নেপিয়ার, নিউজিল্যান্ড, ২৬ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - প্রথম ইনিংসে ৫৫ রানে ৫ উইকেট তারপর দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে ৪০ বলে ৭৭ রানের ঝড় -- সব মিলিয়ে স্বপ্নের অভিষেক। কিন্তু টিম সাউদির এমন টেস্ট অভিষেককেও আনন্দের হতে দেয়নি ইংল্যান্ড। বুধবার নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংস ৪৩১ রানে শেষ করে নেপিয়ার টেস্ট ১২১ রানে জিতে নিয়েছে মাইকেল ভনের দল। ফলে ২-১ ব্যাবধানে সিরিজটাও তাদের। ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য সিরিজ হওয়ার আনন্দে নাচতে দেখা গেল রায়ান সাইডবটমকে। মন্টি পানেসার নাচলেন ১২৬ রানে ৬ উইকেট নিয়ে ম্যাচ জেতানোর আনন্দে। প্রতিপক্ষের এমন উৎসবের দিনে সাউদির ৪ চার আর ৯ ছক্কার ক্যামিও ইনিংস তো অনেকটাই অর্থহীন।
ম্যাচ ইংল্যান্ড জিতলেও দিনের অনেকটা আলো কেড়ে নিয়েছেন টিম সাউদি। ১৯ বছর বয়সী পেসার অভিষেক টেস্টেই হয়ে গেছেন নিউজিল্যান্ডের দ্রুততম ফিফটির মালিক। মাত্র ২৯ বলে ফিফটি পূর্ণ করা সাউদি শেষ পর্যন্ত অপরাজিত থেকে যান ৭৭ রানে। শেষ ব্যাটসম্যান হিসেবে ক্রিস মার্টিন আউট না হলে হয়তো দেশের পক্ষে দ্রুততম সেঞ্চুরিও পাওয়া হয়ে যেতো তার, পানেসারের বোলিং বিশ্লেষণকে তখন নিশ্চয়ই আর দৃষ্টিসুখকর মনে হতো না।
৫৫৩ রানের প্রায় অসম্ভব লক্ষ্যের দিকে মঙ্গলবার চতুর্থ দিন শেষে ৫ উইকেট হারিয়ে ২২২ পর্যন্ত যেতে পেরেছিল নিউজিল্যান্ড। শেষ দিনে রস টেলর (৭৪), ব্রেন্ডন ম্যাককালাম (৪২) আর অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি (৪৩) আপ্রাণ চেষ্টা করেছেন ম্যাচ বাঁচাতে। কিন্ত আগের দিনের তিনটির সঙ্গে পানেসার আরো তিন উইকেট (টেলর, ম্যাককালাম আর জিতান প্যাটেল) যোগ করে সে চেষ্টা ব্যর্থ করে দেন। স্টিভেন ফ্লেমিংয়ের দেয়া ব্যাট হাতে সাউদি এমন তান্ডব শুরু করেছিলেন যে ইংল্যান্ডের এই বাঁ হাতি স্পিনারের বল বার বার আছড়ে পড়ছিল মাঠের বাইরে। তার এক ওভার থেকে ২৪ আর ৩ ওভার থেকে সাউদি ৪১ রান না নিলে পানেসারের বোলিং বিশ্লেষনটা অনেক ভালো দেখাতো।
প্রথম টেস্ট ১৮৯ রানে জেতার পর টানা দুটি ম্যাচ ১২৬ ও ১২১ রানে হেরে সিরিজও হেরে গেছে নিউজিল্যান্ড। এমন অভিজ্ঞতা অবশ্য নতুন নয় তাদের। ১৯৯৪-৯৫-এ দক্ষিণ আফ্রিকা আর ১৯৯৭-৯৮ মোসুমে শ্রীলঙ্কার বিপক্ষেও প্রথমে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত সিরিজ হেরেছিল তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/১৫৩২ ঘ.
bdnews24