মুম্বাই, ১৮ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ম্যাথু হেইডেন বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন আগেই। এবার হরভজন সিংও জানালেন অস্ট্রেলীয় ওপেনারের সঙ্গে সন্ধি করতে তার কোনো আপত্তি নেই। শুধু হেইডেন নন, অ্যান্ড্রু সাইমন্ডসের দিকেও বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে তিনি রাজি।
সিবি সিরিজ চলার সময় দেয়া এক সাক্ষাতকারে হরভজনকে 'নোংরা জিনিস' বলে একেবারে হৈ-চৈ ফেলে দিয়েছিলেন হেইডেন। ক'দিন আগে অবশ্য জানিয়েছেন 'ভাজ্জি' সম্পর্কে অমন আপত্তিকর মন্তব্য করায় তিনি অনুতপ্ত। এবং আইপিএল-এ অংশ নিতে ভারতে যাওয়ার পর এই অফস্পিনারের সঙ্গে ঝামেলা মিটিয়ে ফেলতেই তিনি আগ্রহী। এখন হরভজনের কণ্ঠেও হেইডেনের কথারই প্রতিধ্বনি। মুম্বাইভিত্তিক ট্যাবলয়েড 'মিড ডে'কে দেয়া এক সাক্ষাতকারে সে কথাই জানালেন 'দ্য টার্বুনেটর' নামে পরিচিত হরভজন, "খেলার মধ্যে এ ধরনের ঘটনা হতেই পারে। সে (হেইডেন) আমার সঙ্গে ঝামেলা মিটিয়ে ফেলতে চাইলে আমি খুশিই হবো। মাঠের বাইরে তার সঙ্গে আমার কখনোই কোনো সমস্যা হয়নি। আমার সঙ্গে কথা বলতে এলে তাকে স্বাগতই জানাবো এবং খুশি মনেই কথা বলবো। আমার কাছে ব্যাপারটা পুরোপুরি মিটে গেছে।"
সাইমন্ডসের ওপরেও তার মনে আর কোনো ক্ষোভ নেই। সিডনি টেস্ট চলার সময় এই অস্ট্রেলীয় অলরাউন্ডার বর্ণবাদী মন্তব্য করার অভিযোগ এনেছিলেন হরভজনের বিরুদ্ধে। হরভজন অবশ্য শুরু থেকেই সাইমন্ডসকে 'বাঁদর' বলার অভিযোগ অস্বীকার করেছেন। তবে সে সব কথা এখন ভুলে যেতেই চাইছেন তিনি, "আমি প্রত্যেকের সঙ্গে বন্ধুত্ব করতে পারলে দারুণ খুশি হই। মাঠে যা হয়েছে তা মাঠেই ফেলে আসা উচিৎ। আমি এই ব্যাপারটাও পেছনে ফেলতে পারলে খুব খুশি হবো।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২১০৫ঘ.
bdnews24