জর্জটাউন, গায়ানা, ২৬ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ৪৩৭ রানের লক্ষ্য তাড়া করে ওয়েস্ট ইন্ডিজ জিততে পারবে কিনা গায়ানার দর্শকরা এখনো মনে হয় এ নিয়ে ভাবতে শুরু করেননি। করবেন কী করে ম্যাচ বাঁচানোর লড়াই-ইযে শেষ হচ্ছে না ক্যারিবীয়দের! চতুর্থ দিনে ২৮০ রানে প্রথম ইনিংস শেষ করে কোনো রকমে ফলো অন এড়িয়েছে তারা। তারপর শ্রীলঙ্কা চটজলদি (৫৭ ওভারে) ৭ উইকেটে ২৪০ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করায় জয়ের আগে ম্যাচ বাঁচানোর চেষ্টা শুরু করতে হয়েছে তাদের। রামনরেশ সারোয়ান (৩৪*) আর ডোয়াইন ব্রাভোর (৪৬*) প্রতিরোধে চতুর্থ দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১ উইকেটে ৯৬। জিততে হলে এখনো ৩৪১ রান করতে হবে তাদের।
শ্রীলঙ্কা ৮ উইকেটে ৪৭৬ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করায় আগের দিনই ফলোঅন এড়ানোর কাজ প্রায় সেরেই রেখেছিল ওয়েস্ট ইন্ডিজ। যে ৮ রান বাকি ছিল বুধবার তা করার পর অবশ্য বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি ড্যারেন পাওয়েল (১২)। তাকে বিদায় করে চামিন্ডা ভাস (৩/৪৮) আর মুত্তিয়া মুরালিধরণের (৩/১১২) মিরান্ডো থুরাসাও পেয়ে যান ৩ উইকেট (৩/৫৯)।
প্রথম ইনিংসের ১৯৬ রানের লিডকে যত তাড়াতাড়ি সম্ভব বাড়িয়ে নিতে নেমে আগের ইনিংসের সেঞ্চুরিয়ান মালিন্দা ওয়ার্নাপুরার কাছ থেকে আবার চমৎকার এক ইনিংস উপহার পায় শ্রীলঙ্কা। তার ৬২ আর সামারাবীরার ৫৬ শ্রীলঙ্কাকে পৌঁছে দেয় স্বস্তিকর একটা জায়গায়, যেখানে গিয়ে ইনিংস ঘোষণা করতে একটুও বাধেনি জয়াবর্ধনের।
দিনের শেষে তার মুখে হাসি ফুটিয়েছিলেন ভাস। কিন্তু ওপেনার ডেভন স্মিথকে (১০) থুরাসার অসাধারণ ক্যাচে ফিরিয়ে দেয়ার আনন্দ পরে ফিকে হয়ে যায়। শেষ দিনে ব্রাভো-সারোয়ানেরা সে হাসি একেবারে মুছে দিতে পারেন কিনা সেটাই দেখার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/১৭১৮ ঘ.
bdnews24