ঢাকা, ৩০ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- মোহামেডানকে বিমান টার্গেট দিয়েছিল মাত্র ১৭৫ রানের। তাতেই মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছিল যে বিমান বিধ্বস্ত হচ্ছে। কিন্তু তাদের রক্ষা করতে যাচ্ছিল প্রতিপক্ষ মোহামেডানই, ৬৫ রান তুলতেই তারা হারিয়ে ফেলে ৬ উইকেট। টপ অর্ডার ব্যাটসম্যানদের এই ব্যর্থতার লড়াইয়ে রাকিবুল হাসান এবং সোহরাওয়ার্দী শুভ যোগ দিলেন না। দিলেন না বলেই বিমানকে হারিয়ে প্রিমিয়ার ক্রিকেট লিগের শীর্ষস্থান ফিরে পেলো মোহামেডান। রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সপ্তম উইকেটে তাদের অবিচ্ছিন্ন ১১০ রানের পার্টনারশিপ দলকে ৪ উইকেটের জয় এনে দেয়ার পাশাপাশি বিমানকে দিয়েছে লিগের প্রথম হারের স্বাদও। আগের ম্যাচে আবাহনীকে হারিয়ে শীর্ষে পৌঁছা বিমানের পয়েন্ট তাই ১০ ম্যাচে ১৭-ই থেকে গেল। আর সমান ম্যাচে মোহামেডানের সংগ্রহ ১৮।
ভিক্টোরিয়া ও বিমানের কাছে টানা দুই হারের পর এদিন ১৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা আবাহনীও পেয়েছে জয়ের দেখা। বিকেএসপি দুই নাম্বার মাঠে ৩২৫ রানের পাহাড় গড়া বর্তমান চ্যাম্পিয়নদের কাছে ১০৫ রানে হার মানতে হয়েছে সোনারগাঁ ক্রিকেটার্সকে। বিকেএসপির এক নাম্বার মাঠে ইয়াং পেগাসাসের বিপক্ষে সূর্যতরুণের জয় ৩৬ রানের। এবারই প্রথম প্রিমিয়ারে খেলতে নামা বিকেএসপিকে ষষ্ঠ জয়ের দেখা পাইয়ে দিয়েছে মুশফিকুর রহিমের সেঞ্চুরি। ফতুল্লায় কলাবাগানকে ৯৬ রানে হারিয়ে ১৩ পয়েন্ট নিয়ে দেশের একমাত্র ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানটির অবস্থান এখন চার নাম্বারে। ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে পারটেক্সের ২৫৭ রান টপকে জিততে অবশ্য যথেষ্ট ঘাম ঝরাতে হয়েছে সিটি ক্লাবকে। তাদের জয় মাত্র ২ উইকেটের।
বিমানের ব্যাটিং ছিল তামিম ইকবাল সর্বস্ব। এই বাঁ হাতি ওপেনারের ৬৫ রান ছাড়া বিমানের ইনিংসে আর বলার মতো রান কেবল সানোয়ার হোসেনের (৩১)। এ কারণেই নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ১৭৪ রানের বেশি তুলতে না পারলেও এটাকেই যথেষ্ট বলে মনে করাচ্ছিলেন মাশরাফি বিন মর্তুজা। মোহামেডানকে ৬৫ রানে ৬ উইকেট হারানো দলে পরিণত করায় তার বিধ্বংসী বোলিংয়েরই সবচেয়ে বড় ভূমিকা।
উইকেটের ওপর ডাইভ দিয়ে আফতাব আহমেদকে (১৯) বানিয়েছেন রিটার্ন ক্যাচ। আর মোহামেডান অধিনায়ক মোহাম্মদ আশরাফুল বোকা বনেছেন তার ইনসুইংয়ে। ব্যাট উঁচিয়ে ছেড়ে দিতে গিয়ে বাংলাদেশ অধিনায়ক (৭) দেখেছেন বল বেলস উড়িয়ে নিয়ে গেছে। তার বোলিং ফিগারটাও দেখার মতো : ৮-২-১৪-৪। ম্যাচ জেতানো ব্যাটিং করা রাকিবুল আর শুভকে শেষদিকে মাশরাফির বোলিং সামলানোর পরীক্ষাটা দিতে হলে কে জানে অন্যরকম কিছু হতেও পারতো।
ড্রেসিংরুমে বিশ্রাম নিতে গিয়ে একটু বেশিই সময় নিয়ে ফেলা এই ফাস্ট বোলার পরে আর মাঠেই নামেননি। কারণ নামলেও নিয়মানুযায়ী বল করতে পারতেন না তিনি। মাশরাফি জানিয়েছেন শারীরিক সমস্যার কারণে তার বিশ্রামে যাওয়া জরুরী হয়ে পড়েছিল। আর ৬ উইকেট তুলে নেওয়ার পর বিমানের খেলোয়াড়দের মধ্যেও একটু আয়েশী ভাব চলে এসে থাকবে হয়তোবা। সেসময় তাদের ফিল্ডিংয়ে সেটার ছাপও দেখা গেছে। এই সুযোগ ভালোই কাজে লাগানো রাকিবুল (৫৫*) ও শুভ (৫৪*) ২০ বল বাকি থাকতেই জয়ের তীরে পৌঁছে দেন দলকে। এর আগে বোলিংয়েও ৪২ রানে ২ উইকেট নেওয়া শুভকে পাইয়ে দিয়েছে ম্যাচ সেরার স্বীকৃতি।
৩০ রানে ২ উইকেট নিয়েছেন আবাহনীর জিয়াউর রহমানও। তবে এই পেসারের ম্যাচ সেরা হওয়ার কারণ অবশ্যই তার বিধ্বংসী ব্যাটিং। ওপেনার মাহবুবুল করিম (৭৭), জুহুরুল ইসলাম (৮৪) ও নাজিমউদ্দিনদের (৪৩) কার্যকর ইনিংসের পরও আবাহনীকে তিনশো পার করিয়েছে আসলে জিয়ার মাত্র ১৯ বলে হার না মানা ৬০ রানের ইনিংসটি। এই ইনিংসে বাউন্ডারির মার মাত্র দুটো হলেও ছক্কা সাতটি!
এরকম বিধ্বংসী ব্যাটিং দেখেছে সুর্যতরুণ-পেগাসাস ম্যাচও। সূর্যতরুণের শামুসর রহমান ম্যাচ সর্বোচ্চ ৬৭ রানের ইনিংস খেললেও তা খেলতে তার লেগেছে ১১৪ বল। সেখানে নাজমুল হোসেন মিলনের অপরাজিত ৫৪ রান এসেছে মাত্র ১৮ বলে। চারটি বাউন্ডারি ও পাঁচ ছক্কার এই ইনিংসই সূর্যতরুণকে নিয়ে যায় ২৩৮ রানে। এরপর পেগাসাসকে ২০২ রানে শেষ করে দিয়েছে মোহাম্মদ ইউনুসের বোলিং। মাত্র ২০ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি। বিনোদনসঞ্চারী ব্যাটিং অবশ্য ম্যান অফ দি ম্যাচ বানিয়েছে নাজমুলকে।
বাজে ব্যাটিংয়ের জন্য জাতীয় দল থেকে বাদ পড়া মুশফিকুর রহিম খেলেছেন এবারের প্রিমিয়ার লিগের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসটি। ১৩৪ বলে তার ১৪৫ রানের ইনিংসটি বিকেএসপিকে ২৭৭ রানে নিয়ে যায়। জবাবে কলাবাগান ১৮১ রানের বেশি তুলতে পারেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০৫০ঘ.
bdnews24