২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ড্রয়ের দিকেই এগোচ্ছে ম্যাচ

বীরেন্দর শেবাগের 'মাস্টারপিস' ইনিংস শেষ হওয়ার পর থেকেই চেন্নাই টেস্ট ফিরেছে টেস্ট ক্রিকেটের মেজাজে। ১ উইকেটে ৪৬৮ নিয়ে দিন শুরু করা ভারত তাদের প্রথম ইনিংস শেষ করে ৬২৭ রানে। রাহুল দ্রাবিড় ২৫তম সেঞ্চুরি আর ১০ হাজার রানের মাইলফলকে না পৌঁছালে হয়তো ৮৭ রানের লিডও পেতোনা অন্তত সাড়ে সাতশ করার সম্ভাবনা জাগানো অনিল কুম্বলের দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2008, 04:22 PM

Updated : 26 Aug 2022, 01:38 PM

চেন্নাই, ২৯ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বীরেন্দর শেবাগের 'মাস্টারপিস' ইনিংস শেষ হওয়ার পর থেকেই চেন্নাই টেস্ট ফিরেছে টেস্ট ক্রিকেটের মেজাজে। ১ উইকেটে ৪৬৮ নিয়ে দিন শুরু করা ভারত তাদের প্রথম ইনিংস শেষ করে ৬২৭ রানে। রাহুল দ্রাবিড় ২৫তম সেঞ্চুরি আর ১০ হাজার রানের মাইলফলকে না পৌঁছালে হয়তো ৮৭ রানের লিডও পেতোনা অন্তত সাড়ে সাতশ করার সম্ভাবনা জাগানো অনিল কুম্বলের দল। ওই ৮৭ টপকে অবশ্য উল্টো ৪৪ রানে এগিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে তাদের স্কোর ১ উইকেটে ১৩১। স্মিথকে (৩০ বলে ৩৫) এলবিডব্লুর ফাঁদে ফেলে ইনিংসের একমাত্র সাফল্যটি পেয়েছেন হরভজন সিং। দিনের বাকি সময়টা পার করে দেন প্রথম ইনিংসে ৬ রানের জন্য সেঞ্চুরি মিস করা নিল ম্যাকেঞ্জি (৫৯*) ও সে ইনিংসের সেঞ্চুরিয়ান হাশিম আমলা (৩৫*)। পঞ্চম দিনে অতি-নাটকীয় কিছু না ঘটলে এ ম্যাচ ড্র-ই হওয়ার কথা। চিদাম্বরমে সকাল থেকেই কমতে থাকে ব্যাটের দাপট। বিশেষজ্ঞদের ভুল প্রমান করে 'ব্যাটসম্যানদের পিচ'-এ শুরু হয় বোলারদের তান্ডব। না, স্পিনার নয় চিদাম্বরম স্টেডিয়াম ম্যাচের চতুর্থ দিনে দেখেছে পেসারদের দাপট। প্রথমে মাখায়া এনটিনি (৩/১২৮) আর তারপর ডেল স্টেইন (৪/১০৪) হঠাৎ স্বরূপে ফেরায় টালমাটাল হয়ে পড়ে ভারত। লক্ষণের সঙ্গে ৪৬ রানের জুটি গড়ে দ্রাবিড় আউট হওয়ার আগ পর্যন্ত স্কোর যেখানে ছিল ৪ উইকেটে ৫৭৩ সেই ভারত অল আউট হয়ে যায় ৬২৭ রানে। শেষ ৬ উইকেট পড়ে মাত্র ৫৪ রানে। মাত্র ১৪ রানের মধ্যে ধোনি (১৬), কুম্বলে (৩), হরভজন (০) আর আর পি সিংয়ের (০) উইকেট নিয়ে শেষদিকে ভারতের সবচেয়ে বড় সর্বনাশটা করেন স্টেইন। তবে ভিভিএস লক্ষণ ৩৯ রান করার পর পল হ্যারিসের তৃতীয় শিকার না হলে তারপরও হয়তো আরো কিছু রান পেতো অনিল কুম্বলের দল। চতুর্থ দিনে সবার আগ্রহ ছিল শেবাগ লারার টেস্ট-সর্বোচ্চ ৪০০ রান ছাড়িয়ে যেতে পারেন কিনা সেদিকে। এনটিনির গুড লেংথের বল কভারের দিকে ড্রাইভ করতে গিয়ে প্রথম স্লিপে ম্যাকেঞ্জির হাতে ক্যাচ! এভাবে লারার রেকর্ড থেকে ৮১ রান দূরে থেমে গেলেও তার আগের ট্রিপল সেঞ্চুরিটিকে (৩০৯, বনাম পাকিস্তান, মুলতান, ২০০৩-০৪) ছাড়িয়ে শেবাগ ঠিকই সবচেয়ে বড় ইনিংস খেলা ভারতীয় হয়ে যান। স্টেইন, এনটিনি, মরকেলদের ঠান্ডা মাথার আগ্রাসী ব্যাটিংয়ে তুলোধুনো করে যে ইনিংসটা খেলেন তাতে কিছু রেকর্ড ছুঁতে না পারার হতাশায় তার না পুড়লেও হয়তো চলে। তৃতীয় দিন শেষে ভারতের স্কোর ছিল ১ উইকেটে ৪৬৮। আগের দিনের ৩০৯-এর সঙ্গে ১০ রান যোগ করে শেবাগ আউট হয়ে গেলেও ম্যাচে ওই ইনিংসের ঘোর যেন কাটেনি। তাই সারাদিন কত কি ঘটেছে অথচ কিছুই তেমন গুরুত্ব পায়নি। টেন্ডুলকার কোনো রান না করেই আউট েেহলন, রাহুল দ্রাবিড় টেস্ট ক্রিকেটের ষষ্ঠ এবং ভারতের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ১০ হাজার রান পূর্ণ করার পর ২৫তম সেঞ্চুরিও করলেন, কিন্তু এসব খুব একটা মনযোগ পেলো কই! বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/১৮১২ ঘ.