ঢাকা, ১৬ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- গত বছর প্রিমিয়ার লিগের মাঝপথে সড়ক দুর্ঘটনা অকালে কেড়ে নিয়েছিল মাঞ্জারুল ইসলাম রানার প্রাণ। প্রিয় সতীর্থ হারানোর শোককে শক্তিতে পরিণত করে পরদিনই (১৭ মার্চ, ২০০৭) যেমন জাতীয় দলের ক্রিকেটাররা ত্রিনিদাদে ভারতকে হারিয়ে শুরু করেছিলেন স্বপ্নের এক বিশ্বকাপ যাত্রা, তেমনি রানার আবাহনী সতীর্থরাও কম যাননি। লিগ শিরোপা জিতে সেটা উৎসর্গ করেছিলেন রানাকে। আগেরবার অধরা থেকে যাওয়া টোয়েন্টি টোয়েন্টির শিরোপা জয়ের দিনেও তাদের রানার কথা মনে পড়ে গেল খুব। রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সিটি ক্লাবকে ৬ উইকেটে হারিয়ে তাদের এই শিরোপা জয়ের দিনটা যে রানার প্রথম মৃত্যুবার্ষিকী। অধিনায়ক তুষার ইমরান ট্রফি নিয়ে এসেই বললেন, "এটা রানার জন্য।"
টস জিতে ব্যাটিংয়ে নামা সিটি ক্লাবকে শুরুতেই ব্যাকফুটে ঠেলে দেন পেসার জিয়াউর রহমান (৩/১৯)। প্রিমিয়ার টোয়েন্টি টোয়েন্টির সেরা খেলোয়াড়ের পুরস্কার পাওয়া জিয়া ২১ রানে ৩ উইকেট হারানো দলে পরিণত করেন সিটিকে। সেখান থেকে তাদের ২০ ওভারে ৭৯ রানে অলআউট হয়ে যাওয়ার কারণ আরাফাত সানির ঘূর্ণিজাদু। এই বাঁ হাতি স্পিনার মাত্র ১২ রানে ৫ উইকেট তুলে নিয়ে হয়েছেন ফাইনালের সেরা খেলোয়াড়। এরপর ওপেনার মাহবুবুল করিমের মাত্র ৭ বলে ২০ রানের ইনিংস আবাহনীকে দেখিয়ে যায় সহজ জয়ের পথ। ১৮.৩ ওভারেই লক্ষ্যে পৌছানোয় একপ্রান্ত আগলে রেখেছেন অন্য ওপেনার জহুরুল ইসলাম (২৩*)।
এর আগে সকালে তৃতীয় ও চতুর্থ স্থান নির্ধারণী ম্যাচে ভিক্টোরিয়াকে (২০ ওভারে ৭৮/৯) ৯ উইকেটে হারিয়েছে সূর্যতরুণ। মাত্র ৮.৫ ওভারেই তাদের লক্ষ্যে পৌছে দেয় শামসুর রহমানের ব্যাটিং তান্ডব। মাত্র ২০ বলে পাঁচ বাউন্ডারি ও তিন ছক্কায় ৪২ রান করে অপরাজিত থাকলেও ম্যান অফ দি ম্যাচ হয়েছেন পেসার দেলোয়ার হোসেন (২/১৫)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১৫৫ঘ.
bdnews24