২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইনজুরিগ্রস্থ ভারতের বিপক্ষে উইকেট স্বপ্ন দেখাচ্ছে প্রোটিয়াদের

এখানেও চেন্নাইয়ের বীরেন্দর শেবাগের ছায়া। অন্তত দক্ষিণ আফ্রিকার কোচের মনে তো তা আছেই। মিকি আর্থার তাই ঠিক করে রেখেছেন, তার বোলারদের বলা হবে শর্ট পিচে ফেলে বল সোজা ব্যাটসম্যানের শরীর বরাবর ছাড়তে। অনিল কুম্বলে তাতে চিন্তিত নন। সে কারণে অনেকের জানা কথাটাই বললেন আবার, "আমার মনে হয়, ওইটুকু সামাল দেয়ার যোগ্যতা ওর (শেবাগ) আছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2008, 05:14 PM

Updated : 26 Aug 2022, 01:39 PM

আহমেদাবাদ, ২ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এখানেও চেন্নাইয়ের বীরেন্দর শেবাগের ছায়া। অন্তত দক্ষিণ আফ্রিকার কোচের মনে তো তা আছেই। মিকি আর্থার তাই ঠিক করে রেখেছেন, তার বোলারদের বলা হবে শর্ট পিচে ফেলে বল সোজা ব্যাটসম্যানের শরীর বরাবর ছাড়তে। অনিল কুম্বলে তাতে চিন্তিত নন। সে কারণে অনেকের জানা কথাটাই বললেন আবার, "আমার মনে হয়, ওইটুকু সামাল দেয়ার যোগ্যতা ওর (শেবাগ) আছে। সর্বশেষ ইনিংসে ৩১৯ রান করেছে ও। সুতরাং যে কোনো পরিস্থিতি সামাল দেয়ার যোগ্যতা ওর অবশ্যই আছে।" ভারত অধিনায়কের দুশ্চিন্তা অন্য জায়গায়। শচীন টেন্ডুলকার খেলছেন না, দুই পেসার রুদ্র প্রতাপ সিং আর ইশান্ত শর্মার সঙ্গে ইনজুরি সমস্যার কারণে নিজের খেলাও এখন অনিশ্চিত। এটা ছেড়ে স্টেইন, মরকেলরা বল কোথায় ফেলবেন তা নিয়ে মাথা ঘামাবেন কি করে অনিল কুম্বলে! সেদিক থেকে গ্রায়েম স্মিথ একেবারে নিশ্চিন্ত। দলে কোনো চোট-সমস্যা নেই। তাই বুধবারের সংবাদ সম্মেলনে চট করলেই বলতে পারলেন দ্বিতীয় টেস্ট শুরুর আগে আহমেদাবাদে ভালো উইকেট ছাড়া তার আর কিছু চাওয়ার নেই , "সব ক্রিকেটারই চায় ভালো অর্থাৎ এমন একটা উইকেট যেখানে বল আর ব্যাটের একটা ভারসাম্য থাকে।" চেন্নাইয়ে ছিল ব্যাটের প্রাধান্য। তাই হাশিম আমলা, নিল ম্যাকেঞ্জিরা হেসে-খেলে সেঞ্চুরি করেছেন, বীরেন্দর শেবাগ সবাইকে ছাপিয়ে ইতিহাস নতুন করে লিখে হয়ে গেছেন দ্রুততম ট্রিপল সেঞ্চুরির মালিক। কিউরেটর জানাচ্ছেন, আহমেদাবাদে ব্যাটের দাপট এতটা দাপট দেখা যাবে না, বলও বেশ কথা বলবে। সেরকম উইকেটে যদি দুজন ব্যাটসম্যানের নামও আসে শচীন টেন্ডুলকার সেখানে থাকবেনই। ভারতের জন্য দুশ্চিন্তার কথা হলো, টেন্ডুলকারকে এ ম্যাচে পাওয়া যাচ্ছে না। সে জায়গায় দলে ডাকা হয়েছে মোহাম্মদ কাইফকে। সুযোগটা কে পাবেন? যুবরাজ না কাইফ? এটা জানতে বৃহস্পতিবার পর্যন্ত অপেক্ষায় থাকতেই হবে। শুধু এটা কেন, অনিল কুম্বলে জানিয়েছেন প্রথম টেস্টের সময় কুঁচকিতে যে চোট পেয়েছিলেন সেটা কাটিয়ে তার নিজের খেলা সম্ভব হবে কিনা তা জানতেও এক রাতের অপেক্ষাকে মানতেই হবে, "হ্যাঁ, অপেক্ষায় থাকতেই হবে আমাদের। বিষয়টা আগামীকাল (বৃহস্পতিবার) সকালে চূড়ান্ত করবো আমরা।" এদিকে টেন্ডুলকারের অনুপস্থিতিতে ব্যাটিং অর্ডারটা কী হবে তা অনেকটা ঠিক করে নিয়েছে ভারত। সচরাচর ছয় নাম্বারে ব্যাট করে অভ্যস্ত ভাঙ্গিপুরাপ্পু লক্ষণকে চার নাম্বারে নামতে দেখা যেতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/এমএম/ঘ.