২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এখন আয়ারল্যান্ড সিরিজ নিয়ে বাংলাদেশের অনেক স্বপ্ন

বক্তব্য হুবহু এক। বক্তার নামটাই কেবল পাল্টে গেছে। গ্রায়েম স্মিথের জায়গায় মোহাম্মদ আশরাফুল। বাংলাদেশ থেকে ভারত সফরের প্রস্তুতি সেরে গেছে দক্ষিণ আফ্রিকা। প্রবল পরাক্রমশালী প্রোটিয়াদের কাছে বিধ্বস্ত বাংলাদেশ এবার আয়ারল্যান্ডকে সামনে পেয়ে সারছে তাদের আসন্ন পাকিস্তান সফরের প্রস্তুতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2008, 01:32 PM

Updated : 26 Aug 2022, 01:34 PM

ঢাকা, ১৯ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- বক্তব্য হুবহু এক। বক্তার নামটাই কেবল পাল্টে গেছে। গ্রায়েম স্মিথের জায়গায় মোহাম্মদ আশরাফুল। বাংলাদেশ থেকে ভারত সফরের প্রস্তুতি সেরে গেছে দক্ষিণ আফ্রিকা। প্রবল পরাক্রমশালী প্রোটিয়াদের কাছে বিধ্বস্ত বাংলাদেশ এবার আয়ারল্যান্ডকে সামনে পেয়ে সারছে তাদের আসন্ন পাকিস্তান সফরের প্রস্তুতি। বৃহষ্পতিবার আইরিশদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডের আগেরদিন বাংলাদেশ অধিনায়কের কথায় ফুটলো প্রস্তুতি চিন্তাই, "আরো দুটো ম্যাচ বাকি। আমি চাইবো পাকিস্তান যাওয়ার আগে ছন্দে ফেরার জন্য ব্যাটসম্যানরা এই ম্যাচগুলো কাজে লাগাক।" প্রথম ম্যাচটা অনেকদিন পর বাংলাদেশকে দিয়েছে জেতার অনুভূতি। আর ৮ উইকেটের অনায়াস জয়ের পরপরই বাংলাদেশ শিবিরে উঁকি দিয়েছে আরেক চিন্তা। অনেকদিন যে সিরিজ জেতা হয় না! বিশ্বকাপের ঠিক আগে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ সিরিজ জয়ের হাসি হেসেছিল বাংলাদেশ। হারারে থেকে ৩-১ এ সিরিজ জিতে ফেরা দলটি পরে বিশ্বকাপেও ভারত-দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে স্বপ্নকে সত্যি করেছিল। এরপর থেকে ক্রমশ নিুমুখী পারফরম্যান্স এমনকি আয়ারল্যান্ডের বিপক্ষে জয় নিয়েও চিন্তায় রেখেছিল সবাইকে। প্রথম ম্যাচ অন্তত সেই দুশ্চিন্তা দূর করেছে। আশরাফুলও তাই নিশ্চিন্তে বলতে পারছেন সিরিজ জয়ের কথা, "অনেকদিন পর সিরিজ জেতার সুযোগ আমাদের সামনে। দক্ষিণ আফ্রিকা সিরিজ আমাদের একদমই ভালো যায়নি। সবাই চাইছে এই সিরিজটায় আমরা জিতি। এজন্যই সিরিজ জয়টা আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ।" কিন্তু বাংলাদেশের সব সিরিজ জয় এখন পর্যন্ত কেবল ছোট দলের বিপক্ষেই। ২০০৬ এর ডিসেম্বরে দেশের মাটিতে জিম্বাবুয়েকে পাঁচ ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশের পর স্কটল্যান্ডকেও দুই ম্যাচের সিরিজে তাই করেছিল। ছোট দলের বিপক্ষে পেশী দেখানো এবং বড় দলের সঙ্গে খাবি খাওয়ার দিন কবে ফুরোবে, এ প্রশ্ন জাগেই। আশরাফুল এটাকে সময়ের হাতেই ছেড়ে দিচ্ছেন, "চেষ্টা তো আমরা করছিই। বড় দলগুলোর সঙ্গে পারতে আমাদের আরো সময় লাগবে।" তার আগে আপাতত ছোট দলের বিপক্ষে সিরিজ জয়ের নগদটাই গুণে নিতে চাইছে বাংলাদেশ। আর সিরিজ জেতার টার্গেট যেহেতু কাজেই সেটা নিশ্চিত করার আগে কোনো পরীক্ষা-নিরীক্ষায়ও যেতে চাইছে না বাংলাদেশ। প্রথম ম্যাচের একাদশটা তাই অপরিবর্তিত থাকবে বৃহস্পতিবারের দ্বিতীয় ম্যাচেও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৯২৫ঘ.