ঢাকা, ২৬ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- মোহামেডানের জয়রথ যেখানে অব্যাহত, সেখানে প্রিমিয়ার ক্রিকেট লিগে প্রথম হারের মুখ দেখেছে আবাহনী। বুধবার বিকেএসপি দুই নাম্বার মাঠে কলাবাগানকে ৩৩ রানে হারিয়ে টানা অষ্টম জয় পাওয়া মোহামেডান পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরো মজবুত করেছে। তবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়নরা ভিক্টোরিয়ার কাছে ৪ উইকেটে হেরে গেছে। ওদিকে বিকেএসপি দুই নাম্বার মাঠে ওল্ড ডিওএইচএসের বিপক্ষে ৪৩ রানের জয় আবাহনীকে টপকে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে নিয়ে এসেছে বিমানকে। ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ইয়াং পেগাসাসকে ২ রানে হারিয়ে দ্বিতীয় জয় এসেছে সোনারগাঁও ক্রিকেটার্সের। ফতুল্লায় বিকেএসপির বিপক্ষে ৮৫ রানের জয় পেয়েছে সূর্যতরুণ।
মিরপুরে আবাহনীর ব্যাটসম্যানরা উইকেট ছুঁড়ে দিয়ে আসার প্রতিযোগীতায় মেতেছিলেন। একারণে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ১৬৩ রানের বেশি তোলা সম্ভব হয়নি তাদের পক্ষে। এরপর আবাহনীও ৬২ রানে ভিক্টোরিয়ার ৪ উইকেট তুলে নেওয়ায় ম্যাচটি জমে ওঠার ইঙ্গিত ছিল। কিন্তু পঞ্চম উইকেটে ফরহাদ হোসেন (৫৩) ও মাহমুদুল্লাহ রিয়াদের (৪৯*) একশো রানের পার্টনারশিপ বর্তমান চ্যাম্পিয়নদের আশায় জল ঢেলে দেয়। এর আগে বোলিংয়েও ২১ রানে ২ উইকেট পাওয়ায় রিয়াদের ভাগ্যেই জুটেছে ম্যাচ সেরার পুরস্কার।
এমন অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যাচ সেরা হয়েছেন মোহামেডানের পাকিস্তানি খেলোয়াড় আকিল আরশাদও। ব্যাট হাতে ৬১ রানের পর হাত ঘুরিয়ে ৩৯ রানে ৩ উইকেট। তবে কলাবাগানের বিপক্ষে মোহামেডানের ২৩৫ রান করায় রাকিবুল হাসানের ৮০ রানের ইনিংসটিরও অনেক বড় ভুমিকা। দুই ওপেনার নাজমুস সাদাত (৪৯) ও পাকিস্তানি রিক্রুট শাহবাজ বাট (৬৪) মিলে ১০৫ রানের দুর্দান্ত সূচনা দিলেও কলাবাগান তা ধরে রাখতে পারেনি। ২০২ রানে অলআউট হয়ে যায় তারা।
নাফিস ইকবাল (৬৩) ও মোশাররফ হোসেন রুবেলের (৫৪) ফিফটি এবং অলক কাপালির ৪২ রানে বিমান নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে তোলে ২৩৮ রান। জবাব দিতে নামা ওল্ড ডিওএইচএস ওপেনার সাকিব রাজ্জাকের কাছ থেকে ৬৫ রানের ইনিংস পেলেও অন্য ব্যাটসম্যানরা তেমন কিছু করতে পারেননি। তারওপর বিমানের পেসার নিয়াজ মোর্শেদও ৩৭ রানে ৪ উইকেট তুলে নিয়ে ডিওএইচএসের জেতার পথ বন্ধ করে দেন। একারণে ম্যান অফ দি ম্যাচও তিনিই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০৫৫ঘ.
bdnews24