২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিজের ভূমিকা নিয়ে দ্বিধায় গাভাস্কার

নিজের ভূমিকা নিয়ে ইদানিং বেশ দ্বিধাগ্রস্ত সুনীল গাভাস্কার। মিডিয়ায় কলাম লেখার কাজ চালিয়ে যাবেন নাকি আইসিসি'র ক্রিকেট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন তা নিয়েই তিনি দ্বিধায়। ঘটনার সূত্রপাত গত জানুয়ারিতে ভারত-অস্ট্রেলিয়া সিডনি টেস্ট চলার সময়ে। সে সময় অ্যান্ড্রু সাইমন্ডসকে বর্ণবাদী গালি দেয়ার অভিযোগে হরভজন সিংকে সাসপেন্ড করেছিলেন ম্যাচ রেফারি মাইক প্রক্টর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2008, 01:48 PM

Updated : 26 Aug 2022, 01:38 PM

মুম্বাই, ২৯ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজের ভূমিকা নিয়ে ইদানিং বেশ দ্বিধাগ্রস্ত সুনীল গাভাস্কার। মিডিয়ায় কলাম লেখার কাজ চালিয়ে যাবেন নাকি আইসিসি'র ক্রিকেট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন তা নিয়েই তিনি দ্বিধায়। ঘটনার সূত্রপাত গত জানুয়ারিতে ভারত-অস্ট্রেলিয়া সিডনি টেস্ট চলার সময়ে। সে সময় অ্যান্ড্রু সাইমন্ডসকে বর্ণবাদী গালি দেয়ার অভিযোগে হরভজন সিংকে সাসপেন্ড করেছিলেন ম্যাচ রেফারি মাইক প্রক্টর। আর সব ভারতীয়র মতো গাভাস্কারও এটা মেনে নিতে পারেননি। আর পারেননি বলেই সর্বকালের অন্যতম সেরা ওপেনার তার লেখা এক কলামে প্রক্টরের তীব্র সমালোচনা করেছিলেন। গত সপ্তাহে অনুষ্ঠিত আইসিসি'র নির্বাহী বোর্ডের মিটিংয়ে এ ব্যাপারে আলোচনার পর গাভাস্কারকে যে কোনো একটি ভূমিকা বেছে নেয়ার উপদেশ দেয়া হয়েছে। কিন্তু টেস্ট ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসাবে দশ হাজার রানের মাইলফলক ছোঁয়া গাভাস্কার এ সম্পর্কে সিদ্ধান্তহীনতায় ভুগছেন। 'মুম্বাই মিরর' পত্রিকার সঙ্গে কথা বলার সময় সেই সিদ্ধান্তহীনতাই ফুটে উঠলো তার কণ্ঠে, "আমি লেখালেখি করতে ভালবাসি। টেলিভিশনে ধারাভাষ্য দিতেও পছন্দ করি। তবে সেই সঙ্গে আইসিসি'র কমিটিতে থাকার সুযোগকেও দারুণ মূল্য দেই। নিজেদের স্বাতন্ত্র্যে বৈশিষ্ট্যে খেলোয়াড়দের সঙ্গে বসা এবং টেকনিক্যাল কমিটিতে থাকা আম্পায়ারদের সঙ্গে কাজ করা দারুণ উপভোগ করি।" মিডিয়ার রিপোর্ট অনুযায়ী আগামী ২৯ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত অনুষ্ঠেয় আইসিসির বার্ষিক কনফারেন্স সপ্তাহে এই ইস্যু নিয়ে আবারো আলোচনা হওয়ার কথা। অথচ গাভাস্কার জানালেন সম্পূর্ণ ভিন্ন কথা, "আমি শুধু একটা কথাই বলতে চাই। বিসিসিআই (ভারতীয় ক্রিকেট বোর্ড) আমার সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। এবং তারা আমাকে জানিয়েছে যে গত সপ্তাহে আইসিসি'র মিটিংয়ে এ ধরণের কোনো সিদ্ধান্তই নেয়া হয়নি। আমি যত দূর জানি, এটাই হলো আসল কথা।" ক্রিকইনফোর সহায়তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৯৪৩ঘ.