চেন্নাই, ২৫ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- 'রূপান্তরিত' বীরেন্দর শেবাগ এখন আগের চেয়ে অনেক বেশি ধীর-স্থির, স্থিতধী। নেমেই আক্রমণ করার মনোভাবটা যেন উধাও! ক্রিকেট-ভক্তরা তো বটেই, সতীর্থরাও অস্ট্রেলিয়ার মাটিতে পরিবর্তিত 'বীরু'কে দেখে অবাক। অ্যাডিলেডে শেষ টেস্টে ১৫১ রানের এক দুর্দান্ত ইনিংস খেলে টেস্ট ক্রিকেটে ফেরা শেবাগ অবশেষে জানালেন তার রূপান্তরের কথা। শুরু থেকে আক্রমণাত্মক ব্যাটিংয়ে রাশ টেনে ধরার কৌশলই অস্ট্রেলিয়ায় সাফল্য পেতে সাহায্য করেছে বলে তার বিশ্বাস।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অভিষেক টেস্টে দুর্দান্ত এক সেঞ্চুরি পাওয়া শেবাগ এখন পর্যন্ত ভারতের একমাত্র ট্রিপল সেঞ্চুরিয়ান। অথচ খারাপ ফর্মের মাশুল দিয়ে টানা তিনটি টেস্ট সিরিজে দলে জায়গা হয়নি তার। গত বছর বাংলাদেশ ও ইংল্যান্ড সফর এবং দেশের মাটিতে পাকিস্তানের সঙ্গে সিরিজে বাদ পড়ায় খানিকটা হতোদ্যম হয়ে পড়েছিলেন তিনি। তবে হতাশায় ভেঙ্গে পড়েননি। বরং অতীতের দিকে তাকিয়ে নিজেই নিজেকে অনুপ্রেরণা যুগিয়েছেন, "(দল থেকে বাদ পড়া) মেনে নেয়া মানসিক এবং কৌশলগত দু দিক দিয়েই আমার পক্ষে খুব কঠিন ছিল। আমার মানসিক অবস্থা তখন ভালো ছিল না। তখন নিজেই নিজেকে বললাম, অতীতে যেহেতু ভালো করেছি বর্তমানেও আমার পক্ষে তা করা সম্ভব।"
তবে সাফল্যের দেখা পেতে এবার আর অতীতের পথে হাঁটেননি এক সময় ব্যাটে ঝড় তুলে 'গরীবের শচীন টেন্ডুলকার' থেকে আসল টেন্ডুলকারকেও একসময় কিছুটা ছায়ায় ঢেকে দেয়া শেবাগ। বরং খুঁজে নিয়েছেন অন্য একটা পথ, "আমি প্রথম বল থেকেই আক্রমণ করার চেষ্টা করতাম। যার জন্য (রান পেতে) লড়াই করতে হচ্ছিল। অস্ট্রেলিয়ায় আমি সময় নিয়েছি এবং ১৫/১৬ ওভার পর বোলারদের ওপরে চড়াও হয়েছি।"
তাতে সুফলও পেয়েছেন। ভারতের 'ঐতিহাসিক' পার্থ টেস্ট বিজয়ে তার অবদান ছিল ২৯ ও ৪৩ রানের। অ্যাডিলেডে শেষ টেস্টে তো তার ব্যাট একেবারে ক্ষুরধার! প্রথম ইনিংসে ৬৩ রান করে আগের টেস্টে ফিফটি না পাওয়ার জ্বালা মেটালেন। এবং তারপরই ১৫১ রানের এক চোখ-ধাঁধানো ইনিংস। ৫৪ টেস্টে ১৩টি সেঞ্চুরি সহ ৫০.৪৬ গড়ে ৪৪৪১ রানের মালিকের দৃঢ় বিশ্বাস, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজে ঐ ইনিংসটা তাকে ভালো খেলতে উদ্বুদ্ধ করবে অনেকখানি, "আমি এখন দারুণ আত্মবিশ্বাসী। টেস্টে আমার সর্বশেষ ইনিংসটা ছিল ১৫০ রানের। তাই কি করছি তা আমি ভালোমতোই জানি। প্রথম ঘন্টাটা টিকে থাকার চেষ্টা করবো, তারপর আক্রমণে যাবো।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এসি/১৮০০ ঘ.
bdnews24