২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম দুই ম্যাচে দলে নেই শোয়েব-আসিফ

এক জন শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অভিযুক্ত। অন্য জনের ফিটনেস সমস্যা। বাংলাদেশের বিপক্ষে প্রথম দুই ম্যাচের জন্য ঘোষিত পাকিস্তান দলে তাই জায়গা হয়নি শোয়েব আখতার ও মোহাম্মদ আসিফের। দুই গতি-তারকাকে ছাড়াই রোববার প্রথম দুটো ওয়ানডের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2008, 04:01 PM

Updated : 26 Aug 2022, 01:38 PM

করাচি, ৩০ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এক জন শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অভিযুক্ত। অন্য জনের ফিটনেস সমস্যা। বাংলাদেশের বিপক্ষে প্রথম দুই ম্যাচের জন্য ঘোষিত পাকিস্তান দলে তাই জায়গা হয়নি শোয়েব আখতার ও মোহাম্মদ আসিফের। দুই গতি-তারকাকে ছাড়াই রোববার প্রথম দুটো ওয়ানডের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। শোয়েবের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের বেশ কয়েকটা অভিযোগ উঠেছে কিছু দিন আগে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ডিসিপ্লিনারি কমিটির সামনে মঙ্গলবার শুনানিতে উপস্থিত থাকতে হবে তাকে। ব্যাপারটার মীমাংসা না হওয়া পর্যন্ত 'রাওয়ালপিন্ডি এক্সপ্রেস'কে দলের বাইরে রাখারই সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের নির্বাচকরা। অন্যদিকে গত অক্টোবর থেকে কনুইয়ের ইনজুরিতে আক্রান্ত আসিফ এখনো পুরোপুরি সেরে ওঠেননি। অবশ্য সিরিজের বাকি ম্যাচগুলোতে তাদের সুযোগ পাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেননি পাকিস্তানের প্রধান নির্বাচক সালাহউদ্দিন আহমেদ। শোয়েব-আসিফের অনুপস্থিতিতে দলের পেস-শক্তি বৃদ্ধির আশায় ফিরিয়ে আনা হয়েছে উমর গুলকে। গত নভেম্বরে ভারত সফরে দলের সঙ্গে থাকলেও পিঠের সমস্যার কারণে টেস্ট সিরিজের আগে দেশে ফিরে গিয়েছিলেন এই ডানহাতি পেসার। ফিরেছেন মিডল অর্ডার ব্যাটসম্যান বাজিদ খানও। ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্সের পুরস্কার হিসাবে প্রায় তিন বছর পর জাতীয় দলে ডাক পেলেন তিনি। বাংলাদেশ-পাকিস্তান ৫ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে ৮ এপ্রিল, লাহোরে। ওয়ানডে সিরিজশেষে একটি টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচও খেলবে দু দল। পাকিস্তান দল : শোয়েব মালিক (অধিনায়ক), সালমান বাট, নাসির জামশেদ, ইউনিস খান, মোহাম্মদ ইউসুফ, মিসবাহ-উল হক, শহীদ আফ্রিদি, কামরান আকমল, উমর গুল, সোহেল তানভির, রাও ইফতিখার, সোহেল খান, ওয়াহাব রিয়াজ, ফাওয়াদ আলম, বাজিদ খান ও সরফরাজ আহমেদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৩৫৮ঘ.