গায়ানা, ২১ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ১০ টেস্টে ৫ জয়, ২ পরাজয়। অতীত রেকর্ড মাহেলা জয়াবর্ধনের মুখে হাসি ফোটানোর কথা। কিন্তু শনিবার দু টেস্টের সিরিজের প্রথমটিতে টস করার সময় তার হাসিটা কি সপ্রতিভ হবে? টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোয় সনাৎ জয়াসুরিয়া থাকছেন না। ইনজুরির জন্য খেলতে পারছেন না লাসিথ মালিঙ্গা, দিলহারা ফার্নান্দো আর ফারবিজ মাহরুফ। জয়াবর্ধনের চিন্তার কি শেষ আছে? শ্রীলঙ্কার ওই দুশ্চিন্তা বা দুর্বলতার জায়গাগুলোই ওয়েস্ট ইন্ডিজের সম্ভাবনা। কিসের? কেন, ভালো খেলার! জেতারও।
শ্রীলঙ্কার বিপক্ষে সেই ২০০৩ সালে সর্বশেষ সিরিজ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। দেশের মাটিতেই। গত ডিসেম্বরে খেলোয়াড়দের চোট-সমস্যায় কাহিল দল নিয়েও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খারাপ করেনি তারা। সিরিজ হেরেছিল ২-১ এ। এই সিরিজে সেটাও তাদের অনুপ্রেরণা। তবে সমস্যা তাদেরও আছে। ক্রিস গেইল, রামনরেশ সারোয়ান, শিবনারাইন চন্দরপল আর মার্লন স্যামুয়েলসকে নিয়ে গড়া তাদের ব্যাটিং লাইনআপ বেশ ভালো, তা ঠিক। কিন্তু পেড্রো কলিন্স সারের হয়ে ইংলিশ কাউন্টি খেলাই ঠিক মনে করায় ড্যারেন পাওয়েল, ফিদেল অ্যাডওয়ার্ড আর জেরোম টেলরের বোলিং জয়াবর্ধনে, সাঙ্গাকারাদের সমস্যায় না-ও ফেলতে পারে। শুরুতেই অনভিজ্ঞ দুই ব্যাটসম্যান মালিন্দা ওয়ার্নাপুরা আর মাইকেল ভ্যানডর্টকে ফিরিয়ে দিতে পারলে অবশ্য অন্য কথা।
বরাবরের মতো শ্রীলঙ্কার বোলিংয়ের সবচেয়ে বড় দুটি অস্ত্রের নাম চামিন্ডা ভাস আর মুত্তিয়া মুরালিধরণ। বল হাতে তাদের সহযোগী ভূমিকায় ইশারা অমরাসিংহে, থিলান থুসারা, নুয়ান কুলাসেকেরা বা চানাকা ওয়েলেগেদারা সুযোগ পেলে নিজেদের কতটা মেলে ধরতে পারেন সেটাই এখন দেখার।
ক্রিকইনফো'র সহায়তায়
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/২০৪৫ ঘ.
bdnews24