২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইপিএল-এ ও নিষিদ্ধ শোয়েব

আন্তর্জাতিক ক্রিকেটে তো নয়ই, ঘটনা পরম্পরায় মনে হচ্ছে টেন্ডুলকার-পন্টিং-স্মিথ- গাঙ্গুলীদের সঙ্গে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগও খেলা হবে না শোয়েব আখতারের! অথচ তাকে পাঁচ বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ ঘোষণা করার পরও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছিল 'রাওয়ালপিন্ডি এক্সপ্রেস' আইপিএল-এ খেললে তারা আপত্তি করবেন না। কিন্তু বৃহস্পতিবার আইপিএল চেয়ারম্যান ললিত মোদি সাফ বলে দিয়েছেন, নিষেধাজ্ঞা মাথায় নিয়ে শোয়েবকে খেলতে দেয়া হবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2008, 02:08 PM

Updated : 26 Aug 2022, 01:39 PM

নয়াদিল্লি, ৩ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আন্তর্জাতিক ক্রিকেটে তো নয়ই, ঘটনা পরম্পরায় মনে হচ্ছে টেন্ডুলকার-পন্টিং-স্মিথ- গাঙ্গুলীদের সঙ্গে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগও খেলা হবে না শোয়েব আখতারের! অথচ তাকে পাঁচ বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ ঘোষণা করার পরও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছিল 'রাওয়ালপিন্ডি এক্সপ্রেস' আইপিএল-এ খেললে তারা আপত্তি করবেন না। কিন্তু বৃহস্পতিবার আইপিএল চেয়ারম্যান ললিত মোদি সাফ বলে দিয়েছেন, নিষেধাজ্ঞা মাথায় নিয়ে শোয়েবকে খেলতে দেয়া হবে না। বিশ্বের দ্রুততম বোলারের মাথার ওপর থেকে যে নিষেধাজ্ঞা সহসাই উঠে যাবে সে আশাও দেখা যাচ্ছে না। ক্ষীণ যেটুকু আশা ছিল তা-ও মুছে দিয়েছে পাকিস্তান টেলিভিশনকে (পিটিভি) বলা পিসিবি চেয়ারম্যান নাসিম আশরাফের একটা কথা," শৃঙ্খলার প্রশ্নে পিসিবি কোনো আপোষ করবে না। খেলার চেয়ে তো কেউ বড় নয়!" তার এ মন্তব্যের একটাই অর্থ আর তা হলো, নিষেধাজ্ঞার বিরুদ্ধে শোয়েব আপিল করলেও পিসিবি তার সিদ্ধান্তে অটল থাকবে। পিটিভি'কে দেয়া সাক্ষাতকারে গত দুদিনে শোয়েবের পক্ষে নানা মহল থেকে যে আওয়াজ উঠেছে তার বিরুদ্ধেও মুখ খুলেছেন নাসিম আশরাফ। তার মতে যারা পিসিবির সিদ্ধান্তের সমালোচনা করছেন তাদের বক্তব্যে রাজনীতির গন্ধ আছে। তার মতে, ''বিষয়টিকে রাজনীতির বাইরে রেখে সবার উচিত (নিষেধাজ্ঞার) সিদ্ধান্তটা মেনে নেয়া।" ৫ বছরের নিষেধাজ্ঞা আরোপ করা কি ঠিক হয়েছে? শোয়েব আখতার তো বটেই, এমনকি ইমরান খান-জাভেদ মিয়াদাঁদদেরও এ বিষয়ে ভিন্নমত আছে। তবে তারা সিদ্ধান্তটাকে যত অযৌক্তিকই মনে করুন, তারকা ফাস্ট বোলারের অতীতের দিকে ইঙ্গিত করে তাকে পুরো যুক্তিসঙ্গত বলেই দাবি করেছেন নাসিম আশরাফ, "শোয়েবের ব্যাপারে বোর্ড খুব নমনীয় ছিল। আমরা তাকে শুধরানোর অনেক চেষ্টা করেছি। কিন্তু সে (শোয়েব) নিজের রাস্তা ছাড়েনি। ভুলে গেলে চলবে না যে শোয়েব শৃঙ্খলাভঙ্গের অনেকগুলো ঘটনা ঘটিয়েছে। পাঁচ বছরের সাজা তো একটা-দুটো নয়, ছয়টি অভিযোগের ভিত্তিতে দেয়া হয়েছে।" শোয়েবের সর্বশেষ অপরাধ পিসিবি'র কেন্দ্রীয় চুক্তিতে তাকে না রাখায় গত জানুয়ারিতে ক্রিকেট কর্মকর্তাদের প্রকাশ্যে সমালোচনা করা। অথচ গত বছর টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে মোহাম্মদ আসিফকে পেটানোর পর মুচলেকা দিতে হয় তাকে। মুচলেকায় বলতে হয়েছিল, পরের দুবছরে কোনো শৃঙ্খলাভঙ্গের অপরাধে জড়াবেন না। মাঠের বাইরের নানা ঘটনার জন্য বহুবার খবরে আসা গতি-তারকা সে অঙ্গীকার ভুলে সমালোচনামুখর হওয়াতেই তার ক্যারিয়ার শেষ করে দেয়ার মতো এই শাস্তি ঘোষণা করেছে পিসিবি। পিসিবির শাস্তির আদেশের বিরুদ্ধে খুব তাড়াতাড়িই আপিল করবেন শোয়েব। আপিলে সুফল না এলে আদালতে যাবেন বলেও জানিয়ে রেখেছেন। তবে এতদিন নিষেধাজ্ঞা, আপিল বা আদালত প্রসঙ্গের সঙ্গে আইপিএল-এ খেলা-না-খেলার কোনো সম্পর্ক ছিল না। কিন্তু ললিত মোদি বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ঘটনা যা-ই হোক নিষেধাজ্ঞা থাকলে শোয়েব টোয়েন্টি টোয়েন্টির এই আসরে খেলতে পারবেন না, "শোয়েবের খেলার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ওই নিষেধাজ্ঞা তুলে না নেয়া পর্যন্ত সে আইপিএল-এ খেলতে পারবে না।" আইপিএল-এ সৌরভ গাঙ্গুলীর কোলকাতা দলের সঙ্গে চুক্তিবদ্ধ শোয়েব আখতার। টুর্নামেন্ট শুরু হবে আগামী ১৮ এপ্রিল থেকে। কিন্তু ললিত মোদি আর নাসিম আশরাফের কথার যোগফলে এ আসরে শোয়েবকে দেখার সম্ভাবনা কি শূন্য হয়ে গেল? বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/১৯৫০ঘ.