিনায়ক আশরাফুলের কাছে রানের দাবিটা ক্রমেই উচ্চকিত হচ্ছে। নিজেও বুঝতে পারছেন অধিনায়ক হিসেবে সামনে থেকে দলকে ঠিক নেতৃত্ব দেওয়া হচ্ছে না। সেই বোধ থেকেই বললেন, "পাকিস্তান সফরে রানে ফেরার মধ্য দিয়ে আমি দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে চাই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এসি/১৫০৭ ঘ.