মুম্বাই, ১৭ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অস্ট্রেলিয়া সফরে ভারতের সেরা আবিষ্কার নিঃসন্দেহে ইশান্ত শর্মা। গতির সঙ্গে সুইং মিশিয়ে অস্ট্রেলীয় ব্যাটসম্যানদের বারবার বিভ্রান্ত করে দলকে একাধিক সাফল্য এনে দিয়েছিলেন তিনি। কিন্তু ইনজুরির জন্য সেই ইশান্তকেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন টেস্ট সিরিজের প্রথমটাতে পাচ্ছে না তার দল। সোমবার ঘোষিত ১৪ সদস্যের ভারতীয় দলে রাখা হয়নি এই দীর্ঘদেহী পেসারকে।
অস্ট্রেলিয়া সফরের সময়ই পায়ের পাতা ও আঙ্গুলের ইনজুরি ভোগাচ্ছিল ইশান্তকে। দেশে ফেরার পর চিকিৎসকরা তাকে অন্তত তিন সপ্তাহ বিশ্রাম নেয়ার পরামর্শ দিয়েছেন। চেন্নাইয়ে ২৬ মার্চ থেকে প্রথম টেস্ট শুরু হওয়ায় তার খেলার কোনো সুযোগই নেই। ৩ এপ্রিল থেকে আহমেদাবাদে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টেও ইশান্তের খেলার সম্ভাবনা খুবই ক্ষীণ। খেললেও তার আগে ফিটনেস টেস্টে উৎরাতে হবে তাকে।
গ্রায়েম স্মিথের দলের মুখোমুখি হওয়ার আগে এই ইনজুরিই ভারতের সবচেয়ে বড় সমস্যা। সহ-অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও হরভজন সি ং দলে থাকলেও দুজনেরই ইনজুরি সমস্যা আছে। দুজনকেই ২১ মার্চ দাঁড়াতে হবে ফিটনেস টেস্টের সামনে। ধোনি ও হরভজনের ব্যাকআপ হিসাবে রাখা হয়েছে লেগস্পিনার পীযূষ চাওলা ও উইকেট কিপার-ব্যাটসম্যান দীনেশ কার্তিককে। স্পিনের বিপক্ষে প্রোটিয়া ব্যাটসম্যানদের দুর্বলতার কারণে সুযোগ দেয়া হয়েছে বাঁহাতি স্পিনার মুরালি কার্তিককে। ২০০৪ সালে সর্বশেষ টেস্ট খেলা কার্তিকও অবশ্য ইনজুরিতে আক্রান্ত। সোমবার দেওধর ট্রফির একটি ম্যাচে ফিল্ডিং করার সময় অ্যাঙ্কেলে ব্যথা পেয়েছেন তিনি।
এখানেই 'টিম ইন্ডিয়া'র ইনজুরি সমস্যার শেষ নয়। যুবরাজ সিং হাঁটুর ব্যথায় ভুগছেন বেশ কিছু দিন। তবে তারপরও টেস্ট দলে জায়গা ধরে রেখেছেন 'যুবি'। যদিও অস্ট্রেলিয়ায় ২ টেস্টে মাত্র ১৭ রান এসেছিল তার ব্যাট থেকে।
ইনজুরিজনিত এত সব সংশয়ের ভীড়ে ভারতের জন্য সুখবর রুদ্রপ্রতাপ সিংয়ের প্রত্যাবর্তন। হ্যামস্ট্রিং ইনজুরির জন্য সিবি সিরিজ মিস করেছিলেন এই বাঁহাতি পেসার। তবে ভারতের সবচেয়ে অভিজ্ঞ পেসার জহির খান এখনো ইনজুরি থেকে সেরে না ওঠায় সুযোগ পাননি দলে।
ভারতীয় দল : অনিল কুম্বলে (অধিনায়ক), ওয়াসিম জাফর, বীরেন্দর শেবাগ, রাহুল দ্রাবিড়, শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী, ভিভিএস লক্ষ্মণ, যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি, ইরফান পাঠান, হরভজন সিং, মুরালি কার্তিক, শ্রীশান্ত, রুদ্রপ্রতাপ সিং।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২০১০ঘ.
bdnews24